চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

ছবি: আগামীর সময়
পণ্যবাহী ট্রেইলরের এক কর্মীকে মারধরের জেরে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা।
আজ সোমবার বিকাল ৩টা থেকে এই ঘটনা ঘটে। এরপর থেকে গেট দিয়ে কন্টেইনারবাহী পণ্য চলাচল বন্ধ আছে। পণ্যবাহী কাভার্ডভ্যান চলাচলও বন্ধ আছে।
শ্রমিকদের অভিযোগ, বন্দর গেট দিয়ে প্রবেশের পাস ইস্যুকে কেন্দ্র করে ট্রেইলর শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের সঙ্গে বন্দর গেটে কর্মরত সিকিউরিটি কর্মীর প্রথমে বাগবিতণ্ডা এরপর ধাক্কাধাক্কি হয়। এর জেরে পণ্য পরিবহন বন্ধ করা হয়। গেটে শ্রমিক বিক্ষোভের কারণে ভয়ে অন্য পণ্যবাহী গাড়ি চলাচলও বন্ধ আছে।
প্রাইম মুভারস শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল খায়ের জানালেন, ‘গেট পাসের ফি ৫৭ টাকার বদলে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। সমিতির কোষাধ্যক্ষ মোকতার হোসেনের কাছ থেকেও বাড়তি টাকা নেওয়ার প্রতিবাদ জানালে গেট থেকে এসে বন্দরের সিকিউরিটি কর্মীরা তাকে মারধর করেন। পাঁচ নম্বর গেটে এই ঘটনার পর আমরা বন্দরকে জানালে তারা এসে আমাদের আশ্বস্ত করে। মীমাংসার প্রস্তাব দেয়। এরপর আমরা সবাই চার নম্বর গেটে গেলে সেখানে আরেক দল আমাদের দিকে তেড়ে আসে। এরপর থেকে আমরা পণ্য পরিবহন বন্ধ করে দিই।’
চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিদিন অন্তত ৫ হাজার একক কন্টেইনারবাহী পণ্য ডেলিভারি হয়। জাহাজ থেকে নামিয়ে এই কন্টেইনার ট্রেইলরে করে গন্তব্যে নেওয়া হয়। বিকাল ৩টা থেকে এই পরিবহন বন্ধ আছে। শ্রমিকরা এখন উত্তেজিত হয়ে চার নম্বর গেটে অবস্থান করে বিক্ষোভ করছে।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিমকে ফোন দিলে তিনি জেনে মন্তব্য করবেন বলে আগামীর সময়কে জানান।



