সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

প্রতীকী ছবি
রাজধানীর সূত্রাপুরে কবি নজরুল সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন। আজ রবিবার বিকাল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম জাহাঙ্গীর হোসেন (৫০)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মালি।
আহত জাহাঙ্গীর হোসেনকে সন্ধ্যায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি লালবাগের আজিমপুর সমাজকল্যাণ গলিতে বসবাস করেন।
আহতের ছেলে তাওহীদ ইসলাম জানিয়েছেন, বিকালে তার বাবা কবি নজরুল সরকারি কলেজের গেটের সামনে দারোয়ান সুজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ওপর থেকে হঠাৎ কে বা কারা একটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে ছিটকে আসা স্প্লিন্টারে জাহাঙ্গীর হোসেনের মাথা ও চোখে জখম হয়।
তাওহীদ জানান, তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কবি নজরুল সরকারি কলেজেও খণ্ডকালীন কাজ করতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই মো. সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আহত ব্যক্তি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।




