শখকে পেশা বানাবেন যেভাবে

ফওজিয়া জাহান
শখও হয়ে উঠতে পারে আয়ের উৎস। পরামর্শ দিচ্ছেন ভলিউম জিরো লিমিটেডের আর্কিটেক্ট ও ফটোগ্রাফার ফওজিয়া জাহান
শখ ও পেশার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। আমরা শখের কাজ করি নিজের আনন্দের জন্য। পেশায় সেই কাজ করতে হয় দায়িত্ব, মান ও বাজার চাহিদা মাথায় রেখে। তাই কোনো কাজ ভালো লাগলে সেটিতে পেশাগতভাবে সফল হওয়া যাবে— এমন নিশ্চয়তা নেই।
ভালো লাগা থেকে দক্ষতা: শখকে পেশায় পরিণত করার প্রথম ধাপ হলো দক্ষতা তৈরি করা। কোনো কাজ ভালো লাগা গুরুত্বপূর্ণ; কিন্তু সেটুকুই যথেষ্ট নয়। ছবি তুলতে কেউ ভালোবাসতেই পারেন, কিন্তু পেশাদার আলোকচিত্রী হতে হলে ক্যামেরা, আলো, কম্পোজিশন, পোস্ট প্রসেসিং, ক্লায়েন্ট ম্যানেজমেন্টসহ অনেক কিছু শেখা দরকার। একইভাবে রান্না ভালোবাসা আর রেস্তোরাঁ পরিচালনা এক বিষয় নয়। লেখালেখির শখ থাকা আর নিয়মিত সম্পাদনা, গবেষণা ও নির্দিষ্ট সময়ের মধ্যে লেখা জমা দেওয়া আলাদা বিষয়। তাই শখ যখন পেশা হবে, তখন আনন্দের পাশাপাশি দক্ষতা ও শৃঙ্খলা যোগ করা জরুরি।
ভালোবেসে যে কাজ করছেন তার জন্য মানুষ অর্থ দিতে প্রস্তুত কি না তা জানা জরুরি
বাজার বোঝা: আপনি যে কাজ ভালোবাসেন, তার জন্য মানুষ অর্থ দিতে প্রস্তুত কি না, এই প্রশ্নের উত্তর জানা জরুরি। কনটেন্ট তৈরি, ফটোগ্রাফি, গ্রাফিকস ডিজাইন, হস্তশিল্প, বেকিং ফ্যাশন ইন্টেরিয়র ডিজাইনিং, সংগীত, লেখালেখি কিংবা অনলাইন শিক্ষার মতো অনেক ক্ষেত্রেই এখন শখ থেকে পেশা তৈরির সুযোগ রয়েছে। কিন্তু প্রতিটি ক্ষেত্রে রয়েছে প্রতিযোগিতা। তাই যাদের জন্য কাজ করছেন, তাদের চাওয়া সম্পর্কে জানা এবং সে কাজে অন্যদের তুলনায় নিজে কি ভ্যালু অ্যাড করতে পারেন— সে সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা দরকার।
শখ যখন ব্যবসা: শখের কাজকে পেশা হিসেবে নেওয়ার পর সেটি শুধু সৃজনশীল থাকে না; এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি। ক্লায়েন্ট খোঁজা, মূল্য নির্ধারণ, চুক্তি সম্পাদন, হিসাব রাখা, কর দেওয়া, প্রচারণা, সময় ব্যবস্থাপনা— সবই পেশার অংশ। অনেকেই এ পর্যায়ে এসে হতাশ হন। কারণ যে কাজ একসময় আনন্দ দিত, সেটি তখন প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার বাধ্যবাধকতা তৈরি হওয়ায় আগের মতো স্বতঃস্ফূর্ততা নাও থাকতে পারে। তাই শখকে পেশা করার আগে নিজেকে প্রশ্ন করা দরকার, ‘আমি কি এই কাজ শুধু ভালোবাসি, নাকি এর কঠিন ও একঘেয়ে অংশগুলো নিয়মিত করতে প্রস্তুত?’
শখকে পেশায় পরিণত করার প্রথম ধাপ হলো দক্ষতা তৈরি করা
ধীরে অগ্রসরের পথ: তবে শখকে পেশায় পরিণত করার অর্থ এই নয়— এক দিনেই নিজের বর্তমান পেশা ছেড়ে দিতে হবে; বরং অনেকের জন্য ধীরে আগানোই হতে পারে বাস্তবসম্মত পথ। প্রথমে অবসর সময়ে কাজটি সেরে নেওয়া আর নিজের কাজের একটি ভালো সংগ্রহ গড়ে তোলা, ক্লায়েন্টের কাছ থেকে ছোট পরিসরে কাজ নেওয়া, মানুষের প্রতিক্রিয়া বোঝা এবং ধীরে ধীরে আয়ের পথ তৈরি করা— এভাবেই হতে পারে একটি নতুন পেশার ভিত্তি। আয় শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সেটিকে পূর্ণকালীন পেশা বানানোও সবসময় বুদ্ধিমত্তার পরিচয় নয়। নিজের আর্থিক নিরাপত্তা বজায় রেখে, সময় নিয়ে এগোলে ঝুঁকি কমে; বাড়ে আত্মবিশ্বাস।
সাফল্যের সংজ্ঞা: সাফল্য মানেই বড় ব্যবসা বা বিপুল আয় নয়। কারও কাছে একটি হতে পারে নিজের কাজ নিয়ে নিয়মিত আয় করা, কারও কাছে নিজ সময়ের স্বাধীনতা, আবার কারও কাছে ভালোবাসার কাজটি দিয়ে মানুষের জীবনে মূল্য তৈরি করা। তাই অন্যের সাফল্যের মাপকাঠি দিয়ে নিজের পথ বিচার না করে নিজ লক্ষ্য পরিষ্কার করা জরুরি।



