২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

অসুস্থ তুলি
২৩ জন সদস্যের ভরণপোষণের দায়িত্ব পালন করেন তিনি। দলের কেউ অসুস্থ হলে ওষুধ কেনা থেকে শুরু করে সেবা-যত্ন সবকিছুই মায়ের মতো দেখভাল করেন। অথচ সেই গুরু মা তুলি নিজেই এখন অসুস্থ হয়ে শয্যাশায়ী। পায়ের অস্ত্রোপচারের পর চিকিৎসা চালিয়ে নিতে প্রয়োজন আরও প্রায় দেড় লাখ টাকা। ইতোমধ্যে ব্যয় করেছেন ৫০ হাজার টাকা। নিজের কোনো সঞ্চয় না থাকায় বাকি চিকিৎসার অর্থ জোগাড় করা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার।
তুলির বয়স প্রায় ৩৫ বছর। প্রায় দুই যুগ ধরে তিনি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সঙ্গে বসবাস করছেন। এর মধ্যে ১৫ বছর ধরে সাঘাটা উপজেলার তৃতীয় লিঙ্গের সদস্যদের গুরু মা হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তার অধীনে রয়েছেন ২৩ জন সদস্য। উপজেলার ভরতখালী ইউনিয়নের পরিত্যক্ত রেলওয়ে স্টেশনের সরকারি জায়গায় তাদের বসবাস। তবে তুলিরও একজন গুরু মা রয়েছেন। তার নাম মৌ। তিনি গাইবান্ধা জেলায় বসবাস করেন।
তুলিদের জীবিকা মূলত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নেচে-গেয়ে পাওয়া অর্থের ওপর নির্ভরশীল। বিয়ের অনুষ্ঠানে ৩০০ টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত আয় হয়। এ ছাড়া সন্তান জন্ম ও মুসলমানি অনুষ্ঠান থেকেও তাদের আয় আসে। তবে গ্রামাঞ্চলের অনুষ্ঠানে তেমন অর্থ পাওয়া যায় না। এসব আয় দিয়েই সদস্যদের খাবারসহ দৈনন্দিন খরচ মেটাতে হয়।
তুলি জানান, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সদস্যরা তাদের আয়ের অর্ধেক তাকে দেন। সেই অর্থের একটি অংশ জেলা পর্যায়ের গুরু মা মৌকেও দিতে হয়। অবশিষ্ট অর্থ দিয়ে দলের সদস্যদের ভরণপোষণ ও প্রয়োজনীয় খরচ বহন করেন তিনি। কোনো সদস্য অসুস্থ হলে তার ওষুধ কেনা, সেবা-যত্নসহ প্রয়োজনীয় দায়িত্বও পালন করেন তুলি। তার ভাষ্য, দলের সব সদস্যই তার কাছে সন্তানসম। তাদের তিন বেলা খাবারের দায়িত্ব তার।
তুলির এমন দায়িত্বশীল ভূমিকার কথা জানান দলের সদস্য রোমানাও। তিনি বললেন, ‘আমাদের গুরু মা আমাদের আগলে রাখেন। অসুখ-বিসুখ হলে ওষুধ কেনা, সেবা করা সবকিছুই আমাদের মায়ের মতো করে করেন তিনি। কিন্তু আমরা তার এই অসহায়ের সময় চিকিৎসার ব্যয় বইতে পারছি না।’
তবে সদস্যদের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জন্য কোনো সঞ্চয় গড়ে তুলতে পারেননি তুলি। বর্তমানে অসুস্থ হয়ে পড়ায় দলের সদস্যদের দায়িত্ব পালনের পাশাপাশি নিজের চিকিৎসার ব্যয় মেটানোও কঠিন হয়ে উঠেছে।
তুলির জন্মস্থান উপজেলার ধনারুহা গ্রামে। সেখানে তার বাবা-মা বসবাস করতেন। ২০১৭ সালে এক দুর্ঘটনায় তার ডান পায়ের হাড় ভেঙে যায়। অর্থাভাবে দীর্ঘদিন চিকিৎসা করাতে পারেননি তিনি। পরে পৈতৃক ভিটেমাটিসহ বাড়ি বিক্রির টাকা দিয়ে দুই সপ্তাহ আগে তার পায়ে অস্ত্রোপচার করা হয়। সরেজমিন গিয়ে দেখা যায়, বর্তমানে বাড়ির বিছানায় শুয়ে কাতরাচ্ছেন তিনি। ডায়াবেটিসসহ নানা রোগেও আক্রান্ত হয়েছেন।
তুলি জানান, চিকিৎসার জন্য প্রায় দুই লাখ টাকা প্রয়োজন। এর মধ্যে ইতোমধ্যে ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। প্রতি তিন দিনে তার ওষুধ কিনতেই প্রায় ৯০০ টাকা খরচ হচ্ছে। নিজের কোনো সঞ্চয় না থাকায় বাকি চিকিৎসার অর্থ জোগাড় করা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তিনি। মাঝপথে চিকিৎসা বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন।
করোনাকালেও তাদের আয়ের পথ বন্ধ হয়ে গিয়েছিল। সে সময় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলে তাদের ১০ বস্তা চাল সহায়তা হিসেবে দিয়েছিলেন। এরপর থেকে আর কোনো সরকারি বরাদ্দ পাননি বলে দাবি তুলির। তার দলের কোনো সদস্য নিয়মিত সরকারি ভাতা পান না বলেও জানান তিনি।
তুলির চিকিৎসা ও সরকারি সহায়তার বিষয়ে সাঘাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুজ্জামান খান জানান, চিকিৎসকের সনদসহ আবেদন করলে তাদের ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, ‘আমরাও চাই সমাজের এ ধরনের মানুষকে সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনতে।’
সরেজমিনে তুলির বাড়িতে গিয়ে দেখা যায়, পৈতৃক ভিটেমাটি বিক্রির পর তার বাবা-মাও রেলওয়ের সম্পত্তিতে থাকা বাড়িতে তার সঙ্গে বসবাস করছেন। তার বাবা বর্তমানে প্যারালাইসড হয়ে চলাচলে অক্ষম। মা হাঁটাচলা করতে পারলেও তিনিই অসুস্থ তুলির সেবা-যত্ন করছেন। অন্যদিকে তুলি নিজেও বাবা-মায়ের ভরণপোষণের দায়িত্ব পালন করছেন।
স্থানীয় এলাকাবাসীর পক্ষে কাজী নজরুল ইসলাম জানান, তুলি এখানে বসবাস শুরু করার পর থেকে তারা তাকে ও দলের সদস্যদের কখনো তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে আলাদা করে দেখেননি। তাদের সঙ্গে স্বাভাবিকভাবেই চলাফেরা করেন।
তুলি আরও জানান, তার দলের সদস্যদের অনেকেই কাজ করতে চাইলেও তাদের কেউ কাজে নিতে চান না। তৃতীয় লিঙ্গের পরিচয়ের কারণে তারা সামাজিকভাবে যথাযথ গুরুত্ব পান না। স্থানীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিরাও তাদের খোঁজখবর রাখেন না বলে আক্ষেপ করেন তিনি।
একদিকে ২৩ জন সদস্যের ভরণ-পোষণ, অন্যদিকে অসুস্থ বাবা-মায়ের দায়িত্ব সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি তুলি। দীর্ঘ ১৫ বছর ধরে সাঘাটার তৃতীয় লিঙ্গের সদস্যদের অভিভাবকের ভূমিকা পালন করা মানুষটির নিজের চিকিৎসাই এখন অনিশ্চিত। অনুষ্ঠাননির্ভর সীমিত আয় ও আর্থিক সংকটের মধ্যে তার পাশাপাশি অন্য সদস্যদের জীবনযাপনও নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে চলছে।



