সরকারি প্রাথমিক
জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

ছবি: আগামীর সময়
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় জামালপুরের নিয়োগবঞ্চিত ৫২ জনের মধ্যে দ্বিতীয় ধাপে একজনকে নিয়োগপত্র দেওয়ার পর বাকি ৫১ জনকে নিয়োগের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ দাবি জানালেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দেন জামালপুর পৌর শহরের ছোটগড় এলাকার চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত রেবেকা সুলতানা বললেন, 'একই নিয়োগ প্রক্রিয়ায় ৫১ জন নিয়োগবঞ্চিত রয়েছেন। দ্বিতীয় ধাপে একজনকে নিয়োগ দেওয়া হলেও বাকি ৫১ জনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’
চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হাফেজা ফাতেমাতুল জান্নাত, মো. সোহেল আলম, মীর আফিফা সুলতানা বললেন, ‘একই পরিস্থিতিতে থাকা শিক্ষকদের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করে নিয়োগের ব্যবস্থা করা হোক। আমরা কোনো বিশেষ সুবিধা চাই না। আমরা চাই ন্যায্যতা, স্বচ্ছতা এবং একই পরিস্থিতিতে সমান আচরণ।’
এ ছাড়া দ্বিতীয় ধাপে একজনকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অনুসরণ করা নীতিমালা ও প্রক্রিয়া স্পষ্ট করা এবং বাকি ৫১ জনের বিষয়ে জেলা প্রশাসন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানালেন তারা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথাও জানালেন শিক্ষকরা।




