বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক

ভাঙন ঠেকাতে ভূঞাপুরের বাগবাড়ী এলাকায় রাস্তার পাশে জিও ব্যাগ ফেলেছেন আতিকুর
প্রবাসের বিলাসী জীবনযাপন ছেড়ে নিজ দেশে মানুষের কল্যাণে উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যস্ত টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার আতিকুর রহমান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আতিকুর ভূঞাপুরের শতাধিক স্থানে রাস্তা সংস্কার করেছেন। এর মধ্যে রয়েছে বাগবাড়ী হাইস্কুল ও প্রাইমারি স্কুলসংলগ্ন রাস্তা, রুহুলী খেলনার মোড় থেকে আকরাম মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তা, কয়ড়া মধ্যপাড়া মসজিদ থেকে পূর্বদিকে নিকরাইল পর্যন্ত রাস্তা।
এ ছাড়া গোবিন্দাসী এবং রুহলী গ্রামের বিভিন্ন মোড়ে নলকূপ স্থাপন এবং ৮২টি মসজিদ ও মাদ্রাসার উন্নয়নকাজ করেছেন আতিকুর। এগুলোর মধ্যে রয়েছে চিতুলিয়াপাড়া জামে মসজিদ, বিলচাপড়া (ছয়ানিপাড়া), বিলচাপড়া (পাঁচানিপাড়া), কয়ড়া, গোবিন্দাসী এবং তানিয়া খাতুন মসজিদ।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকার রুহলী গ্রামের আজাহার আলীর ছেলে আতিকুর রহমান ইউরোপের দেশ পোল্যান্ডে ১৭ বছর কর্মজীবন কাটালেও দেশের মানুষের টানে ফিরে এসে নিজের অর্থায়নে এলাকায় বিভিন্ন উন্নয়নকাজ করছেন।
গোবিন্দাসী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সুঞ্জাব উদ্দিন তালুকদার বললেন, ‘আতিক নিজস্ব অর্থায়নে বিভিন্ন কাজ করায় স্থানীয় বাসিন্দাদের চলাচলের দুর্ভোগ কমেছে। পাশাপাশি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। চেয়ারম্যান-মেম্বাররা অনেক ক্ষেত্রে যে কাজ করতে পারেননি, আতিক নিজ অর্থায়নে সে কাজ করছেন।’
আতিকুর রহমানের ভাষ্য, ‘প্রবাসে থাকাকালে নিজ এলাকার স্মৃতি সবসময় মনে পড়ত। এলাকার মানুষের কথা চিন্তা করে আমি প্রবাসের বিলাসী জীবনযাপন ছেড়ে নিজের এলাকায় এসেছি দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে।’
আতিকুর জানালেন, গত এক বছরে বিভিন্ন উন্নয়নকাজে তিনি ১ কোটি টাকার বেশি ব্যয় করেছেন। শতাধিক স্থানে রাস্তা সংস্কারসহ ৮০টির বেশি মসজিদ-মাদ্রাসা, প্রায় ৩০টি কবরস্থান, ঈদগাহ মাঠ সংস্কার করেছেন। এ ছাড়া নলকূপ স্থাপন করেছেন প্রায় ৩০টি।
‘আমার এ উন্নয়নকাজ অব্যাহত থাকবে। ভবিষ্যতে বেকার তরুণদের কর্মসংস্থানের জন্য বড় পরিসরে কাজের পরিকল্পনা করছি’— যোগ করেন তিনি।
স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান বলেছেন, আতিক নিজের উপার্জিত অর্থ মানুষের কল্যাণে ব্যয় করছেন। তার এমন উদ্যোগে এলাকার মানুষ উপকৃত হচ্ছেন; তরুণদের মধ্যেও সমাজের জন্য কাজ করার আগ্রহ তৈরি হচ্ছে।
গোবিন্দাসীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি খবির উদ্দিনের ভাষ্য, আতিক যেভাবে উন্নয়ন কাজ করছেন, তা প্রশংসনীয়। তার মতো অন্য বিত্তবানরা এগিয়ে এলে এলাকার আরও উন্নয়ন হবে।
স্কুল শিক্ষার্থী রুবেল বলল, ‘আগে বৃষ্টি হলে আমাদের বাগবাড়ী স্কুলসহ পাশের আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হতো হাঁটুপানি ভেঙে। আতিক ভাই জিও ব্যাগ ফেলায় এখন আমাদের বিদ্যালয় যেতে কোনো সমস্যা হয় না।’
স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেছেন, আতিক যেভাবে উন্নয়নমূলককাজ করছেন, তা প্রশংসনীয়। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন খেলাধুলারও আয়োজন করেন। তার মতো আরও বিত্তবানরা এগিয়ে এলে এলাকার উন্নয়নের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনের পথ সুগম হবে।



