‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

ফাইল ছবি
‘তিনি কি কোনো মামলা করেছেন? করেননি’- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তিনি বলেছেন, ‘মামলা করা হয়েছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী তা জানেন না।’ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাগরিকদের নিরাপত্তাব্যবস্থার ‘বিচ্ছিন্নতা’ নিয়েও প্রশ্ন তুলেছেন এই কনটেন্ট ক্রিয়েটর।
আজ রবিবার বিকাল ৩টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেকে কটাক্ষ করে এ প্রতিক্রিয়া জানান সালমান মুক্তাদির, ঢাকায় যার স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে চলছে আলোচনা।
এর আগে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেছিলেন, ‘যিনি (সালমান মুক্তাদির) অভিযোগ করেছেন, তিনি কোনো মামলা করেছেন? তিনি তা করেননি। তিনি একপর্যায়ে বলেছেন, তার (সালমান মুক্তাদির) কাছে কেউ চাঁদা চায়নি। চাইলে নাকি দিতেন। এ রকম শুনেছি।’
বিএনপিকে ‘চাঁদাবাজ’ বলে যে অভিযোগ সালমান মুক্তাদির করেছেন, সেটা ঢালাও মন্তব্য বলে প্রত্যাখ্যান করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সালমান মুক্তাদির সুনির্দিষ্ট মামলা করলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’
এর জবাবে ভিডিও বার্তা দেন সালমান মুক্তাদির। বলেন, ‘দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা আপনার হাতে। এত বড় একটি দায়িত্বে থেকে আপনি যখন বললেন যে, আমি মামলা দায়ের করিনি, এটা হাস্যকর। এর মাধ্যমে আপনার ডিপার্টমেন্ট এবং পুরো সরকারকেই ছোট করে ফেললেন।’
‘প্রতিটি থানা আপনার আন্ডারে। আপনি জানেনও না যে মামলা দায়ের করা হয়েছে। আপনি কতটুকু ‘ডিটাচড’ আপনার নাগরিক এবং নিরাপত্তা প্রটোকলের সঙ্গে’, যোগ করেন সালমান।
মামলা কেন করা হয়নি এমন প্রশ্নও তুলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর জবাবও দিলেন সালমান। বললেন, ‘আমি আপনাকে পাল্টা প্রশ্ন করতে চাই— গতকাল রাত ৪টা পর্যন্ত এতগুলো মানুষ নিয়ে ক্যান্টনমেন্ট থানায় বসেছিলাম, সেই সময় থেকে আজ দুপুর পর্যন্ত মামলা করা হয়নি। আনটিল থিংস গট ভাইরাল, আপনার স্টেটমেন্ট আসে। এর আগ পর্যন্ত মামলা কেন হয়নি? এই প্রশ্নটা আমার, আপনার কাছে থাকার কথা, দেশবাসীরও। আপনার এটা উত্তর দিতে হবে, কেন সালাহউদ্দিন আহমদের আন্ডারে মামলা দায়ের করা হয়নি।’
‘আপনিও হেল্পলেস, আমিও হেল্পলেস’
নিজের অবস্থার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থার তুলনা করে সালমান বলেন, ‘দেখেন, আপনিও হেল্পলেস, আমিও হেল্পলেস। আপনিও কিছু করতে পারছেন না, আমিও কিছু করতে পারছি না।’
ঘটনার সঙ্গে আটক ব্যক্তিদের প্রসঙ্গে তিনি বলেন, ‘ওখানে যাদের আটক করা হয়েছিল, তারা মানুষের মাইর খেয়ে বিএনপির নাম বলে ফেলছে। এখন তারা ভাঙচুর করে বিএনপির নাম নিতে পারবে; আর আমি নিতে পারব না?’
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং নিজের অবস্থাকে একইভাবে দেখিয়ে সালমান বলেন, ‘আপনিও বিষয়টা হেসে হেসে উড়িয়ে দিচ্ছেন, আমিও হেসে হেসে উড়িয়ে দিচ্ছি। এটাই দেশ, এটাই বাংলাদেশ। আপনিও নাগরিক, আমিও নাগরিক।’
‘দুই ট্রাকে লোকজন গিয়ে স্টুডিওতে হামলা চালায়’
শনিবার দিবাগত রাতে দুই ট্রাকে লোকজন গিয়ে রাজধানীর ইসিবি চত্বরে ব্রাউনফিশ স্টুডিওতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ করেন সালমান মুক্তাদির। রাত পৌনে ২টায় ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে সালমান বলেন, ‘একটু আগে এখানে হামলা হয়েছে এবং পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে।'
সালমান পরে অভিযোগ করে বলেন, হামলাকারীদের মূল লক্ষ্য হয়তো ভবনের মালিক ছিলেন এবং তার কাছে হয়তো চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে।




