জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে অর্ধশতাধিক নেতাকর্মী আটক
আগামীর সময় প্রতিবেদক

ছবি: আগামীর সময়
জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলাকালে দলটির কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দলটি।
এ ছাড়া অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে বলেও অভিযোগ করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর গুলিস্তানে জাসদের কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে কেন্দ্রীয় প্রতিনিধি সভা শুরু হয়। সভায় দেশের বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলা শাখার নির্ধারিত প্রতিনিধিরা অংশ নেন।
জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন আগামী সময়কে বলেন, প্রতিনিধি সভা চলার সময় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আমাদের ওপর আতর্কিত হামলা চালায়। এতে জাসদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।
তিনি আরও বলেন, হামলার পর পুলিশ ঘটনাস্থল থেকে অনেককে আটক করেছে।




