আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা

সংগৃহীত ছবি
বিশ্বের প্রাচীন ও মর্যাদাপূর্ণ ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৪০টি দেশের ২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এখানে উচ্চশিক্ষা নিচ্ছেন। তাদের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন ৪ হাজারের বেশি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ৩০ হাজারের বেশি শিক্ষক পাঠদান করছেন।
বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরির পাশাপাশি তাদের আবাসন, খাবার, চিকিৎসা ও আর্থিক সহায়তায় নানা কর্মসূচি পরিচালনা করছে আল-আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ কাজে যুক্ত রয়েছে মিশরের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা।
এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশি শিক্ষার্থীরা বৃত্তি, মাসিক আর্থিক সহায়তা, বিনা মূল্যে আবাসন, খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাওয়ার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশাপাশি কোরআন হিফজ ও ইসলামি জ্ঞানচর্চায় আগ্রহীদের জন্য রয়েছে বিশেষ সহযোগিতা।
বৃত্তি ও আর্থিক সহায়তায় বিভিন্ন প্রতিষ্ঠান
আল-আজহারের বিদেশি শিক্ষার্থীদের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা বৃত্তি এবং আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সুপ্রিম কাউন্সিল ফর ইসলামিক অ্যাফেয়ার্স, কুয়েতি যাকাত হাউস, আজারবাইজান যাকাত হাউস, মিশরীয় যাকাত হাউস, ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ, সুফারা আল-হিদায়া অ্যাসোসিয়েশন এবং সাউদ আল-বাবতিন স্কলারশিপ ফর হায়ার এডুকেশন।
এ ছাড়া সাকানুন নাদওয়া ও হারামাইন মসজিদকেন্দ্রিক ছাত্রাবাসসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান বিদেশি শিক্ষার্থীদের আবাসন, খাবার ও আর্থিক সহায়তা দিয়ে থাকে।
এসব বৃত্তির আওতায় মাসিক ভাতা, বিনা মূল্যে আবাসন, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা পাওয়া যায়। তবে প্রতিষ্ঠানভেদে আবেদনের সময়, যোগ্যতা ও শর্ত আলাদা। কোনো কোনো ক্ষেত্রে আল-আজহারের সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানের বৃত্তি গ্রহণে বিধিনিষেধ থাকতে পারে। তাই আবেদনের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা জেনে নেওয়া জরুরি।
আল-আজহারের নিজস্ব আবাসন ও আর্থিক সুবিধা
বিদেশি শিক্ষার্থীদের জন্য আল-আজহারের নিজস্ব আবাসিক ব্যবস্থার নাম 'মদিনাতুল বুউস আল-ইসলামিয়া'। এখানে নির্বাচিত শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ বৃত্তির আওতায় বিনা মূল্যে আবাসন, খাবার ও চিকিৎসাসেবা পান। এ ছাড়া একাডেমিক কার্যক্রম শেষে দেশে ফেরার বিমান টিকিটসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়।
প্রচলিত সুবিধা অনুযায়ী, আবাসিক শিক্ষার্থীরা ব্যাংক হিসাবের মাধ্যমে মাসে প্রায় ১ হাজার ৫০০ মিশরীয় পাউন্ড এবং অনাবাসিক শিক্ষার্থীরা প্রায় ২ হাজার ৫০০ মিশরীয় পাউন্ড আর্থিক সহায়তা পান।
সুফারা আল-হিদায়া: বৃত্তি, আবাসন ও কোরআন হিফজের সুযোগ
বিদেশি শিক্ষার্থীদের জন্য আরেকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান সুফারা আল-হিদায়া। এখানে আবাসনের পাশাপাশি বিভিন্ন খাতে আর্থিক সহযোগিতা দেওয়া হয়। কোরআন হিফজ, তিলাওয়াত ও ইসলামি শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের ভিত্তিতেও শিক্ষার্থীদের বিশেষ সম্মানী বা হাদিয়া দেওয়া হয়।
শিক্ষার্থীর যোগ্যতা ও কার্যক্রম অনুযায়ী মাসিক আর্থিক সহযোগিতার পরিমাণ সাধারণত ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ মিশরীয় পাউন্ড। বিভিন্ন খাতের সহায়তা মিলিয়ে কোনো কোনো শিক্ষার্থীর মাসিক প্রাপ্তি ৪ হাজার ৫০০ পাউন্ড পর্যন্ত হতে পারে। এ ছাড়া কোরআন তিলাওয়াত ও নির্ধারিত অংশ শোনানোর জন্য প্রায় ৮০০ পাউন্ড এবং নিয়মিত শিক্ষামূলক ক্লাসে অংশগ্রহণের জন্য প্রায় ৬০০ পাউন্ড হাদিয়া দেওয়া হয়।
এসব ক্লাসে আরবি ভাষা, তাফসির ও হাদিসসহ বিভিন্ন ইসলামি বিষয়ে পাঠদান করা হয়। তবে আবাসিক সুবিধা পাওয়ার অন্যতম শর্ত হলো কোরআন হিফজের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ এবং নির্ধারিত নিয়মে কোরআন শোনানো।
আবাসিক শিক্ষার্থীদের প্রতিদিন তিন বেলা বুফে পদ্ধতিতে খাবার পরিবেশন করা হয়। সকালের নাশতায় থাকে রুটি, ডিম, দই, মধু, জেলি, সালাদ ও ফুল মেদামেসসহ বিভিন্ন খাবার। দুপুরে গরু, মুরগি, মহিষ বা খরগোশের মাংস, মাছ, সালাদ ও মৌসুমি ফল দেওয়া হয়। রাতের খাবারে থাকে রুটি, ডিম, দুধ, মধু ও বিভিন্ন মিশরীয় খাবার।
সাউদ আল-বাবতিন উচ্চশিক্ষা বৃত্তি
কুয়েতভিত্তিক 'সাউদ আল-বাবতিন স্কলারশিপ ফর হায়ার এডুকেশন' বিদেশি শিক্ষার্থীদের জন্য আরেকটি উল্লেখযোগ্য বৃত্তি। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিনা মূল্যে আবাসনের পাশাপাশি প্রতি মাসে ৪ হাজার ৭৫০ মিশরীয় পাউন্ড আর্থিক ভাতা পান।
সাকানুন নাদওয়া: আবাসন ও তিন বেলা খাবার
বিদেশি মুসলিম শিক্ষার্থীদের আবাসন ও খাবারের সুবিধা দিয়ে থাকে মিশরের হায়উল আশেরে অবস্থিত সাকানুন নাদওয়া। সৌদি আরবে অবস্থিত সদর দপ্তরের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। বর্তমানে এখানে ১৩ জন বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন। তাদের সবাই আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
সাধারণত প্রতিবছর আগস্টের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এখানে আবেদনের সুযোগ থাকে। কোনো কোনো বছর অক্টোবরের প্রথম দিন পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। আবেদনের ক্ষেত্রে বয়স ২৪ বছরের কম এবং আগের শিক্ষাবর্ষের ফলাফলে ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর থাকতে হয়।
আবেদন যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। এ সময় কোরআনের যেকোনো স্থান থেকে তিলাওয়াত করতে হয় এবং কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হয়। নির্বাচিত শিক্ষার্থীদের মুঠোফোনে বার্তার মাধ্যমে ফল জানানো হয়।
শিক্ষার্থীদের জন্য এখানে পরিচ্ছন্ন আবাসিক কক্ষ, খাট, আলমারি ও ফ্যানের ব্যবস্থা রয়েছে। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে ফ্রিজ, চুলা, পানির ফিল্টার, ওয়াশিং মেশিন ও গিজার। ছাত্রাবাসের ভেতরে রয়েছে মসজিদ। এ ছাড়া প্রতিবছর তিন দিনের শিক্ষাসফরের আয়োজন করা হয়।
এখানে দুপুরের খাবারে ভাতের সঙ্গে মুরগি, গরু বা মাছ, সালাদ ও মৌসুমি ফল পরিবেশন করা হয়। সকালের নাশতায় থাকে রুটি, সালাদ, ডিম, ফুল মেদামেস, তামেয়া ও ফ্রেঞ্চ ফ্রাইসহ বিভিন্ন মিশরীয় খাবার। রাতের খাবারে রুটির সঙ্গে দুধ, ডিম, হালুয়া, মধু, টক দই, মুরাব্বা, পনির, টুনা বা স্যামন মাছ, বিস্কুট ও কেক দেওয়া হয়।
হারামাইন মসজিদকেন্দ্রিক ছাত্রাবাস
মিশরের হায়উল তাসে, শারে আব্দুল মুতাজাল্লিতে অবস্থিত হারামাইন মসজিদকেন্দ্রিক ছাত্রাবাসটি পরিচালনা করছে 'জমঈয়ত আছদিকাহ আত ত্বালিব আল ওয়াফিদ' নামের একটি দাতব্য সংস্থা। বর্তমানে এখানে ১০ জন বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন।
এ ছাত্রাবাসে আবেদনের অন্যতম শর্ত হলো কমপক্ষে ১০ পারা কোরআন হিফজ থাকতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়।
নির্বাচিত শিক্ষার্থীদের জন্য মনোরম পরিবেশে আবাসনের ব্যবস্থা রয়েছে। সেখানে খাট, ফ্যান, আলমারি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ও গিজারের সুবিধা রয়েছে। এ ছাড়া মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারের খরচ বাবদ প্রতি মাসে ৩৫০ মিশরীয় পাউন্ড দেওয়া হয়। প্রতিবছর সাত দিনের শিক্ষাসফরেরও আয়োজন করা হয়।
এখানে সকালের নাশতায় রুটি, সিদ্ধ ডিম, সালাদ ও পনির দেওয়া হয়। দুপুরের খাবারে থাকে ভাত, মুরগি, গরু বা মাছ, সালাদ ও মৌসুমি ফল। রাতে রুটির সঙ্গে পরিবেশন করা হয় সিদ্ধ ডিম, সালাদ ও পনির।
বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়ক পরিবেশ
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থাগুলোর এসব উদ্যোগ উচ্চশিক্ষার পথ সহজ করছে। বৃত্তি, আবাসন, খাবার, চিকিৎসা ও আর্থিক সহায়তার পাশাপাশি কোরআন হিফজ এবং ইসলামি জ্ঞানচর্চার সুযোগও পাচ্ছেন শিক্ষার্থীরা।
বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এসব সহযোগিতা বিদেশের মাটিতে উচ্চশিক্ষা অব্যাহত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।





