ওরা টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

সালমান মুক্তাদির
চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে।
সালমান বলছিলেন, ওরা মূলত ভবনের মালিকের কাছে চাঁদা চেয়েছিল। টার্গেট করেছিল মালিককে। আমি মাঝখানে পড়ে গিয়েছি। ওরা হয়তো জানতো না এটা আমার স্টুডিও।
এক ভিডিও বার্তায় সালমান জানান, শনিবার মধ্যরাতে স্টুডিওটিতে হামলা ও লুটপাট চালানো হয়। এতে স্টুডিওর বিভিন্ন যন্ত্রাংশ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
সালমান দাবি করেন, দুর্বৃত্তরা স্টুডিওর সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রাংশ এবং কক্ষের অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। পাশাপাশি ভাঙচুর করে তছনছ করে ফেলে স্টুডিওর ভেতরের বিভিন্ন সরঞ্জাম।
এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরের একটি অফিসে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



