মুখোমুখি জয় গোস্বামী
বাংলাদেশের এ সময়ের কবিতার ভাষায় যে সাহস, তার দিকে আমি অবাক হয়ে তাকিয়ে থাকি

জয় গোস্বামীর জন্মদিন আজ। ছবি: সানজিদা ইসলাম পদ্মা
তাঁর সম্পর্কে বলা হয়, ‘কবিতাকে জনারণ্যে মিলিয়েছেন জয় গোস্বামী’। জন্ম ১০ নভেম্বর, ১৯৫৪ সালে কলকাতায়। ‘ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ’ (১৯৭৬), ‘প্রত্নজীব’ (১৯৭৮), ‘আলেয়া হ্রদ’ (১৯৮১), ‘উন্মাদের পাঠক্রম’ (১৯৮৬), ‘ভূতুমভগবান’ (১৯৮৮), ‘ঘুমিয়েছো, ঝাউপাতা?’ (১৯৮৯), ‘আজ যদি আমাকে জিজ্ঞেস করো’ (১৯৯৪), ‘বজ্রবিদ্যুৎ-ভর্তি খাতা’ (১৯৯৫), ‘ওহ স্বপ্ন’ (১৯৯৬), ‘পাগলী, তোমার সঙ্গে’ (১৯৯৪), ‘পাতার পোষাক’ (১৯৯৭), ‘বিষাদ’ (১৯৯৮), ‘যারা বৃষ্টিতে ভিজেছিল’ (১৯৯৮), ‘মা নিষাদ’ (১৯৯৯), ‘সূর্য পোড়া ছাই’ (১৯৯৯), ‘জগৎবাড়ি’ (২০০০), ‘প্রেতপুরুষ ও অনুপম কথা’ (২০০৪) তাঁর কবিতার বই। গদ্যেও কম যান না কবি। লিখেছেন ‘সেইসব শেয়ালেরা’, ‘মনোরমের উপন্যাস’, ‘হৃদয়ে প্রেমের শীর্ষ’ বা ‘সব অন্ধকার ফুলগাছের’ মতো দুর্দান্ত সব জনপ্রিয় উপন্যাস। গোঁসাইবাগান নামে কবিতাবিষয়ক গদ্য লিখেছেন দীর্ঘদিন ধরে। আনন্দ পুরস্কার পেয়েছেন দুইবার- ১৯৯০ ও ১৯৯৮ সালে। ‘বজ্রবিদ্যুৎ-ভর্তি খাতা’ কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার। হে উৎসবে যোগ দিতে সম্প্রতি ঢাকায় এসেছিলেন কবি। আতিথেয়তা নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও কবি শামীম রেজার। তাঁর বিশ্ববিদ্যালয়ের বরাদ্দকৃত বাসায় কবি জয় গোস্বামীর সাক্ষাৎকার নিয়েছেন কবি শিমুল সালাহ্উদ্দিন। সাক্ষাৎকারটির নির্বাচিত অংশ প্রথম প্রকাশিত হয়েছিল মাসুদ হাসান সম্পাদিত দৈনিক কালের কণ্ঠের সাহিত্য আয়োজন শিলালিপিতে।
শিমুল সালাহ্উদ্দিন : সাক্ষাৎকার শুরুর আগে আমি একটু পাঠ স্মৃতিচারণা করি, সেটা হলো, আপনি সম্ভবত ঢাকায় প্রথম আসেন ২০০৮-এ। তার পরেরবার কবি ব্রাত্য রাইসু আর আপনি একসঙ্গে কবি আল মাহমুদের বাসায় গিয়েছিলেন। আর এর আগেরবার যখন এলেন আপনি, তখন আমাদের প্রথম দশকের কয়েকজন কবির সঙ্গে আড্ডা দিয়েছিলেন একটা। এর মধ্যে কবি মাসুদ হাসান, জাহানারা পারভীন, মৃদুল মাহবুব ছিলেন, আপন মাহমুদ ছিলেন, আজ তাঁরা নেই, জাহিদ সোহাগও ছিলেন মনে হয়, ছিলেন আরো অনেকেই। আড্ডাটির বহু পরে আপন মাহমুদ ও মৃদুল মাহবুব সেই আড্ডার একটা বয়ান লিখেছিলেন। আপনার কবিতা পড়েছি আপনাকে পছন্দ করেই হোক বা না করেই হোক, সময় কম— সাক্ষাৎকারের প্রসঙ্গে আসি। আপনি এবার ষাটে পড়েছেন, একটা ডকুমেন্টারি দেখলাম ইউটিউবে, সুমিত দাস নামের একজন আপলোড করেছেন।
জয় গোস্বামী : টেলিভিশনে অনুষ্ঠান করবে বলে সবাই ইন্টারভিউ নেয়, ডকুমেন্টারি করবে বলে তো কেউ নেয়নি।
শিমুল সালাহ্উদ্দিন : ইউটিউবে এটা আছে। চারটা পর্বই আমি দেখলাম, চারটা পর্বে প্রায় ষাট মিনিটের মতো।
জয় গোস্বামী : এরা কেউ আমার কবিতা পড়েনি। ওই সুমিত দাসটাস, এদের কাছে আমার ষাট একটা ইভেন্ট এবং সাংবাদিকদের সারাক্ষণই ইভেন্ট দরকার হয়। ইভেন্ট সামনে এলে, কয়েকজনকে জিজ্ঞেস করে যাকে নিয়ে উপলক্ষ তাঁকে বলল, আপনাকে নিয়ে কিছু করব, কিছু বলুন, এভাবে সবাই কিছু কিছু বললে একটা ডকুমেন্টারি দাঁড়িয়ে গেল। এরপর সেটা ইউটিউবে তুলে দেওয়া গেল বা বেচা গেল।
শিমুল সালাহ্উদ্দিন : গতকাল ঘাঁটতে ঘাঁটতেই আমি দেখলাম প্রয়াত ঋতুপর্ণ ঘোষের সঙ্গে আপনি একটা আড্ডায় কথা বলছেন।
জয় গোস্বামী : একটা না, দুটো। ওর সঙ্গে আমার ভীষণ বন্ধুত্ব ছিল।
শিমুল সালাহ্উদ্দিন : ওখানে আপনি বলছিলেন যে সবার সঙ্গে আমি তর্ক করি না তুমি জানো, যে দু-একজন মানুষের সঙ্গে করি, তার মধ্যে তুমি একজন, প্রথাগত ইন্টারভিউগুলো আমাদের যে রকম হয়, একজন কবি বা সাহিত্যিককে ধরে, কবির শৈশব, কৈশোর, যৌবন এবং তাঁর কবিতায় কী কী ঘটে যায়- এসব জানতে চাওয়া, এসবই থাকে প্রশ্নে। আপনি দুই বাংলায় এতই পঠিত ও পরিচিত এবং এত ইন্টারভিউ দিয়েছেন যে খুব বেসিক একটা প্রশ্ন করলেও সেটা কমন প্রশ্ন হয়ে দাঁড়াবে। উইকিপিডিয়ায় দেখলাম খুব রেগুলার একটা বিবরণ দিয়ে আপনার বর্ণনা শুরু হয়েছে। ‘Joy Goswami is an Indian poet. Goswami writes in Bengali and is widely considered as one of the most important Bengali poets of his generation.’ একজন কবি হিসেবে আপনি জেনারেশন বা প্রজন্ম কথাটাকে কিভাবে ব্যাখ্যা করেন? আপনার জেনারেশন কোনটা?
জয় গোস্বামী : আমি সত্তরের দশকে লিখতে শুরু করেছি। এত দিন পরে এসে ইদানীং আর ব্যাখ্যা করি না। আমার যেটা অনুভূতি হয়, আমি সেটা প্রকাশ করি। তার জন্য ভাষা প্রয়োজন। আমি সেই ভাষাটা আয়ত্ত করেছি বলে মনে করি। আমি ব্যাখ্যা করি না। ব্যাখ্যা করার কাজটা অন্যদের। মানে প্রজন্ম কাকে বলে, তার আগের প্রজন্ম কী করেছে, পরের প্রজন্ম কী করবে-এই যে গবেষণামূলক অনুসন্ধান, এগুলো গবেষকরা করবে। তাত্ত্বিক যে সূক্ষ্ম জিনিসগুলো, এগুলো আমার কাছে কঠিন মনে হয়। লিখতে শুরু করার জন্য যে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা একটা ভিত্তি দরকার, তা আমার নেই। আমার প্রতিদিনের জীবনে মনের ভেতর যে ভাষা জন্মায়, যে অভিজ্ঞতা জন্ম নেয়, তাকে ভাষা দেওয়ার চেষ্টা করি। চেষ্টাই করি, পারি তা দাবি করি না। এত দীর্ঘ সময় ধরে লিখেছি। কিছু ছাপ তো থাকে, থাকেই। আর উইকিপিডিয়ার কথা বললে, ওখানের বিবরণটা আমি দেখিনি, আমি ইন্টারনেট ব্যবহার করি না। আমার মেয়ের জামাই আমাকে ইন্টারনেটের দরকারি কাজগুলো সেরে দেয়। এই ধরো কারো লেখা নামিয়ে পড়া বা লেখা পাঠানো- এগুলো। আমি এখনো তো হাতেই লিখি। সব। আর আমি কম্পিউটারে পড়িও না, আমাকে প্রিন্ট আউট করে দেয়, লেখা, বিমান টিকিট সব। সেগুলো নিয়ে আমরা ট্রাভেল করি। ব্যবহার বলতে ও আমায় গান শোনার ব্যবস্থা করে দিয়েছে ইন্টারনেটে। ইউটিউবে।
শিমুল সালাহ্উদ্দিন : সব কবিরই দেখা যায় একটা ঘটনাময় শৈশব থাকে। গোঁসাইবাগানে দীর্ঘদিন ধরে আপনি শৈশবের ঘটনাবলী লিখেছেন। আপনার বাবার হাতেই আপনার হাতেখড়ি কবিতায়!
জয় গোস্বামী : না না, এ সত্যি না। আমার আট বছর পাঁচ মাস বয়সে বাবা মারা যান। আমার মা একা আমাকে মানুষ করেন। কবিতা লিখি আমি ১৩-১৪ বছর বয়সে। ১৬-১৭ বছর বয়স থেকে লিখতে শুরু করি।
শিমুল সালাহ্উদ্দিন : আপনার কবিতা তো আপনার উত্তরসূরীদের ভয়ংকরভাবে প্রভাবিত করেছে। এখনো করছে। হয়তো করবেও। আপনার লেখালেখিতে প্রভাবক হিসেবে কাজ করছেন কোন কবিরা?
জয় গোস্বামী : আপনি হয়তো জেনে থাকবেন, আমি আমার পরের প্রায় সব লেখকের, একেবারে সাম্প্রতিকতম সময়ে যিনি লিখছেন, তাঁর লেখাও পড়ি। আমার মনে হয় না তাঁরা আমার দ্বারা প্রভাবিত। আমি প্রচুর বই কিনি যখনই নতুন কবিতার বই বেরোয়, আমার লোক ঠিক করা আছে, আমি বলি, তারা কিনে দেয়।
শিমুল সালাহ্উদ্দিন : দাদা, আপনি কোন কবিদের কাছে আসলে আপনার ঋণ স্বীকার করেন। কেউ তো স্বয়ম্ভূ না।
জয় গোস্বামী : না, কেউ না। স্বয়ম্ভূ কেউ না। আমি সবচেয়ে বেশি ঋণ অনুভব করি, ঋণ স্বীকার করি যার কাছে, যার না বলে যাদের বলা ভালো, তা কাব্য নয়, সংগীত। আমি ছোটবেলায় বাবার মুখে অনেক গান শুনতাম। একেবারে শিউলি শৈশবে। এখনো গীতবিতান, সমগ্র গীতবিতান আমার বালিশের পাশে থাকে। রবীন্দ্রনাথ, নজরুল, অতুলপ্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায়, রামনিধি গুপ্ত, লালন ফকির- এঁদের গান। আর গানের লোকদের পায়ে পায়ে ঘুরেছি সারা জীবন। সেই ছোটবেলা থেকেই। সাত-আট বছর বয়স থেকেই। তখন হাফপ্যান্ট পরি। আমার থেকে অনেক বড় মেয়েরা গান শিখত আমাদের পাড়ায়, আমি গিয়ে ওবাড়িতে দাঁড়িয়ে থাকতাম। আমি ছোট ছিলাম বলেই হয়তো তাঁরা বলতেন, আয় না, বোস। আমি তন্ময় হয়ে শুনতাম। কিন্তু ওই যে সুর, তার চেয়ে আমায় বেশি আকৃষ্ট করত বাণী। এ কারণেই হয়তো আমার মনে কথা আসত, ফলে আমি কবিতার দিকেই যাই। গানের দিকে নয়।
শিমুল সালাহ্উদ্দিন : ‘ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ’ আপনার প্রথম কবিতার বই। কিভাবে বেরোল এ বই?
জয় গোস্বামী : নিজের টাকায় করেছি। ১৪৫ টাকা খরচ হয়েছিল। মা দিয়েছিলেন বেশির ভাগটাই। ‘ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছে’ আটটি কবিতা ছিল। এই আটটি কবিতা দিয়ে যে একটি বই হতে পারে, সেই ধারণাটাই ছিল না তখন। নিজের সম্পর্কে কোনো উচ্চাশাই ছিল না যে আমার লেখা দিয়ে একটা বই হতে পারে। তা কেউ প্রকাশ করতে পারে। আমার দ্বিতীয় বই ‘প্রত্নজীব’, সেটাও আমার নিজের পয়সায় বের করি। মা টাকা দিয়েছিলেন বলে হয়েছিল। আমাকে প্রথম প্রকাশক চেনালেন শঙ্খ ঘোষ। আমার সঙ্গে প্রকাশকের প্রথম যোগাযোগ করিয়ে দেন তিনি। আমাকে বলেন, ‘কোনো প্রকাশক যদি তোমার এই কবিতাগুলো নিয়ে একটা বই বের করে তুমি কি রাজি আছ?’ শঙ্খদা আমাকে এটা বলায় আমি ভীষণ অবাক হয়ে যাই এবং আমি নগদ ১০১ টাকা পাই এ বইটা দেওয়ার জন্য। তার পর থেকে আজ পর্যন্ত আমাকে গত ৩০ বছরে আর কখনো নিজের বই নিজে বের করতে হয়নি, সব সময় কোনো না কোনো প্রকাশক করেছেন।
শিমুল সালাহ্উদ্দিন : আপনার ‘কবিতাই লিখব’ মনে হওয়া প্রথম দিনটার কথা যদি বলেন। রানাঘাট স্টেশন। ২২ অক্টোবর।
জয় গোস্বামী : ও মা, তুমি দেখি জগৎ ছেনে আমায় জেনে এলে। বাহ্! এটা বেশ লাগল আমার কাছে যে তুমি আমার কবিতা যত্ন নিয়ে পড়েছ। আমার হাতে সেদিন বুদ্ধদেব বসুর অনুবাদে রিলকের কবিতা ছিল। এক বালকের মামার বই স্টেশনেই আমাকে পড়তে দিয়েছিল। তখন কিছু কবিতা লিখেও ফেলেছি আমি। প্রবল ভাঙচুর চলছে নিজের ভেতরে।
শিমুল সালাহ্উদ্দিন : আপনার কবিতা যখন হয়ে ওঠে, সেই কবিতার মুহূর্তটাকে আপনি কিভাবে যাপন করেন?
জয় গোস্বামী : প্রচণ্ড আনন্দের সঙ্গে আমি যাপন করি। সেই মুহূর্তটার আরাধনাই আমি আসলে করেছি এই দীর্ঘ সময়। কবিমাত্রই জানবেন, কী অনির্বচনীয় আনন্দের মুহূর্ত সেটা। একটা কবিতা পাওয়ার আনন্দে কখনো কখনো আমার চোখ দিয়ে জল নেমে আসে গড়িয়ে।
শিমুল সালাহ্উদ্দিন : ‘অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে/হৃদি ভেসে যায় অলকানন্দা জলে’- কিভাবে এলো এই পঙক্তিমালা?
জয় গোস্বামী : লাইনগুলো আমার কাছে আসে। লাইনগুলো মাথার মধ্যে আসে। আর লাইনগুলোর মধ্যে এভাবে কলরব ঢুকে পড়ে। দুটি কলরব, একটি লাইন। তিনটি কলরব একটি লাইন। এভাবে কলরবগুলোকে সরিয়ে দিয়ে লাইনগুলোকে আলাদা করে নেওয়ার চেষ্টাটাই আমার সারা জীবনের চেষ্টা।
শিমুল সালাহ্উদ্দিন : আপনার একটা জনপ্রিয় কবিতা ‘জগতের আনন্দযজ্ঞে’। ওই যে, ‘জগতের আনন্দযজ্ঞে/পেয়েছি হাত সাফাইয়ের হাত/মিলেছি চোর সাধু ডাকাত/জগতের আনন্দযজ্ঞে’...সে কবিতায় আপনি শেষ দিকে এসে বলেছেন, ‘আমরা সব হারানো লোক/আকাশে ভাসিয়ে দিলাম চোখ/সাগরে ভাসিয়ে দিলাম চোখ/যা রে যা চোখ ভেসে যা দূর/আমার দূরের পলাশপুর/যেখানে বাংলাদেশের মন/ঘুমোলো মা-হারা ভাই বোন...’। এই যে বাংলাদেশের মন, পশ্চিমবঙ্গে থাকেন আপনি, বাংলাদেশ আপনার কবিতায় বারবার এসেছে, আসে, বাংলাদেশকে এতটা ধারণ করেন কিভাবে?
জয় গোস্বামী : তুমি খুব ভালো ধরেছ, শিমুল। ভৌগোলিক বা কাঁটাতারের সীমারেখা দিয়ে তো আর মন বেঁধে রাখা যায় না। ওই কবিতার শেষ দিকে কিন্তু আছে, ‘তখন ভেসেছে নৌকাটি/হাওয়ায় ভেসেছে নৌকাটি/তলায় বাংলাদেশের মাটি/মাটিতে আমরা কয়েকজন/আমরাই নির্ধনিয়ার ধন/পেয়েছি রাজকুমারীর মন’। এই যে তোমার সঙ্গে কথা বলছি, ওই যে শামীমের এমন আতিথেয়তা, সে তো আমি বাঙালি বলেই, হয়তো দু-চার লাইন লিখি সে জন্যই। ভূগোল যা-ই বলুক না কেন, বাংলাভাষী পুরো অঞ্চলই আমার বাংলাদেশ। যে ভাষার জন্য সালাম, বরকত রক্ত দিয়েছে, সে ভাষাটা আমার। সে দেশটাও আমারই তো।
শিমুল সালাহ্উদ্দিন : ‘মেঘ বালিকার জন্য রূপকথা’ কিংবা ‘মালতীবালা বালিকা বিদ্যালয়’ কিংবা ‘আজ যদি আমাকে জিজ্ঞেস করো’ তুমুল জনপ্রিয় দুই বাংলায়ই। আবৃত্তিশিল্পীদের কল্যাণে? আবৃত্তিকে আপনি কবিতার বা কবির সহায়ক মনে করেন? না শত্রু?
জয় গোস্বামী : আবৃত্তিযোগ্য সব কবিতা নয়। কিন্তু যে কবিতা আবৃত্তিযোগ্য নয় তাতে যে কিছু দুর্বলতা নেই এমন নয়। আবৃত্তিশিল্পীরা আমার প্রচুর কবিতা পড়েন, পড়েছেন। আমি তাঁদের ধন্যবাদ দিই। আমি স্বীকার করি, আমার জনপ্রিয়তা বলে যদি কিছু থাকে তাতে এই যে ব্রততীদের অবদান আছে। আবৃত্তিশিল্পী অবশ্যই কবিতার সহযোগী ও বন্ধু। কিন্তু হৃদয় থেকে অনুধাবন আর সামর্থ্য না থাকলে যেমন কবিতা দুর্বল হতে বাধ্য, তেমনি আবৃত্তিও। আমি বলছি ডেডিকেশনটা থাকলে হয়। আমি যে পেরেছি এমন নয়, তবে চেষ্টাটা করছি।
শিমুল সালাহ্উদ্দিন : আপনি প্রচুর বাসে ভ্রমণ করেন। আপনার উপন্যাসগুলো- ‘মনোরমের উপন্যাস’, ‘সেইসব শেয়ালেরা’, ‘সুড়ঙ্গ ও প্রতিরক্ষা’, ‘রৌদ্রছায়ার সংকলন’, ‘সংশোধন বা কাটাকুটি’, ‘সাঁঝবাতির রূপকথারা’, বা ‘সব অন্ধকার ফুলগাছ’- এসবের কাব্যিক এক ধরনের গদ্যভাষা আছে, যা আপনি আয়ত্ত করেছেন। গদ্যে, এমনকি কবিতায়ও দেখা যায় অভাব, দারিদ্র্য বা বঞ্চিত মানুষের জন্য আকুতি- এসব আপনার লেখায় প্রচণ্ডভাবে আসে। এটা কি শৈশবের জন্য?
জয় গোস্বামী : আমি তো রানাঘাটে বড় হয়েছি। কলকাতা শহরেও যদি আপনি হাঁটেন, বাসে করে যদি যান, আশপাশের শহরতলিগুলোতে, যথেষ্ট অভাব ও দারিদ্র্য দেখতে পাবেন। আমার চারপাশে যা কিছু আছে, তা-ই এসেছে আমার লেখায়। লেখায় আমি খুব কম বানিয়েছি।
শিমুল সালাহ্উদ্দিন : আপনার গদ্যে কিংবা কবিতায় পশ্চিমবঙ্গের মানুষদের কথাই উঠে এসেছে। আপনার সব গদ্যেই বড় বেশি আমির উপস্থিতি। এত বেশি আত্মজৈবনিক কেন?
জয় গোস্বামী : নিজের কবিতার দিকে ফিরে তাকাই, মানে, এই ধরুন গত পরশু বাংলা একাডেমিতে কবিতা পড়লাম। অনেকে অনেক পুরনো কবিতা পড়তে অনুরোধ করলেন। তখন আবার পড়া হলো কবিতাটা। কী কাণ্ড। কবিতা পড়তে, পড়েই আমি টের পেলাম কোন কোন বাক্য আমি বদলে দিচ্ছি। আমার লেখা আত্মজৈবনিক হওয়ার একটা বড় কারণ আমার বানিয়ে লেখার অক্ষমতা। বানিয়ে বানিয়ে বড় কিছু লিখতে আমার খুব ক্লান্ত লাগে। সে জন্য যে অনুপ্রেরণা ও বয়স দরকার, দুই-ই আমি ফেলে এসেছি পেছনে। আমার একক কবিতাপাঠের অনুষ্ঠান খুব একটা হয় না কলকাতা শহরে। খুব কমই হয়। সেখানে এখন যাঁরা প্রতিষ্ঠিত কবি, কলকাতার, হয়তো আমার থেকে ২০ বছরের ছোট, তাঁরা খুব কমই যান। বলা চলে, যান না। একেবারে সাধারণ মানুষ যান। হলঘর পরিপূর্ণ থাকে। একেবারে তরুণরা কেউ কেউ থাকেন।
শিমুল সালাহ্উদ্দিন : আপনি খোঁজখবর রাখেন, কোন তরুণ কবি কী লিখছে, কোথায় কোন ছোট কাগজ বেরোচ্ছে- এসব। প্রায় প্রতিটি লিটল ম্যাগ আপনি সংগ্রহ করেন এবং পড়েন। এত খোঁজখবর করার পরও কলকাতার লিটল ম্যাগের লোকজন আপনাকে বিশ্রীভাবে ট্রিট করে। আপনি আমাদের প্রথম দশকের কবিদের সঙ্গে আড্ডায় বলেছিলেন, কলকাতার লিটল ম্যাগের প্রতিষ্ঠানবিরোধীরা আপনাকে বেশ্যার দালাল বলে!
জয় গোস্বামী : হ্যাঁ, বলেছিলাম এবং ঘটনাটা তা-ই। এবং এটাকে আমি আমার জীবনের ভবিতব্য বলে মেনে নিয়েছি। কারণটা হচ্ছে আমার স্বভাব। আমার জীবন হচ্ছে ধারাবাহিক বিচ্ছেদের মালা গাঁথার ইতিহাস। আমার মাস্টার মশাই, আমার মা, আমার ভাই, আমার বন্ধু, নারী, সহকর্মী, যাঁরা আমার জীবনে এসেছেন, তাঁরা কেউ আমাকে নিয়ে সুখী নন। তাঁরা কোনো না কোনো কারণে হতাশ বা আমাকে নিয়ে ক্লান্ত।
শিমুল সালাহ্উদ্দিন : এর কারণ কী? আপনি গভীর মনোযোগের মধ্যে থাকেন, এ জন্য? আপনি হঠাৎ হঠাৎ কোথায় যেন তন্ময় হয়ে যান, হয়তো সংবেদন কাজ করে না তখন, এ জন্য? মানে ভাবের মধ্যে ডুবে যাওয়া যাকে বলে!
জয় গোস্বামী : নিশ্চয়ই আমার স্বভাবের মধ্যে ভয়ানক কোনো ত্রুটি আছে। এটা কি কখনো হতে পারে যে বাকি সবাই ভুল করছে, আমি একা ঠিক করছি! ৬০ বছর বয়সে এসে কিছু কর্তব্যবোধ কাঁধে বর্তায়, বলা যায় না যে বাকি সবাই ভুল করছে, আমি ঠিক করছি। এটাকে নিয়তি বলে মেনে নিয়েছি। আমার কাজ অন্যের কবিতা পড়া, অন্যের গান শোনা, আমি সে কাজগুলোই করছি। লিখছি। বই বেরোচ্ছে। যখন প্রকাশক আমাকে বই বেরোনোর কিছুদিন যাওয়ার পর স্টেটমেন্ট পাঠান, স্টেটমেন্ট দেখে আমি বুঝি যে মানুষ আমার লেখা পড়ছে। আনন্দ পাবলিশার্সের স্টেটমেন্ট দেখে আমি বুঝতে পারি। তারা আমাকে ঠিক সময় সেটা দেয়। তবে আমার কাছে যাঁরা আছেন, যেমন কাবেরী, আমার কন্যা, তার জামাই- ওদের কাছে আমি কৃতজ্ঞ।
শিমুল সালাহ্উদ্দিন : ‘ঘুমিয়েছ, ঝাউপাতা?’র উৎসর্গপত্রে লেখা, ‘যারা ভালোবাসে’। ভালোবাসে না কে? এ বইয়ের জন্য আপনি পেয়েছেন আনন্দ পুরস্কার। এ বইটাই বোধ হয় বদলে দিল আপনার কবিজীবন। বইটি বেরোনোর আগে এমন কাব্যগ্রন্থের নাম মনে হয় দেখেনি কেউ বাংলা ভাষায়। ঘুমিয়েছ কমা, তারপর ঝাউপাতা প্রশ্নবোধক। বইটা হাতে নেওয়ার পর একটা লাইন চমকে দিয়েছিল আমায়। ‘ঝাউগাছের পাতা, তোমার মিত্রাদিদি ভালোতো শিলচরে?’...এই যে লোকায়ত ভঙ্গিকে, জিজ্ঞাসাকে আপনি কবিতায় অনায়াসে ব্যবহার করে ফেলেন, এটা আপনার কবিতায় আত্মীকৃত হলো কবে প্রথম? এটা কি চেতন কোনো প্রয়াস ছিল?
জয় গোস্বামী : মিত্রা গোস্বামী বলে একজন আমাকে চিঠি লিখতেন। শিলচরে থাকতেন। দীর্ঘ দীর্ঘ সব চিঠি। আমার কবিতা খুব পছন্দ করতেন। অনেক সময়ই চিঠির উত্তর দেওয়া হতো না। তাঁকে মনে করে কবিতায় ও লাইনটা চলে এলো। ঠিকই ধরেছ তুমি, ‘ঘুমিয়েছ, ঝাউপাতা?’আমার কবিজীবনে বড় একটা মোড় নিয়ে এসেছে। পুরস্কারটা সামাজিকভাবে আমাকে কবি হিসেবে স্বীকৃত করেছে।
শিমুল সালাহ্উদ্দিন : দাদা, সময় খুব কম। প্রসঙ্গ রয়ে গেল অনেকগুলো। আপনি একটা রাইটার্স ওয়ার্কশপের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আপনার কাছে কী কী কারণে মনে হয় একটা কবিতা কর্মশালা সম্ভব? সেখানে তরুণ কবিরা রীতিমতো এন্ট্রি ফি দিয়ে কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন। কবিতা কর্মশালার অভিজ্ঞতা জানতে চাই আপনার কাছে।
জয় গোস্বামী : সেই অভিজ্ঞতাটা আমার ভালো না। কবিতা কর্মশালার আড়ম্বরটা অনেক বড় ছিল। এটা আমার করা উচিত হয়নি। সে সময় আমার এক প্রকাশক, আমার কয়েকটা বই তিনি করছিলেন। কবিতা কর্মশালা পুরো জিনিসটাই তাঁর মস্তিষ্কপ্রসূত। এত দিন পর মনে হয়, আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ভেবেছিলাম, ওখানে যারা আসবে তারা জানতে আগ্রহী। কিন্তু আমি অবাক হয়ে লক্ষ করলাম, অনেক প্রতিষ্ঠিত কবিও ওখানে এসেছেন। আসলে এসেছেন লেখা ছাপার মিশন মাথায় নিয়ে। রাইটার্স ওয়ার্কশপ করা থাকলে সংবাদপত্রে, টেলিভিশনে চাকরিবাকরি দ্রুত হবে, লেখা ছাপা হবে- এসবই ছিল বেশির ভাগের মাথায়, কবিতাটা ছিল না। ছাপার সুযোগ পাবে, এ কথাই তাঁদের অন্তরে ছিল। আমি কবিতা সম্পর্কে এখন যা ভাবি, কবিতা নিয়ে তখন যা ভাবতাম, তা আমি বলেছি ওদের। আমি বলেছি, আমার কবিতার সঙ্গে সব ধরনের শিল্পের সম্পর্ক আছে। আমার ও কর্মশালায় ঋতুপর্ণ ঘোষ বলতে এসেছিলেন, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার বলতে এসেছিলেন, অভিনেতা পরিচালক কৌশিক সেন বলতে এসেছিলেন, এভাবে বিভিন্ন শিল্পের মানুষকে আমি এক করেছিলাম কবিতাকে উদ্দেশ করে কথা বলতে।
শিমুল সালাহ্উদ্দিন : আইওয়াতে। আমাদের কবি মোহাম্মদ রফিক গিয়েছিলেন।
জয় গোস্বামী : হ্যাঁ, সেটা খুব ভালো ছিল। তিন মাস ছিলাম আমি সেখানে। সেখানে দেখেছি আমি, একজন নরওয়ের নারী কবির সঙ্গে একজন ফিলিস্তিনি কবির প্রেম হয়ে যাচ্ছে, যাদের ভাষা আলাদা, সব কিছু আলাদা। রাইটার্স ওয়ার্কশপে আমি সে রকম একটা পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম। উচ্চাঙ্গসংগীত এবং কাব্য, চলচ্চিত্র এবং কাব্য, চিত্রকলা এবং কাব্য, থিয়েটার এবং কাব্য এদের মধ্যে যে আন্তসম্পর্ক, এটা যত দিন একজন তরুণ কবি না বুঝবে, অনুধাবন না করবে, তত দিন তার দৃষ্টি প্রসারিত হবে না। নিজের ভেতর থিতু হওয়া যেমন দরকার, প্রসারিত হওয়াও দরকার। আমি যখন এমন বিভিন্ন শিল্প আঙ্গিকের সংশ্লেষণ নিয়ে ভাবছি ওয়ার্কশপের জন্য, তখন যারা এন্ট্রি ফি দিয়ে ভর্তি হচ্ছে তারা ভাবছে, এর ফলে আমাদের কবিতা প্রকাশের কী কী সুবিধা হবে, তখন তাদের কোনো দোষ নেই; আমারও কোনো দোষ কেউ দিতে পারবে না, কারণ মাঝখানে একটা বড় গ্যাপ ছিল, মানসিকতার গ্যাপ তো কেউ পূরণ করতে পারে না। ফলে আয়োজকরা সন্তুষ্ট হননি, আমার সঙ্গে পরবর্তী সময়ে আর যোগাযোগও করেননি। এই কর্মশালার সঙ্গে সংশ্লিষ্ট হওয়াটাই আমার একটা ভুল ছিল। ৩০০ টাকা এন্ট্রি ফি দিয়ে যে এসেছে সে তো কবিতা আলোচনার ওই মানসিক জায়গাটাতে পৌঁছায়নি, আমি সারা জীবন লিখে আসার পর সে জায়গাটায় পৌঁছেছি। ফলে এই গ্যাপ তুমি কিভাবে পূরণ করবে? আমার ভুল হয়েছে, তারা কি আশা করছে সেটা না জেনেই আমি সেখানে চলে গিয়েছিলাম। তাই এখন মনে করি, এই কাজটা আমার ঠিক হয়নি। কারণ আমার বয়স বেশি, ওদের বয়স কম। ওদের প্রতি আমার দায়িত্বও ঠিকভাবে পালন করেছি বলে মনে হয় না।
শিমুল সালাহ্উদ্দিন : আপনার প্রিয় কবি কারা?
জয় গোস্বামী : বাংলায় যাঁরা কবিতা লেখেন তাঁদের সবার কবিতাই আমি পড়ি। কারো কারো কবিতার প্রতি আমার শ্রদ্ধা একটু বেশি। যেমন- রবীন্দ্রনাথ ঠাকুর ও শঙ্খ ঘোষ। আরো অনেকে আছেন, যাঁদের আমি শ্রদ্ধা করি। কেউ হয়তো কম লিখেছেন ভালো লেখা, কেউ বেশি।
শিমুল সালাহ্উদ্দিন : বাংলাদেশের কবিদের লেখা পড়েন? বাংলাদেশে কারা আপনার প্রিয় লেখক?
জয় গোস্বামী : অবশ্যই পড়ি। অনেকের লেখার জন্য আমি খুব প্রতীক্ষায় থাকি। এই ভাষাটিরই শ্রেষ্ঠ কবিদের তালিকায় আমি রাখি আল মাহমুদ, সৈয়দ শামসুল হককে। মঞ্চ থেকে কবিতা পড়া থামিয়ে সৈয়দ শামসুল হকের দিকে আমি নেমে গেছি। তিনি আমাকে জড়িয়ে ধরেছেন। আর এই বাংলাদেশের তরুণদের কবিতা যে পড়ি তার প্রমাণ শামীমের সঙ্গে আমার সম্পর্ক। শামীম না হলে এ সফরে আমার আসা হতো না। আমার সঙ্গে ফোনে কথা হলে হয়তো এ সফর হতো না। আমার সঙ্গে শামীম দেখা করল। আমার মনে হলো, ওর ওপর আমি শতভাগ ভার ছেড়ে দিতে পারি। ও সত্যিকারের কবি বলেই পারি। বাংলাদেশের এ সময়ের কবিতার ভাষায় যে সাহস, তার দিকে আমি অবাক হয়ে তাকিয়ে থাকি।
শিমুল সালাহ্উদ্দিন : অনেক ধন্যবাদ দাদা আপনাকে এই অসুস্থ শরীরে ও এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। যদিও অনেক প্রসঙ্গ বাকি রয়ে গেল!
জয় গোস্বামী : তোমাদের দুজনকেও ধন্যবাদ। তোমাদের সঙ্গে কথা বলে আনন্দ পেয়েছি। তোমরা ভালো থেকো।









