সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইনবোর্ড খুলে ফেলল এনসিপি

সাইনবোর্ড সরিয়ে দিচ্ছেন এনসিপি নেতারা। ছবি: আগামীর সময়
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতিতে রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইনবোর্ড অপসারণ করেছেন দলটির নেতাকর্মীরা।
আজ রবিবার দুপুরে এনসিপির নেতাকর্মীরা এ সাইনবোর্ড অপসারণ করেন।
এ সময় আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেছেন, রাড্ডা এমসিএইচএফপি সেন্টার মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভঙুর, তার ভয়াবহ নিদর্শন।
‘দেশে কোনো সরকার আছে কি না, তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে মানুষের মনে’, বলেছেন আসিফ মাহমুদ।
এ ঘটনায় নিন্দা জানিয়েছেন এনসিপি নেতা আসিফ। তিনি বলেছেন, ‘সরকারকে বলব দ্রুত সময়ের মধ্যে এসব সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে দেশকে স্থিতিশীল করুন। আর না হয় আপনাদের পরিণতিও ভয়াবহ হবে।’
গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে বলে অভিযোগ।
পরে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করে নেওয়া হয়। এরপর ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শাহ আলী থানায় মামলা করা হয়েছে। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার মামলাটি করেন।
পুলিশ জানিয়েছে, স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে লুট হওয়া দুই ট্রাক মালামাল।




