ভূত আর বাঘ

আঁকা : ফারজিন
বাঘকে ঘিরে কিংবদন্তি আর ভৌতিক কাহিনির শেষ নেই। ভারতীয় জঙ্গলে দীর্ঘদিন বাঘের পিছু নিয়েছেন কর্নেল কেশরী সিং। তার অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে এমন কিছু ঘটনা, যেগুলোর ব্যাখ্যা খুঁজে পাওয়া সহজ নয়।
গোয়ালিয়রের মহারাজার জন্য একবার ছোট পরিসরে বাঘ শিকারের আয়োজন করেছিলেন কেশরী সিং। শিকারের জায়গাটি ছিল একটি শুকনো গিরিখাত। একটি গাছকে তিনজন শিকারির বসার উপযোগী মনে হওয়ায় সেখানে মাচা বাঁধা হয়। শিকারের দিন মাচায় ওঠার সুবিধার জন্য একটি মইও বসানো হয়েছিল। মহারাজা ও তার দুই সঙ্গী মাচায় উঠে বসার পর মই সরিয়ে নেওয়া হলো।
বিট শুরু হতে তখনো মিনিট পনেরো বাকি। মহারাজা ঘড়ি দেখে একটি সিগারেট ধরালেন। কয়েকটি টান দিয়ে জ্বলন্ত সিগারেটটি নিচে ছুড়ে ফেললেন। কিন্তু পরমুহূর্তেই ঘটে গেল অদ্ভুত ঘটনা। সিগারেটটি গিয়ে পড়ল মাচার ঠিক নিচের ঝোপে শুয়ে থাকা একটি বাঘের পিঠে! তাপে চামড়া পুড়তেই ক্ষিপ্ত বাঘটি বিকট গর্জন করে লাফিয়ে উঠল। তারপর মুহূর্তের মধ্যে পাশের জঙ্গলে মিলিয়ে গেল। কারও রাইফেলই তখনো গুলি করার জন্য প্রস্তুত ছিল না। সবচেয়ে বিস্ময়কর বিষয়, মাচায় বসে থাকা তিনজনই ছিলেন অভিজ্ঞ শিকারি। অথচ এতক্ষণ তাদের পায়ের নিচে একটি বিশাল বাঘ শুয়ে ছিল, কেউ ঘুণাক্ষরেও টের পাননি!
কেশরী সিং এক পূর্ণিমার রাতে নালার ঢালু বালুময় পাড়ে ছোট একটি ঝোপের আড়ালে বসে ছিলেন তিনি। তার নিচে পড়ে ছিল আগের রাতে বাঘের মারা একটি মোষের মড়ি। হঠাৎ কোনো শব্দ ছাড়াই সামনে বালুর ওপর একটি বাঘের ছায়া দেখতে পেলেন। বুঝতে পারলেন, প্রাণীটি তার ঠিক ওপরে দাঁড়িয়ে আছে। মনে হলো, এতদিন যেসব বাঘের জীবন নিয়েছেন, এবার বুঝি নিজের জীবন দিয়েই তার হিসাব চুকাতে হবে। মৃদু একটি শব্দ হলো। ছায়াটি নড়ে উঠল। সাহস করে মাথা ঘুরিয়ে তাকাতেই দেখলেন, সেখানে বাঘ নেই; শুধু পূর্ণিমার চাঁদের আলো। তাহলে কি দেখেছেন তিনি?
১৯৪৩ সালের এপ্রিলে বাসওয়ায় একটি মানুষখেকো ও গবাদি পশুখেকো বাঘের সন্ধানে গিয়েছিলেন কেশরী সিং। কয়েকজন মানুষও প্রাণ হারিয়েছিল তার আক্রমণে। একটি বিষ্ণুমন্দিরের কাছে গাই মেরে ফেলার খবর পেলেন। মন্দিরটি ছিল একটি পাহাড়ের পাদদেশে। পাশে ছিল ঝরনার পানি জমে থাকা জলাধার। গাইয়ের অর্ধেক খাওয়া দেহ পড়ে ছিল প্রায় একশ গজ দূরে।
আশ্চর্যের বিষয়, ঠিক সেই মুহূর্তে শিকারি নিজের কাঁধে অনুভব করলেন তিনটি মৃদু টোকা
পায়ের ছাপ অনুসরণ করে কেশরী সিং বুঝলেন, বাঘটি পাহাড়ের অন্য ঢালে চলে গেছে। গাইয়ের অবশিষ্টাংশ ঝরনার কাছে টেনে এনে একটি ছাগলকে টোপ হিসেবে বেঁধে রাখলেন। নিজে আশ্রয় নিলেন মন্দিরের ছাদে। রাত সাড়ে ৯টার দিকে পাহাড়ের ওপর থেকে সম্বরের ডাক শোনা গেল। কিছুক্ষণ পর কাছে একটি শিয়াল ডেকে উঠল। ছাগলটিও চিৎকার করতে শুরু করল। কিন্তু ঠিক তখনই কেশরী সিংয়ের মনোযোগ কেড়ে নিল মন্দিরের ছাদের একটি রহস্যময় ইঁদুর। প্রাণীটি আশপাশে ঘোরাফেরা করছিল। এমনকি একসময় চাদরের কিনারায় রাখা হাতের দিকেও তেড়ে এলো। হঠাৎ ছাগলের চিৎকার থেমে গেল। নিচে দড়ি ছিঁড়ে যাওয়ার শব্দ। তাকিয়ে দেখলেন, একটি বাঘ ছাগলটি মুখে নিয়ে দেয়াল টপকে অদৃশ্য হয়ে যাচ্ছে। অবাক কাণ্ড ইঁদুরটাকেও আর দেখতে পেলেন না।
মানুষখেকোর হাতে নিহত মানুষের অতৃপ্ত আত্মা নাকি কখনো কখনো শিকারিকে সাহায্য করে— এমন গল্প বহুদিনের। কেশরী সিং নিজে এমন অভিজ্ঞতার মুখোমুখি না হলেও যোধপুরের মহারাজা স্যার উমেদ সিংয়ের একটি কাহিনি শুনেছিলেন। এক পরিত্যক্ত কুয়োর কাছে মানুষখেকো বাঘের জন্য মাচায় অপেক্ষা করছিলেন মহারাজা। গভীর রাতে চাঁদের আলোয় সাদা পোশাক পরা এক ব্যক্তিকে কুয়োর সিঁড়ি বেয়ে উঠে আসতে দেখলেন। লোকটি ওপরের সিঁড়িতে দাঁড়িয়ে নিচের পানির দিকে আঙুল দিয়ে ইশারা করল। তারপর ধীর পায়ে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। পরমুহূর্তেই কুয়োর নিচ থেকে বেরিয়ে এলো মানুষখেকো বাঘ। মহারাজা সহজেই তাকে গুলি করে মারলেন। তবে ঘটনাটি কেশরী সিংকে সরাসরি মহারাজা বলেননি।
এর চেয়েও ভয়ংকর একটি ঘটনা ঘটেছিল আদা বালা পাহাড়ে। সেখানে এক মানুষখেকো বাঘের আক্রমণে কয়েকজন নারী-পুরুষ প্রাণ হারিয়েছিলেন। স্থানীয় এক পেশাদার শিকারি বাঘটিকে মারতে জলাশয়ের পাশে গাছের ওপর ১৫ ফুট উঁচু মাচা বাঁধলেন। টোপ হিসেবে বাঁধা হলো একটি মোষ। গভীর রাত পর্যন্ত বাঘটির দেখা না পেয়ে শিকারি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। ধূর্ত বাঘটি মোষের কাছে না গিয়ে নিঃশব্দে গাছ বেয়ে মাচায় উঠে তাকে আক্রমণ করে। পরদিন সকালে পাওয়া গেল তার পোশাক ও শরীরের কিছু অংশ। মোষটি অক্ষতই রয়ে গেল।
এরপর কয়েক মাসে আরও ছয়জন মানুষ বাঘটির শিকার হলেন। পুরস্কার ঘোষণা করেও কাউকে আর শিকারে রাজি করানো গেল না। অবশেষে দূরের এক শিকারি এগিয়ে এলেন। আগের শিকারির মৃত্যুর ঘটনা জেনে তিনি একই গাছে ২০ ফুট উঁচুতে মাচা বাঁধালেন। সঙ্গে নিলেন একটি মোটাসোটা মোষের বাচ্চা।
রাত গভীর হলো। হঠাৎ কাঁধে জোরে একটি ধাক্কা অনুভব করলেন শিকারি। চমকে নিচে তাকাতেই দেখলেন, ঠিক মাচার তলায় গুটিসুটি মেরে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাঘটি। মুহূর্তের মধ্যে রাইফেল তুলে নিচের দিকে গুলি ছুড়লেন। বাঘটি গাছের গোড়ায় আছড়ে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, ঠিক সেই মুহূর্তে শিকারি নিজের কাঁধে অনুভব করলেন তিনটি মৃদু টোকা। পেছনে ফিরে তাকালেন। আশপাশে কেউ নেই, এমনকি স্পর্শ করার মতো কোনো ডালও নেই। বাতাসও বইছিল না।
ঘটনাটি কেশরী সিংকে নিজেই জানিয়েছিলেন সেই শিকারি। তার দাবি, আগের রাতে যে শিকারি বাঘটির হাতে প্রাণ হারিয়েছিলেন, তার আত্মাই নাকি বিপদের মুহূর্তে সতর্ক করে দিয়েছিল। কেশরী সিংয়ের কাছে লোকটি মোটেও আজগুবি গল্প বানানোর মানুষ ছিলেন না। তার নিজের এমন অভিজ্ঞতা হলে তিনিও হয়তো একই বিশ্বাস পোষণ করতেন।
জঙ্গলে বাঘের চেয়ে রহস্যময় প্রাণী আর কে আছে! কখনো চোখের সামনে থেকেও অদৃশ্য, কখনো নিঃশব্দে মৃত্যুর দূত, আবার কখনো মানুষের কাছে রেখে যায় এমন কিছু প্রশ্ন, যার উত্তর খুঁজে পাওয়া যায় না। আর সেই অন্ধকার জঙ্গলে সত্যিই কি কখনো মৃত মানুষের আত্মা ফিরে আসে?



