হরমুজ পুরোপুরি নিয়ন্ত্রণের দাবি ইরানের

ছবি: রয়টার্স
শত্রুপক্ষের কথাবার্তা যা-ই হোক, হরমুজ প্রণালি ইরানের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি।
সোমবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ওমান সাগরের উত্তর অংশ ও হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে ইরান কঠোরভাবে নিয়ন্ত্রণ বজায় রাখছে। কাউকেই সেখান দিয়ে পার হতে দেওয়া হচ্ছে না।
সাইয়ারির দাবি, হরমুজের পশ্চিমাঞ্চল, পুরো প্রণালি ও পারস্য উপসাগর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর নিয়ন্ত্রণে। আর হরমুজের পূর্বাঞ্চল ও ভারত মহাসাগরের উত্তর অংশ নিয়ন্ত্রণ করছে ইরানের নৌবাহিনী।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক নৌবাণিজ্য চালু করতে ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে। ফলে যুদ্ধের অবসান নিয়ে দুই দেশের অচলাবস্থা আরও দীর্ঘ হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ আবারও শুরু হলে ইরান পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে একই সঙ্গে তিনি বলেছেন, কূটনীতির পথ এখনো বন্ধ করেনি তেহরান।
স্থানীয় সময় রবিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি এসব কথা বলেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আবার ইরানে হামলা চালাতে পারে— এমন প্রতিবেদনের বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যুদ্ধ আবার শুরু হলে ইরান তার জন্য প্রস্তুত। একই সঙ্গে শান্তির সুযোগ নষ্ট না করতে কূটনীতির চেষ্টাও চালিয়ে যাবেন তিনি।
আরাগচি বলেছেন, ‘যুদ্ধ আবার শুরু হওয়ার সময়ের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। নতুন যেকোনো আগ্রাসনের মুখে আমরা দৃঢ় থাকব, এমনকি তা সর্বনাশা যুদ্ধের দিকে গেলেও। একই সময়ে আমরা কূটনীতির জন্যও প্রস্তুত। এখন সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের।’
সূত্র : আল জাজিরা




