ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনার ক্ষতি প্রায় সাড়ে ১৮ কোটি ডলার

ছবি: রয়টার্স
ইরানের হামলায় উপসাগরীয় চার দেশে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পেন্টাগনের মহাপরিদর্শকের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব স্থাপনায় ক্ষতির পরিমাণ প্রায় ১৮ কোটি ৪০ লাখ ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইরাকে, যার পরিমাণ ১৫ কোটি ৭০ লাখ ডলারের বেশি।
দ্য হিল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলায় ইরাক, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর ইন্সপেক্টর জেনারেলের দপ্তর থেকে প্রকাশিত এটিই প্রথম প্রতিবেদন।
ইরাকের পর বেশি ক্ষতি হয়েছে কুয়েতে ও সৌদি আরব। কুয়েতের ১ কোটি ৪০ লাখ ডলারের বেশি এবং সৌদি আরবে প্রায় ১ কোটি ১৫ লাখ ডলারের ক্ষতি হয়েছে। ইউএইতে মার্কিন কূটনৈতিক স্থাপনায় ক্ষতির পরিমাণ আনুমানিক ১ লাখ ২৫ হাজার ডলার।
২৮ ফেব্রুয়ারি ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর পর থেকে ইরানের বাহিনী উপসাগরীয় অঞ্চলে বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এতে মার্কিন কূটনৈতিক ও গোয়েন্দা স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পেন্টাগনের হিসাব অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ২৯ জুন পর্যন্ত যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় ৩৩৪০ কোটি ডলার। তবে ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের খরচ এই হিসাবের মধ্যে নেই।
জুলাইয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সিনেটরদের জানিয়েছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধে আনুমানিক ব্যয় বেড়ে ৩৭৫০ কোটি ডলারে দাঁড়িয়েছে। তবে কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন, প্রকৃত ব্যয় এর চেয়েও বেশি।
সূত্র: মিডলইস্ট মনিটর




