ব্রিফিংয়ে জয়সওয়াল
ঢাকা-বেইজিং আলোচনা পর্যবেক্ষণ করছে ভারত

সংগৃহীত ছবি
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, চীন থেকে জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান কেনার সম্ভাব্য বিষয়টি নিয়ে বেইজিংয়ের সঙ্গে ঢাকার আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। একই সঙ্গে চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের জন্য বেইজিংয়ের প্রস্তাবসংক্রান্ত প্রতিবেদনগুলোর ওপরও নজর রাখা হচ্ছে।
আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন জয়সওয়াল।
সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে ঘিরে দেশটির প্রস্তাবিত জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে বাংলাদেশ বেইজিংয়ের সঙ্গে আলোচনা করছে এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের জন্য বেইজিংয়ের প্রস্তাব বিবেচনা করছে—এমন দুটি পৃথক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেছেন, ‘আমরা আমাদের অঞ্চলের এ ধরনের সব ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিই।’
বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পকে ঘিরে চলমান আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বললেন, এ প্রকল্প বিষয়ে এরই মধ্যে বাংলাদেশকে ভারতের অবস্থান জানানো হয়েছে।
‘বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে আমাদের উন্নয়ন সহযোগিতা পারস্পরিকভাবে সম্মত একটি রোডম্যাপের ভিত্তিতে পরিচালিত হয়, যা নিয়মিত পর্যালোচনা করা হয়। তাই সামগ্রিক নীতিগত বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট সব ঘটনাপ্রবাহই ভারত বিবেচনায় রাখবে’— উল্লেখ করেন রণধীর জয়সওয়াল।






