চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

শিল্পী সমিতির নির্বাচন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন আজ শুক্রবার। রাজধানীর বিএফডিসি প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
একটি প্যানেলে সভাপতি পদে ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন রুমানা ইসলাম মুক্তি। এ প্যানেলে সহ-সভাপতির পদপ্রার্থী চিত্রনায়িকা নূতন ও অভিনেতা ইলিয়াস কোবরা এবং সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী রিনা খান।
অন্য প্যানেলে সভাপতি পদে অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জয় চৌধুরী। সহ-সভাপতি পদে অভিনেত্রী রোজিনা ও অভিনেতা ডিএ তায়েব এবং সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন সুব্রত।
শুধু শীর্ষ পদই নয়, এবারের নির্বাচনে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কার্যনির্বাহী পরিষদ সদস্যপদে। ১১টি সদস্যপদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২৭ জন প্রার্থী মাঠে আছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য— আলীরাজ, ইয়ামিন হক ববি, কাবিলা, কায়েস আরজু, ফালগুনী রহমান জলি, মানস বন্দ্যোপাধ্যায়, শিরিন শিলা, শিপন মিত্র।
নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের ভোটেই নির্ধারিত হবে আগামী দুই বছরের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব।




