ভারত-মিয়ানমার সীমান্তে আসাম রাইফেলসের টহলে হামলা, সেনাসদস্য নিহত

সংগৃহীত ছবি
অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় ভারত-মিয়ানমার সীমান্তের কাছে আসাম রাইফেলসের টহলদলের উপর হামলার ঘটনায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে নামপং এলাকার কাছে এই হামলা হয় বলে আসাম রাইফেলসের কর্মকর্তারা জানিয়েছেন।
নামপং সার্কেলের অধীন নামপং নাল্লার কাছে সকাল সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। ওই এলাকায় আন্তর্জাতিক সীমান্ত বরাবর বেড়া দেওয়ার কাজ চলছে। সেই কাজের এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল আসাম রাইফেলসের দলটি।
হামলায় নিহত হয়েছেন ৪২ বছরের হাবিলদার জানখোকাই কুকি।
প্রাথমিক তদন্তে হামলার পিছনে এনএসসিএন-কে-ওয়াইএ (ইয়ুং অং গোষ্ঠী)-র জঙ্গিদের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে হামলাকারীদের সংখ্যা, তাদের গতিবিধি বা কীভাবে হামলাটি চালানো হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
হামলার পরই এলাকায় তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। সন্দেহভাজন হামলাকারীদের খুঁজে বের করার পাশাপাশি সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
ভারত-মিয়ানমার সীমান্তে নজরদারি জোরদার এবং অননুমোদিত যাতায়াত ঠেকাতে বর্তমানে বেড়া দেওয়ার কাজ চলছে। সেই কাজ চলার মধ্যেই টহলদলের উপর এই হামলার ঘটনা ঘটল।
ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। হামলাকারীদের সন্ধানে অভিযান এখনও চলছে।



