যোগ্য স্পেন দুর্ভাগ্য ক্রোয়েশিয়ার

গ্রাফিকস: আগামীর সময়
স্পেন গ্রুপ পর্বের শেষ ম্যাচের মতো একই একাদশ নিয়ে খেলেছে। কেপ ভার্দের সঙ্গে ড্র বাদ দিলে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো তারা স্বচ্ছন্দে জিতেছিল। স্পেনের খেলার ধরন মূলত পজিশন বেসড— বিল্ডআপ থেকে বল প্রোগ্রেস করিয়ে ফিনিশিং ফেজ পর্যন্ত নিয়ে যাওয়া, যা অন্য দলগুলোর মধ্যে সচরাচর দেখা যায় না। রালফ রাগনিকের অস্ট্রিয়া সাধারণত হাই-প্রেসিং খেলার জন্য পরিচিত হলেও আর্জেন্টিনার বিপক্ষে যেমন দেখা গিয়েছিল, স্পেনের বিপক্ষেও তারা হাই-প্রেসিং না করে মিড-ব্লক বা সেমি-হাই মিডফিল্ড প্রেসিং কৌশলে খেলে।
স্পেনের তিনটি গোলই মূলত অস্ট্রিয়ার ব্যাকলাইনের ভুলে হয়েছে। প্রথম গোলে কুকুরোয়ার একটি লো ক্রস থেকে ওয়ারজাবাল সম্পূর্ণ ফাঁকায় ছিলেন— ব্যাক ফোরের দুই সেন্ট্রাল ব্যাক তাকে মার্ক না করায় নিখুঁত ফিনিশিং করেন। দ্বিতীয় গোলে অ্যালেক্স বায়ানার ক্রস থেকে পেদ্রো পোরো হেডে গোল করেন, যেখানে তার দায়িত্বে থাকা মার্কার শুধু বলের দিকে নজর রেখে পোরোকে একবারও ফলো করেননি। তৃতীয় গোলে কুকুরোয়ার লো ইনসুইং ক্রস থেকে জাবাল পেছন থেকে দৌড়ে এসে গোলরক্ষকের সঙ্গে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে গোল করেন। স্পেনের মিডফিল্ড রোদ্রি, পেদ্রি, দানি ওলমো ব্যাকলাইন প্রশংসার দাবি রাখে। লামিন ইয়ামাল গোল বা অ্যাসিস্ট না পেলেও ফ্ল্যাংক এরিয়ায় বারবার ওয়ান-অন-ওয়ান বা কম্বিনেশনে অস্ট্রিয়ার ডিফেন্স ভেঙে ক্রসের সুযোগ তৈরি করেন। মোটের ওপর স্পেন যোগ্য দল হিসেবেই জিতেছে।
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচে দুই দলই ৪-২-৩-১ ফরমেশনে খেলে। পেরিসিচের গোলে ক্রোয়েশিয়া এগিয়ে গেলেও পর্তুগাল সমতায় ফেরে রোনালদোর পেনাল্টি থেকে গোলে। হতাশাজনকভাবে ক্রোয়েশিয়ার তিনটি গোল অফসাইডে বাতিল হয়, যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। ভিএআর প্রযুক্তি রেফারিদের ভুল কমানোর উদ্দেশ্যে চালু হলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত মানুষই নেয় বলে সম্পূর্ণ বিতর্কমুক্ত থাকা সম্ভব নয়। এর আগে বেলজিয়াম-সেনেগাল ম্যাচেও এমন বিতর্ক দেখা গেছে।
কৌশলগতভাবে ক্রোয়েশিয়া বাতুরিনাকে মিডফিল্ডে খেলানোর জন্য পেরিসিচকে লেফট ফুলব্যাকে নামায়, ফলে গার্দিওল বেঞ্চে থাকেন। মদরিচ ও কোভাচিচ মিডফিল্ড সামলান, স্টানিসিচ রাইট ফুলব্যাকে খেলেন। দুই দলই ভালো খেলেছে, তবে বিতর্কিত সিদ্ধান্তের কারণে ক্রোয়েশিয়া কিছুটা দুর্ভাগ্যের শিকার হয়ে বাদ পড়েছে বলে মনে হচ্ছে। তবে শেষ পর্যন্ত রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।




