নেইমারের অবসর ভাঙার গুঞ্জন, সত্যিটা কী?

বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে নরওয়ের কাছে হেরে বিদায়ের দিনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন নেইমার জুনিয়র। আবেগঘন কণ্ঠে বলেছিলেন, ‘আমি চেষ্টা করেছি, আর নয়।’ কিন্তু সেই ঘোষণার মাত্র কয়েক দিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নেইমারের একটি মন্তব্য ব্রাজিলিয়ান ভক্তদের মনে নতুন করে স্বপ্ন জাগিয়েছে। অনেকেই মনে করছেন, নেইমার হয়তো ২০৩০ বিশ্বকাপেও খেলবেন।
সম্প্রতি ‘নার্ডসোল’ নামের একটি পেজ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি এআই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, বর্তমানের নেইমার তার শৈশবের স্বরুপের সঙ্গে কথা বলছেন এবং সেখানে ২০৩০ সালের বিশ্বকাপে ব্রাজিলকে ট্রফি জেতানোর একটি দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘নেইমারের কাপ জেতা সম্ভব?’
এই ভিডিওটিতে নেইমার নিজে আবেগঘন ইমোজির মাধ্যমে মন্তব্য করেছেন। সেই মন্তব্যটি মুহূর্তেই প্রায় ২০ লাখ লাইক ছাড়িয়ে গেছে। এই মন্তব্য থেকেই ভক্তরা ধারণা করছেন, নেইমার হয়তো অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছেন। লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদো অনেক বেশি বয়সে বিশ্বকাপ খেলেছেন। তাই ৩৪ বছর বয়সী নেইমারকে নিয়েও সমর্থকদের প্রত্যাশা বেড়ে গেছে।
ভক্তদের এই উচ্ছ্বাসের বিপরীতে বাস্তব চিত্রটা অবশ্য ভিন্ন। ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘ইউওএল এস্পোর্তে’ জানিয়েছে, নেইমারের অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত এবং সেটি পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ পরবর্তী সময়ে কোচ কার্লো আনচেলত্তির নতুন পরিকল্পনায় নেইমারের স্থান নেই। ২০৩০ বিশ্বকাপ তো দূরের কথা, জাতীয় দলের নতুন সাইকেলে তাকে আর দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য।
৩৪ বছর বয়সী এই তারকা নিজের অবসরের বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেননি। তবে তার ক্লাবের ভবিষ্যৎ নিয়ে এই সপ্তাহের শেষে বড় কোনো ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবারের বিশ্বকাপ দলে আনচেলত্তি তাকে নিতে চাননি। শেষ পর্যন্ত সমর্থকদের চাপে বাধ্য হয়েছেন। দুটি ম্যাচে নেইমার মাঠে নেমেছিলেন অল্প সময়ের জন্য।






