গুজব নাকি সত্যি
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে নেইমারের প্রেম!

রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে প্রেমের গুঞ্জন অস্বীকার করেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। সাও পাওলোতে একটি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। অবশেষে ইনস্টাগ্রাম স্টোরিতে এক কড়া বার্তার মাধ্যমে সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন বর্তমানে সান্তোসে খেলা এই ফরোয়ার্ড।
ফবিয়া অলিভেইরার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, গত ৬ নভেম্বর সাও পাওলোর একটি প্রাইভেট পার্টিতে নেইমার ও ভার্জিনিয়া দুজনেই উপস্থিত ছিলেন। পার্টিতে নেইমার যখন একটি সোফায় বসেছিলেন, তখন ওই ইনফ্লুয়েন্সার তার পাশেই নাচছিলেন। এরপরই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন চাউর হয়। তবে নেইমার এবং ভার্জিনিয়া উভয়ই সেই দাবি অস্বীকার করেছেন। নেইমারের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়, ‘প্রকাশিত তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই।’ এছাড়া ভার্জিনিয়ার পক্ষ থেকেও এই জল্পনাকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করে ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রয়োজনীয় খবর প্রকাশের নিন্দা জানানো হয়।
প্রাথমিকভাবে প্রতিনিধিরা বিবৃতি দিলেও পরবর্তীতে নিজেই মাঠে নামেন নেইমার। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আমি সাধারণত ইনস্টাগ্রাম স্টোরিতে এ ধরনের বিষয় নিয়ে লিখি না। তবে এবার তারা সীমা ছাড়িয়ে গেছে। এমন একটি গল্প প্রচার করা হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে অন্য কারও সঙ্গে আমার সম্পর্ক রয়েছে, আমি এটি সম্পূর্ণ অস্বীকার করছি! আমার টিমের পক্ষ থেকে ইতিমধ্যে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে। তবু এর অবসান ঘটাতে আমাকেই সামনে আসতে হলো। এখন আমাকে শান্তিতে পোকার খেলতে দিন।’
উল্লেখ্য, এর আগে চলতি বছরের জুলাই মাসে প্রথমবার বিচ্ছেদের দুই মাস পর সম্পর্কে ফিরেছিলেন ভার্জিনিয়া ফনসেকা ও ভিনিসিয়ুস জুনিয়র। তবে তাদের সর্বশেষ বিচ্ছেদের সময় ভার্জিনিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল যে, সিদ্ধান্তটি পারস্পরিক সম্মতিতে নেওয়া হয়েছে।




