বিসিবির পরিকল্পনা
কোচ ও ক্রিকেটাররা আসছেন ডেটাবেইজের আওতায়

দেশের বয়সভিত্তিক ক্রিকেটের কোচিং ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের বেড়ে ওঠার প্রক্রিয়ায় ধারাবাহিকতা বজায় রাখতে সারা দেশে একটি স্বচ্ছ, তথ্যনির্ভর ও সমন্বিত কোচিং কাঠামো গড়ে তুলতে চায় বোর্ড। এ লক্ষ্যে গতকাল বুধবার বোর্ডের চুক্তিভুক্ত কোচদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
বৈঠকে বিসিবির গেম ডেভেলপমেন্ট উপদেষ্টা খালেদ মাহমুদ এবং হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বয়সভিত্তিক দলগুলোর কোচদের কাজের ধরনে একটি ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলাই ছিল এই সভার মূল উদ্দেশ্য।
বিসিবির নীতিনির্ধারকদের পর্যবেক্ষণ অনুযায়ী, দেশের কোচিং কাঠামোয় ধারাবাহিকতার অভাবে প্রতিভাবান ক্রিকেটারদের সঠিক বিকাশ ব্যাহত হচ্ছে। এতদিন বয়সভিত্তিক বিভিন্ন ধাপের কোচেরা অনেকটা বিচ্ছিন্নভাবে কাজ করেছেন। এক ধাপের কোচের সঙ্গে পরবর্তী ধাপের কোচদের পর্যাপ্ত যোগাযোগ বা সমন্বয় ছিল না। ফলে একজন ক্রিকেটার নতুন ধাপে উঠে এলে তার পেছনের কাজের কোনো সুনির্দিষ্ট রেকর্ড পরবর্তী কোচের কাছে থাকত না।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করা এইচপি প্রধান মোহাম্মদ সালাউদ্দিন ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-কে এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা একটি সমন্বয় আনার চেষ্টা করছি, যাতে এমন একটি একীভূত কোচিং কাঠামো গড়ে ওঠে। সেখানে খেলোয়াড়েরা বয়সভিত্তিক ধাপগুলো পার হওয়ার সময় একটি ধারাবাহিক উন্নতির পথ অনুসরণ করতে পারে।’
কাজের পুনরাবৃত্তি এড়ানোর ওপর জোর দিয়ে সালাউদ্দিন আরও বলেন, ‘মূলত আমরা চাই প্রতিটি কোচ যেন ভালোভাবে জানেন বিভিন্ন বয়সভিত্তিক স্তরে একজন ক্রিকেটারকে কীভাবে গড়ে তোলা হচ্ছে। এতে সে যখন এক বয়সভিত্তিক ধাপ থেকে আরেক ধাপে যাবে, তখন তার উন্নতির ধারায় কোনো ছেদ না ঘটিয়ে কোচেরা তাকে আরও এগিয়ে নিতে পারবেন। এর অর্থ হলো, অনূর্ধ্ব-১৫ পর্যায়ের একজন ক্রিকেটারকে নিয়ে যে কাজগুলো করা হয়েছে, অনূর্ধ্ব-১৭ পর্যায়ে গিয়ে যেন একই কাজের পুনরাবৃত্তি না হয়। বরং কোচেরা সেখান থেকে পরবর্তী ধাপের কাজ শুরু করবেন।’
উদ্যোগটি দেরিতে নেওয়া হলেও একে অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন দেশের অন্যতম শীর্ষ এই কোচ। তার ভাষায়, ‘এটি খুবই ভালো একটি প্রক্রিয়া। আরও অনেক বছর আগেই এটি করা উচিত ছিল। আমরা অনেক দেরিতে শুরু করছি, তবু না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো—কারণ কাজটি এখন অন্তত শুরু হয়েছে।’
কোচদের মধ্যকার এই যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের ভিত্তি হবে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ও তথ্যনির্ভর। মৌখিক মূল্যায়নের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার কথা জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘এখন যখন খেলোয়াড়েরা অনূর্ধ্ব-১৫ থেকে ১৭-তে আসে, তখন ১৭-র কোচ জানেন না ১৫-তে কী হয়েছিল। কিন্তু এখন তারা জানতে পারবেন এই খেলোয়াড় কী কাজ করে এসেছে। আর এই তথ্য আদান-প্রদানের ভিত্তি কী হবে? ভিত্তি হতে হবে সুনির্দিষ্ট ডেটা বা তথ্য। আমি মুখে বলে দিলাম সে এটা-ওটা করতে পারে— বিষয়টা এমন হতে পারে না। আমরা চাই পুরো প্রক্রিয়াটি তথ্যনির্ভর হোক, যাতে একজন ক্রিকেটার এক ধাপ থেকে আরেক ধাপে যাওয়ার সময় প্রতিটি কোচ তার উন্নতির গ্রাফ সম্পর্কে স্পষ্ট ধারণা পান।’






