চলন্ত মোটরসাইকেলে এক হাতে অবিশ্বাস্য ক্যাচ, কে এই তরুণ?

চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে এক হাতে ক্রিকেট বল তালুবন্দি করে বিশ্বজুড়ে আলোচনায় আসা সেই তরুণের পরিচয় মিলেছে। পাকিস্তানের সোয়াত অঞ্চলের মারঘাজারের বাসিন্দা মেহরান খান নামের ওই যুবক বিবিসির কাছে তুলে ধরেছেন তার রোমাঞ্চকর ও অপ্রত্যাশিত সেই ক্যাচ ধরার অভিজ্ঞতা।
পাকিস্তানের মিঙ্গোরায় সোয়াত প্রিমিয়ার লিগের একটি ম্যাচ চলাকালে মাঠের বাইরে উড়ে আসা বলটি লুফে নেন মেহরান। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের এই কর্মী অফিস থেকে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে। ক্রিকেটের ভক্ত এবং নিজেও খেলা মেহরান জানান, ক্রিজে থাকা আবরার লালা ছক্কা হাঁকানোর পরই বলটি তার দিকে ধেয়ে আসে। সেই মুহূর্তের বর্ণনা দিয়ে মেহরান বলেন, ‘যে বন্ধু মোটরসাইকেল চালাচ্ছিল, তাকে মাথা নিচু করতে বলেছিলাম। বলেছিলাম আমি ক্যাচটা ধরব। এরপর ধরলামও। চেষ্টা করেছিলাম ঠিকই, কিন্তু সত্যিই ধরতে পারব তা ভাবিনি। ভেবেছিলাম আশপাশে কোথাও পড়ে যাবে, কিন্তু আল্লাহর রহমতে ক্যাচটা নিতে পেরেছি।’
ক্যাচ নেওয়ার পরপরই সোয়াত প্রিমিয়ার লিগের আয়োজকেরা মেহরানের জন্য ১০ হাজার পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করেন, যা পাকিস্তান সেনাবাহিনীর অর্থায়নে দেওয়া হয়। রাতারাতি ভিডিওটি ছড়িয়ে পড়ায় নিজেও বিস্মিত হয়েছেন বলে জানান তিনি।
বল নিয়ে চলে যাওয়ার যে গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা নাকচ করে মেহরান বলেন, ‘মানুষ বলছে আমি নাকি বলটা নিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু এটা সত্যি নয়। আমি বলটা ফেরত দিয়েছি।’ ম্যাচটিতে জিকেআর দিরের বিপক্ষে ৩৪ রানে জয় পায় সোয়াত স্ট্রাইকার্স; দারুণ এই টুর্নামেন্ট প্রতি বছর আয়োজনেরও আহ্বান জানান তিনি।
ক্রিকেটের ইতিহাসে দর্শকদের এমন অদ্ভুত ও চমকপ্রদ ক্যাচ ধরার নজির আগেও দেখা গেছে। ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ায় এক ম্যাচে মুখে সিগারেট রেখেই ইয়ান বোথামের ছক্কা লুফে নিয়েছিলেন এক ক্যামেরাম্যান। ২০১৪ সালে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ঢাল বেয়ে গড়াতে গড়াতে এক হাতে ক্যাচ ধরেন এক দর্শক। আর গত বছর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে এক হাতে দুটি পানীয়ের ক্যান ধরে রেখে অন্য হাতে বল তালুবন্দি করেছিলেন এক সমর্থক। চলন্ত বাইকে মেহরানের এই ক্যাচও এবার সেই তালিকায় যুক্ত হলো।





