গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার
- ব্যাংকটির ১০ শতাংশ শেয়ার সরকারের
- পরিচালকরাও গ্রাহকদের থেকে নির্বাচিত
- ঋণগ্রহীতাদের আমানতই ব্যাংকের মূলধন

দেশের ক্ষুদ্রঋণ কার্যক্রমের পথিকৃৎ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। তার হাত ধরেই ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে শুরু হয়েছিল প্রতিষ্ঠানটির কার্যক্রম। সেই প্রতিষ্ঠানের মালিকানায় এখন তার কোনো ব্যক্তিগত শেয়ার নেই। বরং ব্যাংকটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। অর্থাৎ, যে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ব্যাংকটির যাত্রা শুরু হয়েছিল, তারাই এখন এর প্রধান মালিক।
গ্রামীণ ব্যাংকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনায় পাওয়া গেছে এসব তথ্য। প্রতিবেদন অনুযায়ী, গত বছর ব্যাংকটির মালিকানা ও পরিচালনা কাঠামোয় বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামোয় ১৩ সদস্যের পরিচালনা পর্ষদে গ্রাহকদের মধ্য থেকে নির্বাচিত ৯ পরিচালক।
সম্প্রতি ড. ইউনূসের ব্যাংক বিবেচনায় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় চলছে হামলা। এ নিয়ে এক বিবৃতিতে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ করা এবং জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ড. ইউনূস।
২০২৫ সালের শেষে গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮ লাখ ২০ হাজার। এর মধ্যে ৯৬ দশমিক ৬৭ শতাংশ নারী। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ব্যাংকটির কার্যক্রম বিস্তৃত। এ কার্যক্রম পরিচালনায় রয়েছে ২ হাজার ৫৬৮টি শাখা। বর্তমানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ২৪ হাজার ২১৭।
ক্ষুদ্রঋণের পাশাপাশি প্রতিষ্ঠানটি গৃহঋণ, শিক্ষাঋণ, কৃষিঋণ, ব্যবসায়িক ঋণ ও পশুপালন ঋণ দিয়ে থাকে। সদস্যদের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণেও রয়েছে কর্মসূচি। ২০২০ সালে শুরু হওয়া বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ২০২৫ সাল পর্যন্ত রোপণ করা হয়েছে প্রায় ৫২ কোটি চারা।
জোবরা গ্রামের ২৭ ডলার থেকে যাত্রা
১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইউনূস জোবরা গ্রামের ৪২ দরিদ্র নারীকে মহাজনের ঋণের শোষণ থেকে মুক্ত করতে নিজের পকেট থেকে ২৭ ডলার সমপরিমাণ টাকা ঋণ দেন। তাদের ঋণ পরিশোধের অভিজ্ঞতা থেকেই জামানত ছাড়াই দরিদ্র মানুষকে ঋণ দেওয়ার ধারণাটি বাস্তব ভিত্তি পায়।
১৯৭৯ সালে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় প্রকল্পটি টাঙ্গাইলে সম্প্রসারিত হয়। পরে ১৯৮৩ সালের ২ অক্টোবর সরকারি অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠা পায় গ্রামীণ ব্যাংক। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূস যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
মালিকানায় সরকারের অংশ কমল
গ্রামীণ ব্যাংকের পরিশোধিত মূলধন ৩০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সংশোধিত কাঠামোয় এর ৯০ শতাংশের মালিক ঋণগ্রহীতা সদস্যরা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। এর আগে ২০১৩ সালের আইন অনুযায়ী সরকারের মালিকানা ছিল ২৫ এবং সদস্যদের ৭৫ শতাংশ। ২০১১ সালে সরকারের মালিকানা ৫ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছিল।
মালিকানার পাশাপাশি পরিচালনা পর্ষদেও পরিবর্তন এসেছে। আগে ১৩ সদস্যের পর্ষদে সরকারের মনোনীত পরিচালক ছিলেন তিনজন। নতুন কাঠামোয় তা কমিয়ে একজন করা হয়েছে। চেয়ারম্যানও সরাসরি সরকার নিয়োগ করবে না; পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবেন। এ ছাড়া ৯ নির্বাচিত পরিচালক ও নির্বাচিত পরিচালকদের মনোনীত তিনজন পরিচালক থাকবেন।
সদস্যদের আমানতেই চলে ঋণ কার্যক্রম
গ্রামীণ ব্যাংকের ঋণ বিতরণের প্রধান উৎস সদস্যদের আমানত। ২০২৫ সালের শেষে সদস্যদের আমানত ছিল ১৭ হাজার ৪১৬ কোটি ৯৯ লাখ টাকা। বিপরীতে ঋণ স্থিতি ছিল ১৭ হাজার ৩৭৮ কোটি ১০ লাখ টাকা। অর্থাৎ ঋণের তুলনায় আমানত ৩৮ কোটি ৮৯ লাখ টাকা বেশি। ব্যাংকটির ভাষ্য অনুযায়ী, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকে ঋণ বিতরণের শতভাগের বেশি অর্থ আমানতের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে।
গ্রামীণ ব্যাংক মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার পাশাপাশি বিভিন্ন তহবিলে অর্থ বরাদ্দ করে। ২০২৪ সালের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ বাবদ ৩৭ কোটি ৮ লাখ ৫৩ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া সাধারণ রিজার্ভ, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড, কর্মচারী কল্যাণ তহবিলসহ বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ করা হয়েছে। ২০২৫ সালের জন্যও ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ।
এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ আগামীর সময়কে বললেন, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়। এর মালিক যেহেতু গ্রাহক, তাই প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হলে তা ঋণগ্রহীতা সদস্যদেরই ক্ষতি। যারা মূলত গ্রামের দিনমজুর ও খেটে খাওয়া শ্রেণির মানুষ। একই সঙ্গে তা সরকারেরও ক্ষতি।



