প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

গ্রাফিকস: আগামীর সময়
জাতীয় ঐক্যের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপের প্রস্তাব দিয়েছিল জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি জামায়াতের একটি সূত্রের। তবে সেই সংলাপে প্রথম আমন্ত্রণ পায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার দলটির সঙ্গে একক বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংলাপও শুরু করেছেন প্রধানমন্ত্রী। বিষয়টি ভালোভাবে নেয়নি জামায়াতের একটি অংশ। সংলাপের আগে ১১ দলীয় ঐক্যের শরিকদের নিয়ে সম্মিলিতভাবে সংলাপে বসার দাবিতে জরুরি বৈঠকও করেছে জোটটি।
এদিকে এনসিপি এককভাবে বৈঠকে অংশ নিলেও জামায়াত এখনো প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বসার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। জামায়াতের নেতারা বলছেন, তারা সংলাপের উদ্যোগকে স্বাগত জানান। তবে এককভাবে না বসে ১১ দলীয় ঐক্যসহ জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে একসঙ্গে নিয়ে আলোচনায় বসার পক্ষে দলটি।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের আজ মঙ্গলবার দুপুরে আগামীর সময়কে বলেছেন, ‘আমরা সংলাপকে স্বাগত জানাই। তবে শুরু থেকেই জানিয়েছিলাম, ১১ দলীয় ঐক্যসহ জুলাই শক্তিরা একসঙ্গে বসতে চাই। যেহেতু এটা ঐক্যের বিষয়, সেহেতু একসঙ্গে এক টেবিলেই বসাটাই সমীচীন বলে আমরা মনে করি।’
এককভাবে বসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি যোগ করেন, ‘আমরা এখনো চাই একসঙ্গে সবাইকে নিয়ে বসতে। আমিরে জামায়াত ২৬ নভেম্বর দেশে আসার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ আগামীর সময়কে বললেন, ‘সংলাপের বিষয়টিকে আমরা ইতিবাচকভাবে দেখছি। তবে আমরা কখন বসব, কীভাবে বসব, এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’
জামায়াতের একটি সূত্রের ভাষ্য, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রীকে সংলাপের প্রস্তাব দিয়েছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। দলটির প্রত্যাশা ছিল, অন্তর্বর্তী সরকারের আমলে জাতীয় ঐকমত্য কমিশনের আদলে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলকে নিয়ে একসঙ্গে সংলাপের আয়োজন করা হবে। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের একটি দৃশ্যমান বার্তা যাবে।
ওই সূত্রের মতে, প্রধানমন্ত্রী প্রথমে এনসিপিকে আলাদাভাবে আমন্ত্রণ জানানোয় ১১ দলীয় ঐক্যের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়। এ নিয়ে গত ২২ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে জরুরি বৈঠকে বসেন জোটের নেতারা। বৈঠকে সংলাপের ধরন, আমন্ত্রণের প্রক্রিয়া এবং জোটের সম্মিলিত অবস্থান নিয়ে আলোচনা হয়।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আগামীর সময়কে বলেন, আমরা চেয়েছিলাম জুলাইয়ের স্টেকহোল্ডারদের সবাইকে নিয়ে একসঙ্গে বসতে। তাহলে জাতীয় ঐক্যের বিষয়ে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া যেত। আর সংলাপ হতে হবে সংলাপের মতো, যেখানে সরকার বা সরকারি দলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। কিন্তু এনসিপির সঙ্গে যে বৈঠক হয়েছে, সেটিকে সংলাপ মনে হয়নি। মনে হয়েছে, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
জোটের একটি সূত্র বলছে, এনসিপিকে দল হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, নাকি বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে নাহিদ ইসলামকে ডাকা হয়েছে— এ নিয়েও বৈঠকে আলোচনা হয়। কারণ, নাহিদ ইসলাম বিরোধীদলীয় চিফ হুইপ। তবে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, আমন্ত্রণটি নাহিদ ইসলামকে ব্যক্তিগতভাবে নয়, দল হিসেবেই জানানো হয়েছে। দল হিসেবেই তারা সংলাপে অংশ নিয়েছেন।
১১ দলীয় ঐক্যের শরিকদের মধ্যে সম্মিলিত সংলাপের প্রত্যাশা থাকলেও এনসিপি শুরু থেকেই এককভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বসার সিদ্ধান্ত নেয়। দলটির নেতারা মনে করেন, নিজেদের রাজনৈতিক অবস্থান, দাবি ও প্রস্তাব সরাসরি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরার জন্য পৃথক বৈঠক প্রয়োজন। সে অনুযায়ী সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল।
দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসাইন সিএফ।
বৈঠক শেষে নাহিদ ইসলাম জানান, দেশের বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি, রাজনৈতিক সংকট এবং এসব পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয়েছে। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয়টিও আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
তবে এনসিপি শুধু রাজনৈতিক ঐক্যের আহ্বানে সীমাবদ্ধ থাকেনি। দলটি সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি বাতিল, গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়টি সামনে এনেছে।
পৃথক বৈঠকের পর সর্বদলীয় সংলাপের পরিকল্পনা
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রয়োজন হলে সব দলকে নিয়ে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হতে পারে। এর আগে ১৮ নভেম্বর জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছিল। সেখানে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা মোকাবিলা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরবেন। এরপর ২৭ বা ২৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক হতে পারে বলে রাজনীতির মাঠে আলোচনা রয়েছে। তবে দলটির নেতারা জানিয়েছেন, এখনো এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেননি।



