মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

ঢাকার মিরপুর ১ নম্বরে সনি সিনেপ্লেক্সের সামনে আজ সোমবার সন্ধ্যার পর আগুনে পুড়ে বাসটি। ছবি: ভিডিও থেকে
রাজধানীর মিরপুর-১ নম্বরে একটি যাত্রীবাহী বাস পুড়েছে আগুনে।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসুমতি পরিবহনের ওই বাসটিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। পুলিশের ধারণা, বাসটিতে আগুন ধরানো হয়েছে।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ আগামীর সময়কে বলেন, মিরপুর-১ নম্বরে বাসে আগুন লাগার খবর পেয়ে তা নেভাতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয়েছে।
আগুনে কেউ হতাহত হয়েছে কি না এবং এটি দুর্ঘটনা নাকি নাশকতা, সেই বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
শাহ আলী থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, ‘সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।’
পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে জানান তিনি।
কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ কিছু জানায়নি।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে সম্প্রতি বাসে আগুন দেওয়ার ঘটনাগুলোর জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে আসছে সরকার।
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা দেখা দিয়েছে। এর মধ্যেই এই মাসের শুরু থেকে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।



