গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নীরবতা ভাঙলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ করা এবং জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ড. ইউনূস।
ড. ইউনূস উল্লেখ করেন, সাম্প্রতিক দিনগুলোতে দেশে পরিকল্পিত অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে এবং স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। তিনি জানান, চট্টগ্রামে তার নিজের বাড়িও হামলার শিকার হয়েছে, যেখান থেকে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল এবং যেখানে তার দুই ছোট ভাই পরিবার নিয়ে থাকেন।
নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা চালানো হচ্ছে বলে তুলে ধরেন তিনি। তার ভাষ্য, শুধু নভেম্বরেই প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে এবং হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। ওপরের মহলের নির্দেশেই এসব হামলা চলছে বলে মন্তব্য করেন তিনি।
ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী এবং ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা, বাকি ১০ শতাংশ সরকারের। তিনি স্পষ্ট করেন, ২০১১ সালে তাকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের পর থেকে ব্যাংকটির পরিচালনা বা ব্যবস্থাপনায় তার কোনো সম্পৃক্ততা নেই এবং কখনো কোনো শেয়ারের মালিকও ছিলেন না। হামলাকারীরা মিথ্যা প্রচারণা চালিয়ে হামলার পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।
এই সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকে সীমাবদ্ধ নেই উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা, কর্মী ও নথিপত্রের সুরক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরদার নিরাপত্তা চাওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি দ্রুত পদক্ষেপ নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে অপরাধীদের দ্রুত বিচার এবং আন্তর্জাতিক মহলের সহযোগিতা কামনা করেন ড. ইউনূস।





