নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা, গ্রেপ্তার ৩

বেগমগঞ্জ মডেল থানা
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যাংকের এরিয়া ম্যানেজার পিংকু চাকমার করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন সিফাত (১৮), মারুফ (২১) ও মহিন উদ্দিন বাদশা (৩৬)। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
পুলিশ জানায়, শুক্রবার বিকাল পৌনে ৩টার দিকে চৌমুহনী পূর্ব বাজারের নাপিতের পোল এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের শাখার সামনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। এ সময় ব্যাংকের দুটি জানালার কাচও ভাঙচুর করা হয়। প্রায় পাঁচ মিনিট পর হামলাকারীরা চলে গেলে ব্যাংকের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
ওসি মাহাবুল কবির জানিয়েছেন, ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




