গোপালগঞ্জে আরেক এমপির বাড়ি ও থানা আক্রান্ত, পুড়ল গ্রামীণ ব্যাংকও

আগুনে পুড়ছে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়ি। ছবি : আগামীর সময়
গোপালগঞ্জে থেমে নেই সহিংসতা। এবার কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। একই সঙ্গে মুকসুদপুর থানা ও ওই এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায়ও হয়েছে হামলা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়ানীতে সংসদ সদস্য সেলিমুজ্জামানের বাড়িতে ককটেল নিক্ষেপ করা হয়। পরে উত্তেজিত জনতা পেট্রল ঢেলে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
এ ছাড়া প্রায় একই সময়ে মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকের শাখায়ও ঘটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা।
গত রাত থেকে নতুন করে বড় কোনো সহিংসতার খবর না পাওয়া গেলেও সকাল থেকে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। জেলার বিভিন্ন সড়কে গাছ ফেলে অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। শহরের দোকানপাটও বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না বাসিন্দারা।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা চালানো হয়। হামলাকারীরা বাড়িতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়।
টুঙ্গিপাড়া থানায় হামলার পর থেকে সেখানে পুলিশের কার্যক্রম বন্ধ হয়ে যায়। থানার ভেতরে থাকা পুলিশের নয়টি সরকারি গাড়ি আগুনে পুড়ে যায়। নিরাপত্তার অভাবে পুলিশ সদস্যরা ব্যারাক ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন।
গতকাল বুধবার সকালে কাশিয়ানী উপজেলা সদরে উপজেলা বিএনপির কার্যালয় ও ওই এলাকার গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এদিন বেলা ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল থেকে কিছু লোক উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়। তারা কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। একই সময়ে পাশের গ্রামীণ ব্যাংকের শাখায়ও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) আবু আলম হামলার শিকার হন। তাকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে।
একই দিন সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে হামলা চালানো হয়। হামলাকারীরা ক্লিনিকের আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়েও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় জেলার বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়।
বৃহস্পতিবার ভোর থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এতে এসব মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গোপালগঞ্জ শহরের অভ্যন্তরীণ সড়কেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
গত ১৭ নভেম্বর রাত থেকে টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে। ফলে জেলার সঙ্গে আশপাশের এলাকার সড়ক যোগাযোগও ব্যাহত হচ্ছে।
এদিকে, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেখা যায়নি কোনো নিরাপত্তা চৌকি। তবে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।



