স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

সুইডেন আসলামের এই ছবিটিই কেবল পাওয়া যাচ্ছিল তার উত্থানের সময়।
দেশ ছাড়ার সময় বিমানবন্দরে গ্রেপ্তার হওয়ার পর আবার আলোচনায় শেখ আসলাম, ঢাকার অপরাধ জগতে যিনি ‘সুইডেন আসলাম’ নামে পরিচিত। এক সময় পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ছিল তার নামটি। কারাগারে ছিলেন বহু বছর। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর মুক্তির দুই বছর বাদে আবার গ্রেপ্তার হলেন তিনি।
গতকাল রোববার গভীর রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করার পর পুলিশ জানিয়েছে, মালয়েশিয়া যেতে চাইছিলেন সুইডেন আসলাম। ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
কী কারণে সুইডেন আসলামকে এখন গ্রেপ্তার করা হলো, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। তবে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ে অন্তত শতাধিক অভিযোগ জমা পড়েছে পুলিশের দপ্তরে।
ঢাকার অপরাধ জগতে সুইডেন আসলামের উত্থান গত শতকের ৮০ এর দশকে। শুরুতে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় ছিল তার আধিপত্য। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারে নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে খুন করার অভিযোগে ব্যাপকভাবে আলোচনায় আসে তার নাম।
বেশ কয়েকটি হত্যামামলার আসামি হয়ে গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন কারাগারে ছিলেন সুইডেন আসলাম। ২৭ বছর পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন তিনি। ৬৪ বছর বয়সে এখন আবার গ্রেপ্তার হলেন।
নাম এল যেভাবে
সুইডেন আসলামের বাবার নাম শেখ মোহাম্মদ জিন্নাত আলী। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ থানার আলগা ইউনিয়নের সাঁথিয়া গ্রামে। তবে তিনি থাকতেন ঢাকার ইন্দিরা রোডে। ফার্মগেটে রড-সিমেন্টের ব্যবসা ছিল তার। জিন্নাত আলীর তিন ছেলে ও চার মেয়ের মধ্যে আসলাম দ্বিতীয়।
আসলাম এসএসসি পাস করেন তেজগাঁও পলিটেকনিক স্কুল (বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয়) থেকে। স্কুলজীবনে তিনি ভালো ফুটবল খেলতেন। আন্তজেলা স্কুল ফুটবল প্রতিযোগিতায় খেলেছেন। তেজগাঁও কলেজে এইচএসসিতে ভর্তি হয়েই বনে যান উঠতি ‘রংবাজ’।
অপরাধ বিষয়ক জ্যেষ্ঠ সাংবাদিক, বর্তমানে আজকের পত্রিকার সম্পাদক কামরুল হাসান অপরাধ কাহিনী নিয়ে তার ‘আষাঢ়ে নয়’ সিরিজে সুইডেন আসলামকে নিয়ে লিখেছেন।
তার দেওয়া তথ্যে জানা যায়, ফার্মগেট এলাকায় তখন ‘চাইনিজ’ নামের আরেক সন্ত্রাসীর বেশ নামডাক ছিল। তার সহযোগী ছিলেন শাকিল। চাইনিজের সঙ্গে সম্পর্ক করতে তার সুইডেনপ্রবাসী বোন ইতিকে বিয়ে করেন আসলাম। এরপর তিনি স্ত্রীর কাছে সুইডেনে চলে যান।
কিন্তু কিছুদিন যেতে না যেতেই তাদের দাম্পত্য সম্পর্কে চিড় ধরে। সুইডেনেই ইতির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় আসলামের। আবার দেশে ফিরে অপরাধ জগতে জড়িয়ে পড়েন। তবে প্রাক্তন স্ত্রীর সূত্রে তার নামের সঙ্গে জুড়ে যায় ‘সুইডেন’ নামটি।
কামরুল ইসলাম লিখেছেন, দেশে ফেরার পর চাচাত বোন সিমিকে বিয়ে করেন সুইডেন আসলাম।
যেভাবে উত্থান
১৯৯৬-৯৭ সালের দিকে কারওয়ান বাজার, ফার্মগেট, রাজাবাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় আলোচিত হত্যাকাণ্ডের প্রায় সবক’টিতে আসে সুইডেন আসলামের নাম।
কিন্তু তাকে দেখা যেত না। বলা হতো, তিনি ঘুরে বেড়াতেন ছদ্মবেশে। নিরাপত্তায় শঙ্কায় সব সময় পরে থাকতেন বুলেট প্রুফ জ্যাকেট।
তখন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তার আগে এইচ এম এরশাদ আমলে কারওয়ান বাজার এলাকার অপরাধ জগতের নিয়ন্ত্রণ করত জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপ। সেই গ্রুপের একজন ছিলেন পিচ্চি হান্নান। আধিপত্য বিস্তার নিয়ে ১৯৯০ সালের পর রানা গ্রুপের সঙ্গে সুইডেন আসলাম গ্রুপের দ্বন্দ্ব বাড়তে থাকে। দুই পক্ষের দ্বন্দ্বে খুনোখুনিও ঘটত।
এক পর্যায়ে ১৯৯৬ সালে পিচ্চি হান্নানকে নিজদলে নেন আসলাম। পরে একই বছর হান্নানকে দিয়ে আসলাম কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানাকে খুন করেন বলে অভিযোগ ওঠে।
তার পরই কারওয়ান বাজার, তেজতুরি বাজারসহ তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চলসহ শেরেবাংলা নগর এলাকার নিয়ন্ত্রণ নেন আসলাম।
একের পর এক খুন
কামরুল হাসান লিখেছেন, প্রাক্তন স্ত্রী ইতি ঢাকায় ফিরে মামুন নামের আরেক সন্ত্রাসীকে বিয়ে করলে তাকে হত্যার জন্য মরিয়া হয়ে ওঠেন সুইডেন আসলাম। ১৯৯৫ সালের মে মাসে পুরান ঢাকার সন্ত্রাসী আগা শামীমের আস্তানায় সমঝোতার কথা বলে মামুনকে ডাকা হয়। মামুনসহ তিনজনকে সেখানেই হত্যা করা হয়।
২০০৪ সালের জুন মাসে ওই হত্যামামলার রায়ে আগা শামীমের যাবজ্জীবন কারাদণ্ড হলেও আসলাম খালাস পান।
মামুন ও ইতির বিয়েতে সহায়তা করেছিলেন আসলামের ‘সেকেন্ড ইন কমান্ড’ বিপুল। একদিন মধুবাগের মাঠে ধারালো অস্ত্র দিয়ে বিপুলের দুই হাত বিচ্ছিন্ন করে আসলাম তাকে খুন করান বলে অভিযোগ। বিপুলের সঙ্গে সম্পর্ক রাখা কলাবাগানের কিসলুকেও মেরে ফেলা হয়।
আসলামের আরেক সহযোগী ছিলেন গাব্বু। তার স্ত্রী আসমা একবার পুলিশকে আসলামের গতিবিধির কথা জানিয়ে দিয়েছিলেন। একদিন তেজগাঁও রেললাইনের বস্তিতে গাব্বুর সামনেই তার স্ত্রী আসমাকে বুকে গুলি করে খুন করা হয়। তখনো মূল অভিযোগ ছিল আসলামের দিকে।
মিরপুরে রানা, সাজ্জাদ, টাঙ্গাইলের ছাত্রনেতা শামীম তালুকদারও সুইডেন আসলামের হাতে খুন হয়েছিলেন বলে কামরুল হাসানের লেখায় দাবি করা হয়।
তিনি বলছিলেন, নিজের সাম্রাজ্য ঠিক রাখতে কারওয়ান বাজারের পিচ্চি হান্নান, মগবাজারের সুব্রত বাইন ও টিক্কার সঙ্গে এক হয়েছিলেন আসলাম।
ছদ্মবেশে চলাফেরা, নিরাপত্তায় বুলেটপ্রুফ জ্যাকেট
নব্বইয়ের দশকে রাজধানীর একের পর এক আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় সুইডেন আসলামের নাম উঠে আসত। তবে তাকে সহজে দেখা যেত না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে ছদ্মবেশে চলাফেরা করতেন বলে প্রচলিত ছিল। নিজের নিরাপত্তার জন্য ব্যবহার করতেন বুলেটপ্রুফ জ্যাকেটও।
যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডের পর ১৯৯৭ সালের ২৬ মে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তখন তার বয়স ছিল ৩৫ বছর। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধারের কথাও বিভিন্ন সূত্রে জানা যায়।
তার গ্রেপ্তারে রাজধানীর অপরাধজগতে বড় ধরনের ধাক্কা লাগে। কিন্তু কারাগারের চার দেয়ালেই যে তার প্রভাব থেমে গিয়েছিল, তা নয়।
কারাগার থেকে নিয়ন্ত্রণ
যুবলীগ নেতা গালিব খুন হওয়ার পর আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৯৭ সালের ২০ মে গ্রেপ্তার হন সুইডেন আসলাম। সেই সময় তার কাছ থেকে বুলেট প্রুফ জ্যাকেটও উদ্ধার করা হয়।
তার গ্রেপ্তার হওয়ার বিবরণ দিয়ে কামরুল হাসান লিখেছেন, প্রায় এক বছর ছক কষে বনানীর ওল্ড ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করা হয় সুইডেন আসলামকে। সেই বাসা চিনতে ফ্রিজ বহন করা একটি ভ্যানের পিছু নিতে হয়েছিল পুলিশকে। নতুন কেনা ফ্রিজ সেই সন্ত্রাসীর বাসায় যাচ্ছে শুনেই ভ্যানের পিছু নিয়েছিল গোয়েন্দা পুলিশ।
তার আগে সুইডেন আসলামকে শীর্ষসন্ত্রাসী ঘোষণা দিয়ে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
এরপর কারাগার থেকেই সুইডেন আসলাম অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন বলে জানা যায়। সেই কাজে মূল ভূমিকায় ছিল ঘনিষ্ঠ সহযোগী পিচ্চি হান্নান।
বলা হয়ে থাকে, কারওয়ান বাজার ও তেজগাঁও শিল্পাঞ্চলীয় এলাকায় আড়ৎমালিক, গার্মেন্টস মালিক, জায়গা কেনা-বেচাসহ নানা কারণে ব্যবসায়ীসহ অনেকের কাছ থেকে আসলামের নামেই চাঁদা তুলতেন হান্নান কিংবা তার বাহিনী। জেলে বসেই সেই টাকার ভাগ পেতেন আসলাম।
সেই সময় তার মাদক চোরাকারবার ছিল বলেও শোনা যায়। এ ছাড়া, কন্ট্রাক্ট কিলিং, অর্থের বিনিময়ে জমি দখলসহ নানা অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে সুইডেন আসলামের জড়িত থাকার তথ্যও শোনা যায়।
কারাগারে তার সেল থেকে দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। এসব ফোন দিয়ে তিনি কারাগারের বাইরে থাকা সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। এমনকি যারা তার বিরুদ্ধে মামলা করেছিলেন, তাদেরসহ মামলার সাক্ষীদের হুমকিও দিতেন। এসব কারণে নানা সময়ে কয়েকবার তার কারাগার পরিবর্তনও করা হয়।
মুক্তির সুযোগ পেয়েও বন্দি
কামরুল হাসান লেখায় বলা হয়েছে, বিভিন্ন সময়ে সুইডেন আসলামের বিরুদ্ধে ২২টি মামলা হয়েছে, যার ৯টি হত্যা মামলা। বাকিগুলো অপহরণ ও চাঁদাবাজি। অস্ত্র আইনের দুটি মামলায় তার যাবজ্জীবন এবং ১৭ বছরের কারাদণ্ড হয়েছিল। পরে এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে অব্যাহতি পান।
শুধু গালিব হত্যা মামলায় কারাগারে ছিলেন সুইডেন আসলাম। মাহমুদুল হক খান গালিব ছিলেন তেজগাঁওয়ের যুবলীগ নেতা। ১৯৯৭ সালের ২৩ মার্চ তেজকুনিপাড়ার বাসার সামনে খুন হন।
এ মামলার আসামি শাহীন আদালতে জবানবন্দি দিয়ে বলেছিলেন, সুইডেন আসলামের উপস্থিতিতে দেলু ও মাসুদ গুলি করে খুন করেন গালিবকে। গালিবের স্ত্রী শাহেদা নাসরিন শম্পা তেজগাঁও থানায় মামলা করেছিলেন। কিন্তু আসলামের ভয়ে এই মামলার সাক্ষীরা আদালতে যেতেন না।
আসলামের ঘনিষ্ঠদের কেউ কেউ বলেন যে, চাইলে ২০১০ সালের পর তিনি কারাগার থেকে বের হতে পারতেন। কিন্তু বেরিয়ে আসার পর ‘ক্রসফায়ারের’ ভয়ে তিনি জামিনের চেষ্টাও করেননি।
রাজনৈতিক পট পরিবর্তনের পর এই মামলায় জামিন নিয়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসেন সুইডেন আসলাম। তার আগে ১০ বছর এই কারাগারে ছিলেন তিনি।





