প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

সামিরা খান মাহি
ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোয় চলছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ৭৫তম ‘মিস ইউনিভার্স’। এই বর্ণাঢ্য আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি।
প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড শেষ হওয়ার পর দেশের মানুষ ও ভক্তদের অভাবনীয় সাড়া ও সমর্থনে আপ্লুত হয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমের সেই পোস্টে মাহি লিখেছেন, ‘আমার প্রিয় বাংলাদেশ। আজকের প্রিলিমিনারি রাউন্ডের পর আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো নয়। দেশের হাজার মাইল দূরে থেকেও প্রতিটি মুহূর্তে আমি আপনাদের ভালোবাসা, দোয়া এবং সমর্থন অনুভব করেছি।’
ভক্তদের ভোটের জোয়ারে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘আমার জন্য আপনাদের এই ভালোবাসা, আপনাদের সম্মিলিত প্রচেষ্টা, ভোট দেওয়ার আগ্রহ, সবকিছুই আমাকে আবেগাপ্লুত করেছে। প্রায় ৮ কোটি ভোটের এই অভাবনীয় সমর্থন শুধু একটি সংখ্যা নয়, এটি আমার প্রতি আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং বাংলাদেশের মানুষের এক বিশাল আবেগের প্রতিফলন।’
আন্তর্জাতিক মঞ্চে নিজেকে একা না ভেবে পুরো দেশের সমর্থনকে সঙ্গী মনে করার কথা জানিয়ে মাহি বলেন, তিনি হয়তো একা এই যাত্রায় এসেছেন, কিন্তু প্রতিটি মুহূর্তে অনুভব করেছেন তার সঙ্গে আছে পুরো বাংলাদেশ। দর্শকদের প্রতিটি ভোট, মেসেজ আর দোয়া তাকে আরও সাহসী করে তুলেছে বলে জানান এই সুন্দরী।
দেশের মানুষের স্বপ্নের মর্যাদা রাখার অঙ্গীকার করে মাহি লেখেন, মানুষ তাকে নিয়ে কতটা স্বপ্ন দেখছেন তা তিনি ভালোভাবেই জানেন। মন থেকে চান সেই ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা রাখতে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম গর্বের সঙ্গে তুলে ধরতে।
নিজের দেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসাকে জীবনের সবচেয়ে বিশেষ প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন তিনি।
পোস্টের শেষে সবার কাছে দোয়া চেয়ে মাহি লেখেন, ‘আপনাদের ভালোবাসা নিয়েই শেষ পর্যন্ত এগিয়ে যেতে চাই। ভালোবাসি বাংলাদেশ। ভালোবাসি আমার দেশের মানুষকে। তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি।’
আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর সান জুয়ানের হোসে মিগেল আগ্রেলো কলিসিয়ামে অনুষ্ঠিত হবে ৭৫তম মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্ব। প্রিলিমিনারি রাউন্ড পেরিয়ে চূড়ান্ত লড়াইয়ের আগে মাহির এই আবেগঘন বার্তা ভক্তদের মাঝে আরও বাড়িয়ে দিয়েছে বাড়তি উন্মাদনা।




