ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত চারজনের শাস্তি নির্ধারণে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদকে নির্দেশ দিয়েছে সিন্ডিকেট। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সোমবার নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।
সোমবার (২৩ নভেম্বর) রাতে আগামীর সময়কে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
তিনি বলেন, তদন্ত কমিটি সাংবাদিকদের ওপর হামলায় জড়িত চারজনের নাম উল্লেখ করেছে। সিন্ডিকেট তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে তাদের শাস্তি নির্ধারণের জন্য বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদকে নির্দেশ দিয়েছে। শৃঙ্খলা পরিষদ অপরাধের ধরন অনুযায়ী শাস্তির মাত্রা নির্ধারণ করে তা আবার সিন্ডিকেটে পাঠাবে। এরপর সিন্ডিকেট সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।
হামলায় জড়িত চারজনের নাম জানতে চাইলে উপাচার্য বলেন, ‘এই মুহূর্তে মনে নেই।’
সোমবার বিকেল ৫টায় শুরু হওয়া সিন্ডিকেট সভা শেষ হয় রাত ১১টার দিকে। উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্যসহ সিন্ডিকেটের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৩ এপ্রিল পেশাগত দায়িত্ব পালনের সময় শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর অতর্কিত হামলা চালান ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন সাংবাদিকরা।
পরে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ পাঁচ মাসের তদন্ত শেষে গত ৬ অক্টোবর প্রতিবেদন জমা দেয় কমিটি।
উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘অপরাধী যেই হোক না কেন, অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে হবে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।’




