মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

সংগৃহীত ছবি
চীন থেকে আসা একটি জাহাজ থেকে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। ইন্দোনেশিয়া জলসীমায় জ্বালানি তেল নিতে গিয়ে উত্তর সুমাত্রা সাগর থেকে জাহাজটি আটক হয়। কমোরোসের পতাকাবাহী এই জাহাজের নাম ‘স্টারলাইন’। নাবিকসহ তাদের হেফাজতে আছে। ইন্দোনেশিয়ার একাধিক সংবাদ সংস্থা এই খবর দিয়েছে। তাদের ভাষ্য, জাহাজটি এই রাসায়নিক কন্টেইনারে বোঝাই করে চীন থেকে বাংলাদেশের মোংলা বন্দরে পৌঁছার কথা। মাঝপথেই সেটি আটক হলো।
জাহাজের জিপিএস ট্র্যাকিং মেরিন ট্র্যাফিক ডটকমের তথ্য অনুযায়ী, জাহাজটি চীনের লিয়াংইয়ংগেন বন্দর থেকে ১২ সেপ্টেম্বর রনা দেয়। ৬ নভেম্বর ইন্দোনেশিয়া জলসীমার বেলাওয়ান এলাকায় পৌঁছে। ৭ নভেম্বর সেটি আটক করা হয়। ১৩ দিন পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়।
শুক্রবার (২০ নভেম্বর) বেলাওয়ানে এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর (কোডারেল-১) কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা আটকের বিস্তারিত তথ্য জানান। তাদের দাবি, জাহাজটি চীন থেকে মোংলা বন্দরে যাচ্ছিল।
বাংলাদেশের গার্মেন্টসহ বিভিন্ন শিল্পে সোডিয়াম পারক্লোরেটের ব্যবহার আছে। বিস্ফোরক তৈরিতেও ব্যবহার করা হয় এ রাসায়নিক। উচ্চমাত্রার জারক হওয়া সোডিয়াম পারক্লোরেট আমদানিতে বেশ কিছু বিধিনিষেধ মানতে হয়। অনেক সরকারি প্রতিষ্ঠানের অনুমতি নিয়েই এই রাসায়নিক আমদানি করতে হয়।
ইন্দোনেশিয়ার আন্তারা নিউজ, কুম্পারান নিউজ, সম্প্রচারমাধ্যম টিভিওয়ান নিউজে বলা হয়, ‘উচ্চমাত্রার জারক হওয়া সোডিয়াম পারক্লোরেট অন্য পদার্থের সঙ্গে মিশিয়ে এটি রকেটের জ্বালানি বা প্রপেল্যান্ট এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা যায়। প্রায় ৪ টন সোডিয়াম পারক্লোরেট দিয়ে একটি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। সেই হিসাবে ৪০৫ টন রাসায়নিক দিয়ে সম্ভাব্যভাবে ১০০টি পর্যন্ত ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব।’
সংবাদ সম্মেলনে কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা জানান, চীন থেকে বাংলাদেশে যাওয়ার পথে জাহাজটি বেলাওয়ান জলসীমায় জ্বালানি নেওয়ার জন্য অবস্থান করছিল। এ সময় ইন্দোনেশিয়ান নৌবাহিনীর টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭-এর সদস্যরা এমভি স্টার লাইনের অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করেন। জাহাজটি নির্ধারিত পথের বাইরে চলাচল করায় সন্দেহ হলে সেটির সঙ্গে যোগাযোগ করেন তারা।
পরে জাহাজটির নথিপত্র ও পণ্যসামগ্রীতে অসংগতি পাওয়ায় কেআরআই সিগালুর কমান্ডার কোডারেল-১-এর সদর দফতরের সঙ্গে সমন্বয় করে তল্লাশির উদ্যোগ নেন।
ডেনি সেপ্টিয়ানা জানান, জাহাজটিতে মোট ৩৬টি কনটেইনার ছিল। এর মধ্যে ১৫টি কনটেইনারে রাসায়নিক পদার্থ সোডিয়াম পারক্লোরেট ছিল। অক্সিডাইজার হিসেবে ব্যবহৃত এই রাসায়নিকের মোট পরিমাণ ৪০৫ টন। জাহাজটির নথিপত্রেও অসংগতি পাওয়া গেছে। নথিতে এমভি স্টার লাইনের আইএমও নম্বর ৮৩৫৬৯৬২, আনুষ্ঠানিক নম্বর ১৯০২৩৮৪ এবং কল সাইন ডি-৬এ৪৩৮৪ উল্লেখ রয়েছে। নথির মেয়াদ ২০২৭ সালের ৮ অক্টোবর পর্যন্ত থাকলেও এর বৈধতার অবস্থা স্থগিত (সাসপেন্ডেড) হিসেবে শনাক্ত হয়েছে।
ডেনি জানালেন, জাহাজটির প্রশাসনিক নথিপত্র, সমুদ্রপথে চলাচলের বৈধতা এবং বিপজ্জনক পণ্য পরিবহনের নিয়ম মেনে চলা হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।
৮ নভেম্বর জাহাজটি মোংলা বন্দরে ভেড়ার কথা সংবাদ সম্মেলনে দাবি করা হলেও মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার মেরিন) কমডোর মো. জহিরুল হকের সঙ্গে যোগাযোগ করে আগামীর সময়। তিনি তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি। পরে জনসংযোগ উপপরিচালক মোহাম্মদ সালাহ্ উদ্দিন কবিরের মাধ্যমে তিনি দাবি করেন, এই জাহাজের কোন ডিক্লারেশন মোংলা বন্দরের কাছে নেই। ফলে জাহাজের শিপিং এজেন্টের নাম জানা যায়নি।’
জানা গেছে, একটি জাহাজ মোংলা বন্দরে জলসীমায় পৌঁছার আগে আনুষ্ঠানিকভাবে বন্দর কর্তৃপক্ষকে অবহিত করে শিপিং এজেন্ট। এই এজেন্ট জাহাজে থাকা পণ্যের আমদানিকারক, পণ্যের বিবরণ, প্যাকিং লিস্ট দেয়। শিপিং এজেন্টের নাম না জানায় সেই পণ্য আসলে কে এনেছিল তা জানা যায়নি।
একইসাথে চট্টগ্রাম বন্দরের জাহাজ বিবরণী তালিকাতে এই ধরনের জাহাজের নাম পাওয়া যায়নি। ফলে সেই জাহাজের গন্তব্য কোথায় তা নিশ্চিত করা যায়নি। তবে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ জাহাজের নাবিকদের জিজ্ঞাসাবাদ করলেই বিষয়টি স্পষ্ট করা সম্ভব।
প্রায় ৯৭ মিটার দৈর্ঘ্য ও প্রায় ১৫.৮ থেকে ১৬ মিটার প্রস্থের এমভি স্টারলাইন জাহাজ প্রায় ৫,০৬৬ মেট্রিক টন ডেডওয়েট সক্ষমতার একটি ছোট বাল্ক জাহাজ। কন্টেইনারসহ বিভিন্ন সাধারণ পণ্য বহনে ব্যবহৃত হয় এবং এর প্রায় ৪.২ মিটার ড্রাফট মোংলা বন্দরের নদী চ্যানেল ও জেটিতে প্রবেশের ভৌত সীমাবদ্ধতার সাথে সামঞ্জস্যপূর্ণ। সাধারণত এত দূরের চীন থেকে জাহাজটি মোংলা বন্দরে এত ঝুঁকিপূর্ণ রাসায়নিক নিয়ে আসার কথা নয়।
হাজটিতে থাকা মোট ৩৬টি কন্টেইনারের মধ্যে ১৫টি কন্টেইনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট নামক কৌশলগত অক্সিডাইজার রাসায়নিক পাওয়া গেছে, আর বাকি ২১টি কন্টেইনারে কী পণ্য ছিল তা তদন্তাধীন এবং এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি




