মিয়ানমারের বিরুদ্ধে অবস্থান মালয়েশিয়ার, আসিয়ানেও কোণঠাসা জান্তা

জান্তাসমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং— রয়টার্স
একদিকে রোহিঙ্গা গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার, অন্যদিকে আঞ্চলিক জোট আসিয়ানেও ক্রমেই কোণঠাসা দেশটির সামরিক নেতৃত্ব। গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর এ নিয়ে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। এর মধ্যেই আসিয়ানের শীর্ষ সম্মেলনে পূর্ণ প্রতিনিধিত্ব না পেয়ে জোটটির বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলেছে মিয়ানমারের জান্তাসমর্থিত সরকার। রোহিঙ্গা সংকট ও অভ্যুত্থান-পরবর্তী অস্থিরতায় আন্তর্জাতিক অঙ্গনে আরও চাপের মুখে পড়ছে নেপিদো।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রবিবার বলা হয়, রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার বিষয়ে আইসিজের রায়কে সম্মান জানায় কুয়ালালামপুর। এ রায়ের পরিপ্রেক্ষিতে উদ্ভূত বিষয়গুলো নিয়ে জাতিসংঘ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে কাজ করবে দেশটি।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়া রোহিঙ্গা সংকটের একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘস্থায়ী সমাধানের পক্ষে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। দেশটির ভূখণ্ডে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার কথাও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত রায় দেন, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক অভিযানের সময় রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এ মামলা করেছিল। আদালত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
২০১৭ সালের ওই সামরিক অভিযানে হাজারো রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন ১০ লাখের বেশি মানুষ। রোহিঙ্গা সংকটের প্রভাব মালয়েশিয়াতেও রয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ১ লাখ ৩৩ হাজার ৪০০ রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থী নিবন্ধিত ছিলেন। এ ছাড়া অক্টোবর পর্যন্ত ৬ হাজার ২৯৪ জন রোহিঙ্গা দেশটির অভিবাসন আটককেন্দ্রে ছিলেন।
আসিয়ানের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ
রোহিঙ্গা গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতের রায়ের পর মালয়েশিয়ার এমন অবস্থানের মধ্যেই আসিয়ানের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছে মিয়ানমার। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ানের ৪৯তম শীর্ষ সম্মেলনে দেশটির পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব পুনর্বহালের সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও তা শর্তসাপেক্ষ রাখা হয়েছে।
সম্মেলন শেষে আসিয়ান নেতারা জানান, মিয়ানমার ২০২১ সালের সামরিক অভ্যুত্থান-পরবর্তী সংকট সমাধানে জোটের পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে অগ্রগতি দেখাতে পারলে ধীরে ধীরে দেশটির পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
কিন্তু আসিয়ানের এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি মিয়ানমারের জান্তাসমর্থিত সরকার। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সিদ্ধান্তটিকে ‘অন্যায্য ও ভারসাম্যহীন’ বলে আখ্যা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের অভিযোগ, আসিয়ানের সিদ্ধান্তে দেশটির নেওয়া ইতিবাচক পদক্ষেপগুলো যথাযথভাবে প্রতিফলিত হয়নি। বরং দেশটির মতামত উপেক্ষা করে সমান অধিকার ও পূর্ণ প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করা হচ্ছে।
বিবৃতিতে মিয়ানমার আরও দাবি করেছে, দেশটিতে কোনো রাজনৈতিক বন্দি নেই। সামরিক অভ্যুত্থানের পর থেকে ১ লাখ ২৬ হাজারের বেশি বন্দিকে ক্ষমা বা সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে বলেও দাবি করেছে তারা। তবে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, অভ্যুত্থানের পর মিয়ানমারে হাজারো রাজনৈতিক বন্দিকে আটক করা হয়েছে।
এর আগে বুধবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে জান্তাসমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং আসিয়ানের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার কথা জানিয়েছিলেন। তবে সদস্যদেশগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথাও বলেন তিনি।
২০২১ সালে অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাতের পর থেকেই মিয়ানমারের সামরিক নেতৃত্বকে আসিয়ানের উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়া থেকে বিরত রাখা হয়েছে। অভ্যুত্থানের পর দেশটিতে শুরু হওয়া গৃহযুদ্ধে জাতিসংঘের হিসাব অনুযায়ী, এক লাখের বেশি মানুষ নিহত এবং বাস্তুচ্যুত হয়েছে ৩৫ লাখের বেশি মানুষ।



