যশোরের সাবেক এমপি আজিজুল রাজধানীতে গ্রেপ্তার

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলাম। ছবি: সংগৃহীত
যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে (৩৩) রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে সাবেক এই এমপিকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য জানিয়েছেন ডিবির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ।
তিনি বলেন, আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
‘আজিজুলের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে’-যোগ করেন ডিসি জিয়াউদ্দিন।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজিজুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে নির্বাচনে অংশ নেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের স্নেহভাজন হিসেবে পরিচিত ছিলেন আজিজুল ইসলাম। তিনি একসময় বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তিনি নির্বাচিত হয়েছিলেন জেলা পরিষদের সদস্যও।




