আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম
- এমারেল্ড অয়েলের ১২ ব্যক্তিকে জরিমানা ২৬ কোটি ৪৫ লাখ টাকা
- মিনোরি বাংলাদেশকে জরিমানা ২০ কোটি টাকা

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আর্থিক বিবরণীতে মিথ্যা তথ্য ও অনিয়ম পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির শেয়ার অধিগ্রহণ ও হস্তান্তর, মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ এবং সেকেন্ডারি মার্কেটে অস্বাভাবিক শেয়ারদরের বিষয় তদন্ত করতে গিয়ে এসব অনিয়ম ধরা পড়ে। কমিশনের তদন্তে উঠে এসেছে, মিথ্যা তথ্য প্রদান এবং আর্থিক বিবরণীতে যথাযথ তথ্য উপস্থাপন না করে কোম্পানিটির শেয়ারের মূল্য প্রভাবিত করা হয়েছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা।
এ ঘটনায় মিনোরি বাংলাদেশ লিমিটেডকে ২০ কোটি টাকা এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট পরিচালকদের মধ্যে ১২ জনকে মোট ২৬ কোটি ৪৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। সব মিলিয়ে এ ঘটনায় জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ কোটি ৪৫ লাখ টাকা।
শেয়ারবাজার সংশ্লিষ্টরা মনে করেন, বিনিয়োগকারীরা কোনো কোম্পানির আর্থিক প্রতিবেদন ও প্রকাশিত তথ্যের ওপর আস্থা রেখেই বিনিয়োগের সিদ্ধান্ত নেন। কারণ, এসব তথ্যের মাধ্যমেই একটি কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থা ও ব্যবসায়িক সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। কিন্তু সেই তথ্যে অসংগতি থাকলে বা প্রকৃত চিত্র আড়াল করা হলে বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নেওয়ার ভিত্তি দুর্বল হয়ে পড়ে এবং শেয়ারদর প্রভাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থার ব্যবস্থা নেওয়া জরুরি। এতে দায়ীদের জবাবদিহি নিশ্চিত হওয়ার পাশাপাশি বাজারে স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থা বাড়বে।
বিএসইসি সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট অনিয়ম নিয়ে এনফোর্সমেন্ট বিভাগের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করা হয়। তদন্তে উঠে আসা অনিয়ম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় বিবেচনায় নিয়ে কমিশন এসব জরিমানার সিদ্ধান্ত নেয়।
সিদ্ধান্ত অনুযায়ী, এমারেল্ড অয়েলের সংশ্লিষ্ট ১২ ব্যক্তির মধ্যে সর্বোচ্চ ১০ কোটি টাকা জরিমানা করা হয়েছে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেনকে। প্রধান অর্থ কর্মকর্তা মো. আশরাফুল আলম ও স্বতন্ত্র পরিচালক সাজিব হোসেনকে ৫ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে।
এ ছাড়া স্বতন্ত্র পরিচালক প্রশান্ত কুমার ব্যানার্জি, মোহাম্মদ গোলাম সারওয়ার ও ব্যবস্থাপনা পরিচালক মো. সাফিকুল ইসলামকে ২ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। স্বতন্ত্র পরিচালক ড. মো. লিয়াকত হোসেন মোরাল, শাহিনুর খানম এবং মনোনীত পরিচালক সিদরাতুল মাহবুব হাসানকে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে, মনোনীত পরিচালক মো. নাসির সিকদার, মোহাম্মদ মুরাদ হাসান ও মো. রুবেল সরদারকে ৫ লাখ টাকা করে জরিমানা করেছে কমিশন।
এদিকে, একই ঘটনায় সংশ্লিষ্ট আরও ১৬ ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ নিষ্পত্তি বা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। কমিশনের সিদ্ধান্তে বলা হয়েছে, তদন্তে চিহ্নিত অনিয়মের সঙ্গে এসব ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ কারণে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।
ঋণ কেলেঙ্কারি ও মূলধন সংকটের কারণে ২০১৭ সাল থেকে ‘স্পন্দন’ ব্র্যান্ডের রাইস ব্র্যান অয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের কার্যক্রম বন্ধ ছিল। শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিকে সচল করতে ২০২১ সালে এগিয়ে আসেন জাপানপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও মিনোরি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন। বিএসইসির বিশেষ অনুমোদনে তার নেতৃত্বাধীন মিনোরি প্রায় ৩১ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করে এমারেল্ড অয়েলের পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণ নেয় এবং বৃহত্তম অংশীদার হয়। এই বিনিয়োগের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক সম্পর্কের সূচনা হয় এবং ২০২২ সালের জানুয়ারিতে এমারেল্ড অয়েল আবার বাণিজ্যিক উৎপাদনে ফেরে।



