হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

মো. শরীফ ও সানাউল্লাহ গনি
রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি অটোরিকশা গ্যারেজে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন এক যুবক, ছুরিকাঘাতে আহত হয়েছেন আরেকজন।
আজ সোমবার দুপুর দেড়টার দিকে ওয়াপদা রোড বাগিচারটেক কাদিরের গ্যারেজে দুর্বৃত্ত দল হানা দেয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। সেখানেই আহত হন ওই দুজন।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম সানাউল্লাহ গনি। তিনি বরিশালের গৌরনদী উপজেলার পয়সা বাকাই বাজার এলাকার বারেক শেখের ছেলে।
ছুরির আঘাতে আহত ব্যক্তির নাম মো. শরীফ। তার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার কুটুম্বপুর এলাকায়। তার বাবার নাম বেলাল হোসেন। শরীফ অটোরিকশা চালান।
আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শরীফকে হাসপাতালে নিয়ে যাওয়া সুমন নামে এক ব্যক্তি জানান, দুপুর দেড়টার দিকে তিন-চার জন ওই গ্যারেজে হামলা চালায়। তারা শরীফকে ছুরি মেরে আহত করে। সানাউল্লাহর বুকে ও ডান পায়ে গুলি করে পালিয়ে যায়।
হামলাকারীরা ‘টোকাই সুজন গ্রুপের’ বলে দাবি করেন সুমন। হাসনাইন, হাসিব, নূরু নামে তিনজন এই হামলায় ছিলেন বলেও জানান তিনি।
এই হামলার লক্ষ্য কি সানাউল্লাহ ছিলেন, নাকি শরীফ, নাকি গ্যারেজটিতে অন্য কারণে হামলা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পুলিশ কিংবা প্রত্যক্ষদ্শীদের কাছে পাওয়া যায়নি।
সানাউল্লাহ দুই মাস আসে কাতার থেকে দেশে ফিরেছেন বলে জানান তার খালাত ভাই মনির হোসেন। তিনি বলেন, আজ সকালে কাজের জন্য ওই গ্যারেজে গিয়েছিলেন সানাউল্লাহ।
গুলিবিদ্ধ সানাউল্লাহকে হাসপাতালে ভর্তি রেখে চিকিকৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান। শরীফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
ঢামেক ফাঁড়ির পুলিশ কর্মকর্তা হাবিবুর জানান, ঘটনাটি হাতিরঝিল থানাকে জানানো হয়েছে।



