মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী

একজন রোগীর জন্য রক্ত সংগ্রহ করছেন মেহেদী
দিনের বেশিরভাগ সময় কাটে আর্টের দোকানে। রঙতুলি আর নকশার কাজ করে চলে সংসার। তবে জীবিকার পাশাপাশি মানুষের জন্যও বের করেন সময়। কারও রক্তের প্রয়োজন, কেউ চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছেন, আবার কেউ খাবার কিংবা আশ্রয়হীন— এমন খবর পেলেই ছুটে যান। সামর্থ্য অনুযায়ী বাড়িয়ে দেন সহযোগিতার হাত। এভাবে প্রায় ১৯ বছর ধরে মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন বরগুনার পাথরঘাটা পৌর শহরের ইমান আলী সড়কের বাসিন্দা মেহেদী হাসান।
মেহেদী হাসানের মানবিক কাজের শুরু ২০০৭ সালে। উপকূলীয় এলাকায় প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের পরদিন বন্ধুদের নিয়ে দাঁড়ান দুর্গত মানুষের পাশে। নিজেদের উদ্যোগে পানি ও শুকনো খাবার বিতরণ করেন বাদুড়তলা, হাঁড়িটানা ও জিনতলা এলাকায়। তখন এক প্রসূতির রক্তের প্রয়োজন ছিল। অনেক খোঁজাখুঁজির পরও রক্তদাতা পাওয়া যাচ্ছিল না। ঘটনাটি তাকে ভাবিয়ে তোলে। বুঝতে পারেন, দুর্যোগের সময় খাবারের পাশাপাশি রক্তের অভাবেও মানুষের জীবন বিপন্ন হতে পারে। সেই ভাবনা থেকে ওই বছরের ডিসেম্বরে গড়ে তোলেন স্বেচ্ছায় রক্তদানের সংগঠন ‘প্রত্যয়’। শ’চারেক সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও এ পর্যন্ত রক্ত দেওয়া হয়েছে ৬ হাজার ৫০০ ব্যাগ।
রক্তদানের কাজের পাশাপাশি অসহায় ও মানসিক ভারসাম্যহীন মানুষের সেবাও করছেন মেহেদী। তার উদ্যোগে আট ভবঘুরে মানসিক ভারসাম্যহীন নারীকে সন্তান প্রসবের সময় চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া পাথরঘাটায় আশ্রয়হীন ও মানসিক ভারসাম্যহীন ৮৫ জনের চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি।
মৃত্যুর পরও এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন মেহেদী। তার দেওয়া তথ্য অনুযায়ী, পাথরঘাটায় ১১ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মারা যাওয়ার পর আটজনের দাফনের ব্যবস্থা করেছেন। বাকি তিনজনের পরিবারের সন্ধান পেয়ে স্বজনদের কাছে পৌঁছে দেন মরদেহ।
উপকারভোগী জান্নাতি আক্তার বলছিলেন, ‘সংসারের অভাব ঘোচাতে কাজের সন্ধানে চট্টগ্রামে ছিলেন স্বামী। হঠাৎ করে প্রসববেদনা শুরু হলেও কাউকেই পাশে পাচ্ছিলাম না। একজনের পরামর্শে মেহেদীর কাছে খবর দিই। তিনি অভিভাবকের ভূমিকা নিয়ে হাসপাতালে ভর্তি, রক্তের ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় সহায়তা করেন। তার কাছে আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ।’
দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও কাশিতে ভুগছিলেন পাথরঘাটা পৌর শহরের কাঁচাবাজার এলাকার বাসিন্দা ভবেশ মিস্রি। তিনি বললেন, ‘মেহেদীর সহায়তায় বহু মানুষ সুস্থ-স্বাভাবিক জীবনযাপন করছেন। তার মতো মানুষ সমাজে খুবই প্রয়োজন। আমি তার সুস্থতা কামনা করি।’
আগামীর সময়কে মেহেদী বলেছেন, ‘২০০৭ সালে ঘূর্ণিঝড়ের পর অসহায় মানুষের দুরবস্থা দেখে সামাজিক ও মানবিক কাজ শুরু করি। এরপর থেকে মানুষের নানা সমস্যা ও বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছি। এভাবে অসহায় মানুষের চিকিৎসা, খাবার, আশ্রয়, বেওয়ারিশ মরদেহের দাফনসহ সবই করছি লোকজন নিয়ে। নিজের আর্টের দোকান সামলে যতটুকু সম্ভব মানুষের পাশে থাকার চেষ্টা করি। এ কাজে সহযোগিতা করেন বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। যতদিন সামর্থ্য থাকবে, মানুষের সেবা করে যেতে চাই।’
পাথরঘাটা পৌরসভার সাবেক কাউন্সিলর মোনায়েম খান লিটু বলছেন, মেহেদীর এসব উদ্যোগ প্রশংসনীয়। সমাজের সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই কমানো সম্ভব।



