শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

ছবি: রয়টার্স
দুই বছর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান।
তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে রয়টার্স আজ মঙ্গলবার জানিয়েছে, জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তার ফেরার ব্যবস্থা করতে সরকারকে অনুরোধ জানিয়েছেন হাসিনা।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনার বন্দি প্রত্যর্পণ আইনেও আওতায় ছাড়া দেশে ফেরার সুযোগ নেই, এমন কথা বলে আসছেন সরকারের নীতি-নির্ধারকরা। দেশে ফিরলে তাকে বন্দি করা হবে, এমনটাও বলছেন তারা।
দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সম্প্রতি বেশ কয়েকটি সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। তবে এই প্রথম ফেরার জন্য নির্দিষ্ট করে তারিখ জানালেন তিনি। জুলাই অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সেখানে নির্বাসিত রয়েছেন তিনি।
এর আগে ৯ নভেম্বর রয়টার্স জানায়, পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। ২০২৪ সালে ভারতে চলে যাওয়ার সময় প্রধানমন্ত্রী হিসেবে লাল পাসপোর্টধারী ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় যাওয়ার পর তার সেই পাসপোর্ট বাতিল করে। ফলে তিনি এখন পাসপোর্টবিহীন বলেই জানা যাচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পাসপোর্টের জন্য লন্ডনভিত্তিক আইনি সহায়তার প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি লেখা হয়।
চিঠিতে বলা হয়েছে, ‘অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে আমাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’



