জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমান। ফাইল ছবি / রয়টার্স
বাংলাদেশের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির ইহুদি ও হিন্দু সংগঠনগুলো। তাদের অভিযোগ, ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা করে বিবৃতি দিয়েছিলেন জামায়াত আমির।
এক যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সফর নিয়ে ‘গভীর উদ্বেগ’ জানিয়েছে।
বিবৃতিতে সংগঠন দুটি বলেছে, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর শফিকুর রহমান প্রকাশ্যে তাকে বীর ও শহীদ হিসেবে প্রশংসা করেছেন। এ ছাড়া হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতেও শোক জানিয়েছেন তিনি। হানিয়াকে শহিদ হিসেবে কবুল করার জন্য প্রার্থনাও করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে জামায়াতে ইসলামীর ‘উদ্বেগজনক অতীত’ রয়েছে। দলটির সাবেক কয়েকজন নেতা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।
সংগঠন দুটি দাবি করেছে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল (এএনআইসি) গত ২১ নভেম্বর সিডনিতে এক মধ্যাহ্নভোজের আয়োজন করে শফিকুর রহমানকে আপ্যায়ন করেছে। ওই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন বলে খবর রয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘শফিকুর রহমানকে কেন অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হলো, তা সরকারের ব্যাখ্যা করা উচিত। সরকারি কোনো প্রতিনিধি তার সঙ্গে বৈঠক করেছেন কি না, সেটিও জানানো প্রয়োজন।’
অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি বলেছেন, ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী আয়েলেত শাকেদের অস্ট্রেলিয়ায় প্রবেশের ভিসা দেওয়া হয়নি। এ ছাড়া দেশটির কট্টর ডানপন্থী দল রিলিজিয়াস জায়োনিজমের আইনপ্রণেতা সিমচা রথম্যানের ভিসাও বাতিল করা হয়েছিল।
গ্রেগরি প্রশ্ন তুলেছেন, ‘ইসরায়েলি রাজনীতিকদের অস্ট্রেলিয়ায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে, অথচ হামাসের সন্ত্রাসীদের প্রকাশ্যে মহিমান্বিত করা একজন রাজনৈতিক নেতাকে স্বাগত জানানো হচ্ছে—এটা কীভাবে সম্ভব?’
অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি অমেন্দ্র সিং বলেছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, অপহরণ, লুটপাট ও ভয়ভীতি দেখানোর ঘটনায় উগ্র ইসলামপন্থীদের ভূমিকার বিষয়টি সুপরিচিত।
তিনি আরও বলেছেন, ‘যারা এসব নৃশংসতাকে সমর্থন করে অথবা নীরব দর্শকের ভূমিকা পালন করে, তাদের স্বাগত জানানো অস্ট্রেলীয়দের মধ্যে বিভেদ বাড়াবে এবং সামাজিক ঐক্য দুর্বল করবে।’
সূত্র : টাইমস অব ইসরায়েল




