জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ
- সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে ছিলেন জিয়াউল
- অপরাধ করেছেন শেখ হাসিনার আশ্রয়-প্রশ্রয়ে

জিয়াউল আহসান। ফাইল ছবি
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে এ অভিযোগ তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, সাক্ষীদের বর্ণনা অনুযায়ী বিভিন্ন সময়ে ১৫০ থেকে ২০০ জনকে নির্বিচারে হত্যার সঙ্গে জড়িত ছিলেন জিয়াউল। তাদের মধ্যে প্রায় ১১৫ জনকে শনাক্ত করা গেছে।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলাটির প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। এ সময় সামরিক কর্মকর্তাদের সাক্ষ্য ও তাদের দেওয়া তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর।
আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
যুক্তিতর্কে আমিনুল ইসলাম বলেন, ‘আমি আজকে শুধু সামরিক কর্মকর্তা, যারা এই মামলায় সাক্ষ্য দিয়েছেন, তাদের বর্ণনাগুলো ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। এই উপস্থাপনা থেকে দেখা যায়, জিয়াউল আহসান প্রায় ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন। সাক্ষীদের বর্ণনা অনুযায়ী, তিনি ১৫০ থেকে ২০০ জনকে বিভিন্ন সময়ে নির্বিচারে হত্যা করেছেন বলে মনে হয়েছে। এর মধ্যে প্রায় ১১৫ জনকে আমরা শনাক্ত করতে পেরেছি।’
চিফ প্রসিকিউটর আরও বলেন, প্রতিটি সাক্ষীর বর্ণনায় জিয়াউল আহসানের কর্মকাণ্ডের চিত্র উঠে এসেছে। বাংলাদেশের ইতিহাসে গুমের ঘটনায় এটি প্রথম মামলা, যার যুক্তিতর্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হচ্ছে।
মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ সামরিক কর্মকর্তাদের সাক্ষ্য তুলে ধরার কথা জানান আমিনুল ইসলাম। তিনি বলেন, সাক্ষীদের মধ্যে কয়েকজন জিয়াউল আহসানের সহযোগী ছিলেন। তাদের ‘অ্যাকমপ্লিস উইটনেস’ বা অপরাধের সহযোগী সাক্ষী হিসেবে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।
তার ভাষ্য, এসব ঘটনার অনেক কিছুই তাদের পক্ষে জানা সম্ভব ছিল। তাই তাদের সাক্ষ্য নেওয়া হয়েছে। ফৌজদারি বিচারব্যবস্থায় অপরাধের সহযোগীদের সাক্ষী করার বিধান রয়েছে। সেই বিধান অনুসরণ করেই কয়েকজন সামরিক কর্মকর্তাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়েছে।
যুক্তিতর্কে র্যাবের সাবেক কমান্ডার সোহায়েলের কর্মকাণ্ডের বিষয়েও অভিযোগ তোলেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, সোহায়েল তার অনুগত কয়েকজন সাংবাদিককে সঙ্গে নিয়ে বোটে করে চরদোয়ানি অথবা বিভিন্ন অভিযানের এলাকায় যেতেন। পরে ওই সাংবাদিকেরা তাদের ভাষ্য অনুযায়ী সংবাদ প্রচার করতেন। প্রকৃত ঘটনা গোপন রাখা হতো।
জিয়াউল আহসানের অবস্থান ও প্রভাব সম্পর্কে আমিনুল ইসলাম বলেন, তিনি নিয়ন্ত্রণের বাইরে ছিলেন। এমনকি সেনাপ্রধানও তাকে নিয়ন্ত্রণ করতে পারতেন না বলে সাক্ষীদের বর্ণনায় উঠে এসেছে।
চিফ প্রসিকিউটরের অভিযোগ, শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের আশ্রয়-প্রশ্রয়ে জিয়াউল এসব কর্মকাণ্ড চালিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলকে দমন-পীড়নের জন্য শেখ হাসিনার নির্দেশ ও চাহিদা অনুযায়ী তিনি অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
এদিকে, যুক্তিতর্ক শেষে এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে সাবেক সেনাপ্রধান ও তার সহযোগী সেনা কর্মকর্তারা সাক্ষ্য দিয়েছেন।
তিনি বলেন, ‘রাষ্ট্রের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করতে গিয়ে আমাদের এমন কিছু বিষয় তুলে ধরতে হচ্ছে, যার ফলে জনসমক্ষে সেনাবাহিনী ও এর সদস্যদের প্রতি মানুষের যে আস্থা ও সম্মান রয়েছে, তা দু-একজন ব্যক্তির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমাদের উদ্দেশ্য অপরাধের বিচার নিশ্চিত করা। এমন দৃশ্যমান বিচার প্রতিষ্ঠা করা, যাতে ভবিষ্যতে কেউ পদ-পদবি ব্যবহার করে এ ধরনের ঘৃণ্য অপরাধে জড়াতে না পারেন।’
আন্তর্জাতিক বিচারব্যবস্থার উদাহরণও তুলে ধরবেন জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, তার যুক্তিতর্কে শুধু বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থা নয়, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক ও দেশীয় ট্রাইব্যুনালগুলো কীভাবে বিচার পরিচালনা করেছে, তা তুলে ধরা হবে।



