মারা গেছেন অভিনেতা সোহেল খান

সোহেল খান
বাংলা নাটকের পরিচিত ও প্রিয় মুখ অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। শুটিংয়ে যাওয়ার ঠিক আগমুহূর্তে আকস্মিকভাবে মারা গেছেন তিনি।
অভিনেতা সোহেল খানের এই আকস্মিক প্রয়াণের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।
আজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসে সোহেল খানের মৃত্যুর খবর জানান শাহরিয়ার নাজিম জয়। পোস্টে তিনি লিখেছেন, ‘একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম নসিব। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠলো । রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’
শাহরিয়ার নাজিম জয়ের এই বর্ণনা থেকেই বোঝা যায়, বগুড়ার হোটেল মম ইন-এ ‘নসিব’ নামের একটি সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন সোহেল খান। সাদা শার্ট আর সাদা প্যান্টে সেজে শুটিংয়ে নামার ঠিক আগমুহূর্তে রুম থেকে বের হতে গিয়েই লুটিয়ে পড়েন তিনি।
তাৎক্ষণিকভাবে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘদিন ধরে ছোট পর্দা ও নাট্যাঙ্গনে নানা চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন সোহেল খান। বড় পর্দায় ও কাজ করেছেন তিনি। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং কাজের প্রতি নিষ্ঠার জন্য শুটিং পাড়ায় তার আলাদা পরিচিতি ছিল।
তার এই অকাল ও আকস্মিক মৃত্যুতে নাট্যাঙ্গনের সহকর্মী, কলাকুশলী ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।




