ফের পর্দায় স্টিভ রজার্স ও এক্স-মেন, উত্তাল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

সংগৃহীত ছবি
‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর ক্যাপ্টেন আমেরিকা অর্থাৎ স্টিভ রজার্স-এর গল্পে যুক্ত হলো নতুন নাটকীয় মোড়। সোমবার রাতে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র নতুন ট্রেলারে উঠে এসেছে তার পারিবারিক জীবনের এক অজানা অধ্যায়, মাল্টিভার্সের টাইম ট্র্যাভেল এবং সুপারহিরোদের মহাজোটের ইঙ্গিত।
ট্রেলারের শুরুতেই দেখা যায়, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ক্রেডিট দৃশ্যে স্টিভ রজার্স ও পেগি কার্টার-এর সংসার পাতার পর থেকেই গল্প এগিয়ে চলেছে।
সেখানে প্রকাশ্যে আসে, স্টিভ ও পেগির এক কিশোর পুত্রসন্তান রয়েছে, আর সেই ছেলেই এবার জানতে পারে যে তার বাবা আসলে ক্যাপ্টেন আমেরিকা।
গল্পের সবচেয়ে বড় চমক হলো, ফ্যান্টাস্টিক ফোর-এর সদস্যরা মাল্টিভার্সের কোনো ফাঁক দিয়ে টাইম ট্র্যাভেল করে অতীতে ফিরে যান এবং স্টিভ রজার্সকে মূল টাইমলাইনে ফিরিয়ে আনেন।
উদ্দেশ্য একটাই, ভয়ংকর খলনায়ক ডক্টর ডুম-এর বিরুদ্ধে অ্যাভেঞ্জার্সকে নেতৃত্ব দেওয়ার জন্য ক্যাপ্টেন আমেরিকাকে আবার যুদ্ধের ময়দানে নামানো।
ডক্টর ডুম ও তার সেন্টিনেল বাহিনীর বিরুদ্ধে অ্যাভেঞ্জার্স এবং এক্স-মেন-এর একজোট হওয়ার দৃশ্য ট্রেলারের অন্যতম প্রধান আকর্ষণ।
এক্স-মেনদের উদ্দেশে সাইক্লপস-এর মুখে শোনা যায় কমিকসের সেই চিরচেনা সংলাপ, ‘টু মি, মাই এক্স-মেন!’ এরপর নাইটক্রলারের টেলিপোর্টেশনের মধ্য দিয়ে লড়াইয়ে যোগ দেন গ্যাম্বিট, মিস্টিক ও বিস্ট।
তাদের সঙ্গে যুক্ত হন মিস্টার ফ্যান্টাস্টিক, শ্যাং-চি, থর এবং ইয়েলেনা বেলোভা।
‘ডুমসডে’-তে ডক্টর ডুমের ভূমিকায় ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র। এই চরিত্রটি অন্য কোনো মহাবিশ্বের টনি স্টার্ক বা আয়ারন ম্যানের ভ্যারিয়েন্ট কি না, তা নিয়ে দর্শক ও ভক্তদের মধ্যে জোর জল্পনা চলছে।
একের পর এক পরিচিত ও আলোচিত তারকাকে নিয়ে সাজানো হয়েছে এই সিনেমার কাস্টিং। ক্যাপ্টেন আমেরিকা হিসেবে ক্রিস ইভান্স, থর চরিত্রে ক্রিস হেমসওয়ার্থ, অ্যান্ট-ম্যান হিসেবে পল রাড, ব্ল্যাক প্যান্থার চরিত্রে লেটিশিয়া রাইট, উইন্টার সোলজার হিসেবে সেবাস্টিয়ান স্ট্যান, লোকি চরিত্রে টম হিডলস্টন এবং শ্যাং-চি হিসেবে সিমু লিউ।
অন্যদিকে ‘ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’-এর দল থেকে মিস্টার ফ্যান্টাস্টিক চরিত্রে পেদ্রো পাসক্যাল, ইনভিজিবল ওম্যান হিসেবে ভেনেসা কিরবি, হিউম্যান টর্চ চরিত্রে জোসেফ কুইন এবং দ্য থিং হিসেবে এবন মস-বাখরাচ।
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর পর ইয়েলেনা বেলোভা হিসেবে ফিরছেন ফ্লোরেন্স পিউ। সঙ্গে থাকছেন রেড গার্ডিয়ান চরিত্রে ডেভিড হারবার, সেন্ট্রি হিসেবে লুইস পুলম্যান, ইউএস এজেন্ট চরিত্রে ওয়াট রাসেল এবং ঘোস্ট হিসেবে হান্না জন-কামেন।
ফক্সের এক্স-মেন জগৎ থেকে প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে প্যাট্রিক স্টুয়ার্ট, ম্যাগনেটো হিসেবে ইয়ান ম্যাককেলেন, সাইক্লপস হিসেবে জেমস মার্সডেন, বিস্ট চরিত্রে কেলসি গ্রামার, মিস্টিক হিসেবে রেবেকা রোমেইন, নাইটক্রলার হিসেবে অ্যালান কামিং এবং গ্যাম্বিট চরিত্রে চানিং ট্যাটম।
এর আগে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’-এর পুনর্মুক্তিতে ‘ডুমসডে’-র সঙ্গে সংযোগ তৈরি করা চারটি নতুন দৃশ্য যুক্ত হয়েছিল।
মুক্তির প্রথম সপ্তাহেই ঘরোয়া বক্স অফিসে ২৬ মিলিয়ন ডলার এবং বিশ্বজুড়ে পুনর্মুক্তি থেকে আরও ১৪৩ মিলিয়ন ডলার আয়ের সাফল্যের পর ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ঘিরে মার্ভেল ও ডিজনির প্রত্যাশা এখন আকাশচুম্বী।
ডক্টর ডুমের এই মহাযুদ্ধে শেষ পর্যন্ত কারা টিকে থাকেন এবং স্টিভের নতুন পারিবারিক অধ্যায় মাল্টিভার্সে কী প্রভাব ফেলে, তা জানার অপেক্ষায় সিনেপ্রেমীরা।





