গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার
- নজরদারিতে পুলিশ-প্রশাসনের ৩০ কর্মকর্তা

সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে নতুন করে নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের ৩০ কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। তাণ্ডবে সম্পৃক্ততার অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে আটক করা হয়েছে। একই সঙ্গে নাশকতায় উসকানিদাতা ও অর্থের জোগানদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশের বিশ্বস্ত সূত্রের দাবি, গোপালগঞ্জের সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের ভৈরব কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে আটক করা হয়েছে। এর আগে তাঁকে এসআরবি-১১ ও সদর দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা করার পর পুলিশের কাছে হস্তান্তর করা হবে। শুধু এসআরবি নয়, গোপালগঞ্জ ও আশপাশের এলাকার বাসিন্দা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদেরও কঠোর নজরদারিতে রাখা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িকভাবে ঢাকা রেঞ্জে সংযুক্ত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা এবং যৌথবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ দেশের আট জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধেও কাজ করছেন বিজিবি সদস্যরা।
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, শরীরে বহনযোগ্য ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, গোপালগঞ্জে নাশকতা ঠেকাতে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি, পুলিশ, আনসার ও এসআরবিসহ যৌথবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। শীর্ষ কর্মকর্তারাও নিয়মিত পরিস্থিতি পরিদর্শন ও তদারকি করছেন।
সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ বিভিন্ন এলাকায় জড়ো হয়ে শক্তি প্রদর্শন ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পাশাপাশি বিভিন্ন গ্রামে গোষ্ঠীগত সংঘর্ষের ঘটনাও ঘটছে।
টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। থানা দুটি পুড়িয়ে দেওয়ার পর স্থানীয়দের অভিযোগ জানানো ও আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি তৈরি হয়েছে বলে জানা গেছে। এ সুযোগে এলাকায় চুরি, ডাকাতি ও লুটতরাজ বেড়েছে বলেও অভিযোগ উঠেছে।




