বিদেশে থেকেও দেশে হাত খুলে দান

উচ্চশিক্ষার জন্য এক শিক্ষার্থীকে ৫০ হাজার টাকা বৃত্তি দেন ডা. ওয়াদুদুজ্জামান ভূঁইয়া
দন্তচিকিৎসক মো. ওয়াদুদুজ্জামান ভূঁইয়া অর্ধশতাব্দী ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও নিজ এলাকা গাজীপুরের কালীগঞ্জ উপজেলার অসহায় সুবিধাবঞ্চিত মানুষের কথা মনে রেখেছেন, কাজ করছেন তাদের কল্যাণে। শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, চিকিৎসা সহায়তা ও নানামুখী মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মৈশাইর গ্রামে ১৯৫৪ সালে ওয়াদুদুজ্জামানের জন্ম। তার বাবা মৌলভী মো. আবেদ উল্লাহ ভূঁইয়া এবং মা রৈশান আরা বেগম। চিকিৎসাশাস্ত্রে ডিডিএস ডিগ্রি অর্জনের পর উচ্চশিক্ষার উদ্দেশ্যে ১৯৭৭ সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে উচ্চতর শিক্ষা নিয়ে নিউ ইয়র্কে দন্তচিকিৎসক হিসেবে প্রায় ৩৩ বছর পেশাগত দায়িত্ব পালন করেন। বর্তমানে অবসর জীবন কাটালেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে রয়েছেন সক্রিয়। নিজ উপজেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করতে ২০০৯ সালে প্রতিষ্ঠা করেন ‘ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প’। পরে এটি ট্রাস্ট করে দেন। ট্রাস্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
এই ট্রাস্টের মাধ্যমে প্রতি বছর এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের দেওয়া হয় বৃত্তি। পাশাপাশি চিকিৎসা, তথ্যপ্রযুক্তি ও সাংবাদিকতা বিষয়ে উচ্চশিক্ষার জন্যও দেওয়া হয় অর্থ সহায়তা। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, ভবন নির্মাণ, শিক্ষকদের বেতন এবং শিক্ষা উপকরণ সরবরাহেও সহায়তা দিচ্ছে এই ট্রাস্ট।
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নিশাত রহমান জানালেন, তিনি এই ট্রাস্ট থেকে দুই দফায় ১ লাখ টাকা পাওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে পেরেছেন। বৃত্তি প্রকল্পের ট্রাস্টি মো. মাশহুদুর রহমান সাজেদ জানিয়েছেন, ওয়াদুদুজ্জামান ভূঁইয়া শুরুতে ঢাকায় নিজের জমি বিক্রি করে ৫০ লাখ টাকা ট্রাস্টে জমা রাখেন। এ ছাড়া নিজের আয়ের একটি অংশ ট্রাস্টে দান করেছেন। বর্তমানে এই ট্রাস্টে সঞ্চিত অর্থের পরিমাণ ১ কোটি টাকার বেশি।
তিনি আরও জানালেন, এই ট্রাস্ট থেকে গত ১৭ বছরে আনুমানিক ১ হাজার ৫০০ মেধাবী শিক্ষার্থীকে প্রায় ৭২ লাখ টাকা বৃত্তি দেওয়া হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান দেওয়া হয়েছে আরও প্রায় ৭২ লাখ টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠনকে সহায়তা হিসেবে দেওয়া হয়েছে প্রায় ২৫ লাখ টাকা।
চলতি বছর এসএসসিতে উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ জন গোল্ডেন জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীকে ৩ লাখ ৩৮ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশ-বিদেশে অধ্যয়নরত মেডিকেল, তথ্যপ্রযুক্তি ও সাংবাদিকতা বিভাগের ছয় শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য ৩ লাখ এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আরও ৫ লাখ ৩৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘কালীগঞ্জ কল্যাণ সংস্থা’র প্রধান পৃষ্ঠপোষক ওয়াদুদুজ্জামান। সংস্থাটির মাধ্যমে কালীগঞ্জে অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা, কৃত্রিম অঙ্গ সংযোজন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।
বক্তারপুর ইউনিয়নের শিপন মিয়া সড়ক দুর্ঘটনায় এক পা হারিয়ে জীবিকার তাগিদে ফুটপাতে চায়ের দোকান চালাতেন। কালীগঞ্জ কল্যাণ সংস্থার সহযোগিতায় তার কৃত্রিম পা সংযোজন করা হয়। পরে এক পায়ে ফুটবল খেলার চর্চা শুরু করে জায়গা করে নেন জাতীয় অ্যামপিউটি ফুটবল দলে।
শিপন মিয়া বলছিলেন, ‘কালীগঞ্জ কল্যাণ সংস্থা শুধু আমাকে কৃত্রিম পা লাগিয়ে দেয়নি, আমাকে নতুন জীবন দিয়েছে।’
এ ছাড়া বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের উন্নয়নেও সহযোগিতা করে আসছেন ডা. ওয়াদুদুজ্জামান ভূঁইয়া।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম বললেন, মানুষের জীবনের সার্থকতা শুধু নিজের এগিয়ে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; অন্যদের এগিয়ে নেওয়ার মধ্যে এর প্রকৃত সার্থকতা রয়েছে। ওয়াদুদুজ্জামান ভূঁইয়া প্রবাসে প্রতিষ্ঠিত হলেও জন্মভূমির মানুষের কল্যাণে তার ধারাবাহিক উদ্যোগ প্রমাণ করে, মানুষের সঙ্গে শিকড়ের সম্পর্ক কখনো দূরত্ব দিয়ে মাপা যায় না।



