ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর
জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসান। ফাইল ছবি
শতাধিক গুম-খুনের আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মানবতাবিরোধী অপরাধের এই মামলায় আজ বুধবার যুক্তিতর্ক শুনানিতে তিনি বলেছেন, জিয়াউল আহসানকে এমন শাস্তি দেওয়া উচিৎ, যেন পৃথিবীতেই তিনি ‘পার্সোনা নন গ্রাটা (অবাঞ্ছিত)’ হয়ে যান।
১১৫ ব্যক্তিকে গুম ও খুনের অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন চলে।
আওয়ামী লীগ আমলে প্রভাবশালী সেনা কর্মকর্তা জিয়াউল আহসান র্যাব, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই সেনাবাহিনীর চাকরি হারান জিয়াউল। এরপর মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।
গুম-খুনের অভিযোগে তার বিরুদ্ধে মামলায় গত ৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত ১৯ নভেম্বর তা শেষ হওয়ার পর এখন যুক্তিতর্ক শুনানি চলছে।
শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আসামি জিয়াউল আহসানকে এক সময় সেনানিবাসে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছিলো জানিয়ে বলেন, ‘১১৫ জনকে হত্যার দায়ে জিয়াউলকে এমন শাস্তি দেওয়া উচিত, যেন তিনি পৃথিবী থেকেই “পার্সোনা নন গ্রাটা” হয়ে যান। এমন মানুষের দুনিয়াতে বাঁচার অধিকার নেই।’
এ মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া বলেছিলেন, জিয়াউলকে সেনানিবাস থেকে ‘পারসোনা নন-গ্রাটা’ ঘোষণা করা হয়েছিল, যেন তিনি সেনানিবাসে প্রবেশ করতে না পারেন।
আমিনুল ইসলাম বলেন, সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার ট্রাইব্যুনালে হওয়া ন্যায়সংগত কি না, এ বিষয়ে আজ ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে।
জিয়াউল র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপরারেশন্স) এবং গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে বিরোধী দলের অনেককে গুমে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, সাক্ষীদের জবানবন্দি থেকে জানা গেছে যে, প্রতিটি অভিযানে চার-পাঁচজন করে নিয়ে যাওয়া হতো। তবে সর্বোচ্চ ১১ জনকে নিয়ে যাওয়া হয়েছে এক অভিযানে। ট্রলারে করে তাদের বলেশ্বর নদীর দুর্গম এলাকায় নেওয়া হতো। সেখানে বিভিন্ন ধরনের ঘটনা সাজিয়ে তাদের হত্যা করা হতো।
‘এমনভাবে লাশ পানিতে ভাসিয়ে দেওয়া হতো যে সেসব উদ্ধারের সম্ভাবনা ছিল না। জলজ প্রাণীর কারণে কিছুদিনের মধ্যেই লাশ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে ১৬ জনের পরিচয় শনাক্ত করা গেছে।’
জিয়াউলের বিরুদ্ধে এই মামলায় আনা অভিযোগের মধ্যে রয়েছে— ২০১১ সালের ১১ জুলাই গাজীপুরের পুবাইলে তিনজনকে হত্যা, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা ও বলেশ্বর নদীর মোহনায় প্রায় ৫০ জনকে হত্যা এবং একই সময়ে সুন্দরবন ও বাগেরহাটের শরণখোলা এলাকায় বনদস্যু দমনের অভিযানের আড়ালে আরও প্রায় ৫০ জনকে হত্যা।
বিচার শুরুর পর রাষ্ট্রপক্ষে ১৫ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। তাদের জেরা শেষ হয় গত ১৯ নভেম্বর। যুক্তিতর্ক শুনানির পর এই মামলার রায় হবে।
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে জিয়াউলকে কারাগার থেকে ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে না। ভার্চুয়ালি অংশ নিচ্ছেন তিনি। যুক্তিত্ক শুনানি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি দেখানো হচ্ছে।



