পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও
- ইউএনওদের সঙ্গে ‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ’
- ১ ডিসেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হবে অনুষ্ঠান

গ্রাফিকস: আগামীর সময়
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে আগামী ১ ডিসেম্বর দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে দিনব্যাপী সম্মেলন করতে যাচ্ছে সরকার। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ’ শিরোনামে অনুষ্ঠেয় এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে সরাসরি কথা বলা বা ‘মুক্ত আলোচনা’র সুযোগ পাবেন ইউএনওরা। অনুষ্ঠানে দেশসেরা ২০ জনের হাতে ‘শ্রেষ্ঠ ইউএনও’র পুরস্কার তুলে দেবেন সরকারপ্রধান।
মাঠ প্রশাসনের এসব কর্মকর্তাকে ফ্যামিলি কার্ড, ইমাম ভাতা, কৃষক কার্ডসহ ক্ষমতাসীন দলের নির্বাচনী প্রতিশ্রুতি ও সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে নির্ভয়ে কাজ করাসহ প্রয়োজনীয় নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। মাঠ প্রশাসনকে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে এ উদ্যোগ নিয়েছে সরকার। খবর সংশ্লিষ্ট সূত্রের।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র বলছে, ১ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান উদ্বোধন করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি। অনুষ্ঠানে দেশের ৫০২ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংশ নেবেন। সম্মেলনে ফ্যামিলি কার্ড, ইমাম ভাতা, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণসহ সরকারের অগ্রাধিকার প্রকল্পসংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর জন্য আলাদা কর্ম অধিবেশন হবে। এজন্য স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন, কৃষি, স্বরাষ্ট্র, বন, পরিবেশ ও জলবায়ু, ভূমি, পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্বাস্থ্যসেবা বিভাগ, সমাজকল্যাণ এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ও সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। তারা নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম ও উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন কর্মসূচি সম্পর্কে ইউএনওদের সরাসরি নির্দেশনা দেবেন।
সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব কর্ম অধিবেশনে উপজেলা পর্যায়ে সরকারের বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়গুলোয় গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ স্থানীয় প্রশাসনের নানা বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।
একই সঙ্গে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত, উন্নয়ন অগ্রাধিকার এবং জনসেবা নিশ্চিত করার বিষয়ে ইউএনওদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টরা। বিশেষ করে উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকারি উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন এবং নাগরিক সেবার মান বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। প্রতি জেলা থেকে একটি করে গাড়িতে করে সংশ্লিষ্ট জেলার ইউএনওরা ঢাকায় আসবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) খোরশেদ আলম খান নিজ দপ্তরে আগামীর সময়কে বলেছেন, ‘অনুষ্ঠানে সারা দেশের ২০ জন ইউএনওকে পুরস্কৃত করা হবে। প্রধানমন্ত্রী তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেবেন। ঢাকা বিভাগ থেকে ৪, চট্টগ্রাম বিভাগ থেকে ৪ এবং বাকি ছয় বিভাগ থেকে ২ জন করে ২০ জনকে পুরস্কৃত করা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় প্রতি বিভাগ থেকে দুজন ইউএনও নানা বিষয়ে প্রশ্ন করা বা বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সেশন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাগত বক্তব্য দেবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। সেখানে মাঠ প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে ভিডিও প্রদর্শন করা হবে। পাশাপাশি সারা দিনের কর্ম অধিবেশনগুলোর সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হবে। মুক্ত আলোচনা শেষে শ্রেষ্ঠ ইউএনওদের পুরস্কার দেওয়ার পর দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। রাতের খাবার পর শেষ হবে অনুষ্ঠান।’
প্রশাসন বিেশষজ্ঞরা এমন সম্মেলেন করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের ভাষ্য, এর ফলে সরকারপ্রধানের সঙ্গে ইউএনওদের সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় তাদের যেসব সমস্যা ও সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়, সেগুলো সরাসরি সরকারের কাছে তুলে ধরতে পারবেন। অন্যদিকে প্রধানমন্ত্রীও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সরকারের অগ্রাধিকার ও প্রত্যাশার বিষয়ে সরাসরি বার্তা দিতে পারবেন।
অতিরিক্ত সচিব মো. ফিরোজ মিয়া আগামীর সময়কে বললেন, ‘এরশাদ সরকারের আমলেও দুবার ইউএনও সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সে সময় প্রায় ৪৬০ জন ইউএনওকে নিয়ে চারটি বিভাগে এই আয়োজন করা হয়। এত বছর পর সেই সম্মেলন করা হলে খারাপ হবে না। জনগণের সেবা পাওয়া, জনহয়রানি বন্ধ করার বিষয়ে সরকারপ্রধান নির্দেশনা দিতে পারবেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর কাছে মাঠ প্রশাসনের নানা সীমাবদ্ধতা; গাড়ি ও স্টাফ সংকটসহ নানা ধরনের দাবি তুলে ধরতে পারেন ইউএনওরা।’



