শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

শেখ হাসিনা ও রণধীর জয়সওয়াল।
শেখ হাসিনা নিজে ফিরতে চাইছেন দেশে। বিপরীতে বাংলাদেশ সরকার চাইছে, দণ্ডিত আসামি হিসেবে তাকে আটক করে হস্তান্তর করুক ভারত। এনিয়ে নানা আলোচনার মধ্যে এল নয়া দিল্লির বক্তব্য।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বরাতে রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং ঢাকার প্রত্যর্পণের অনুরোধ দুটি আলাদা বিষয় হিসেবে বিবেচনা করছে ভারত।
২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর থেকে তিনি সেখানেই রয়েছেন তিনি। এরমধ্যে জুলাই অভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে দেশে।
দুই বছর পর শেখ হাসিনা সম্প্রতি ঘোষণা দেন, আগামী ডিসেম্বরে দেশে ফিরতে চান তিনি। পাসপোর্ট চেয়ে তার আবেদন করার খবর দেওয়ার পর রয়টার্স দুদিন আগেই জানায়, শেখ হাসিনা ১৬ ডিসেম্বর ফিরতে চান দেশে, তিনি চান বাংলাদেশ সরকার তার জন্য রাষ্ট্রীয় বিমান পাঠাক।
এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, এভাবে শেখ হাসিনার ফেরার কোনো সুযোগ নেই। দণ্ডিত আসামি হিসেবে তাকে আসতে হবে বন্দি হয়ে, ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায়।
শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে কয়েক দফায় চিঠি দেওয়া হয় ভারত সরকারকে। কিন্তু নয়া দিল্লি বরাবরই তা এড়িয়ে যাচ্ছে।
আজ নয়া দিল্লিতে সংবাদ সম্মেলনে আসার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়ালকে সে বিষয় প্রশ্ন রাখেন সাংবাদিকরা। জবাবে তিনি আগের মতোই বলেন, ঢাকার করা প্রত্যর্পণের অনুরোধ প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখছে নয়া দিল্লি।
আরেক প্রশ্নের জবাবে জয়সওয়াল বললেন, ‘কোনো নাগরিক ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে, সেটি প্রত্যর্পণের অনুরোধ থেকে সম্পূর্ণ পৃথক বিষয়।’
ভিন্ন বিষয় বললেও এনিয়ে বিস্তারিত
আর কিছু বলতে চাননি তিনি।
এর আগে বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শেখ হাসিনাকে ফেরাত পাঠানোর ক্ষেত্রে দুটি শর্ত দিয়েছে নয়া দিল্রি।
তার একটি হচ্ছে, শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে ভারতে গিয়েছেন, তাকে ফেরত নিতে সেনাবাহিনীকেই বিমান পাঠাতে হবে। অন্যটি হচ্ছে, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনাকে আপিলের সুযোগ দিতে হবে এবং তার ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করতে হবে।
নয়া দিল্লির পক্ষ থেকে এমন কোনো শর্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে গতকালই জানিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি সেই সঙ্গে বলেছিলেন, শেখ হাসিনার জন্য সরকারের পক্ষ থেকে বিমান পাঠানোর কোনো পরিকল্পনা নেই।
অন্যদিকে যে আইনে শেখ হাসিনা যে আইনে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন, সেই আইন অনুসারে রায়ের পর ৩০ দিন অতিক্রান্ত হওয়ায় তার আপিলের সুযোগ আর নেই বলে জানাচ্ছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলছেন, দেশে ফিরলে শেখ হাসিনার সাজার রায় কার্যকরের বিকল্প নেই।
শেখ হাসিনার ফিরতে চাওয়া নিয়ে
আলোচনার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকারের অবস্থান স্পষ্ট করে আজ সাংবাদিকদের
বলেছেন, ‘পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি
কীভাবে ফিরতে চান, তা আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে দেখা গেছে। তবে তাকে প্রত্যর্পণ
চুক্তি অনুসারেই দেশে ফিরতে হবে।’





