মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

সংগৃহীত ছবি
মিশরের রাজধানী কায়রোর উপকণ্ঠে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আগুনে ব্যক্তিগত গাড়ি, মিনিবাস ও ট্যাক্সিসহ অন্তত ২১টি যানবাহন পুড়ে গেছে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর উপকণ্ঠে গিজা প্রদেশের আল-ওয়াররাক এলাকায় রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পেট্রোলিয়ামজাত পণ্যবাহী ট্যাংকারটিতে আগুন লাগার পর তা দ্রুত আশপাশের যানবাহনে ছড়িয়ে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।
মিশরীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইমবাবা এলাকার ওয়াররাক মহল্লায় টেনথ টানেলের ওপরের অংশে আগুন লাগার খবর পেয়ে গিজা প্রদেশের জরুরি নিয়ন্ত্রণকক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে। খবর পেয়ে সিভিল প্রোটেকশন বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ট্যাংকারে দাহ্য পেট্রোলিয়ামজাত পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে আশপাশের অন্যান্য যানবাহনে আগুন ছড়িয়ে পড়া ঠেকান।
দুর্ঘটনার পর মিশরের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার আশপাশের হাসপাতালগুলোকে জরুরি চিকিৎসাসেবা দেওয়ার প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দেন। উদ্ধারকাজ এবং আহতদের হাসপাতালে নিতে কয়েক ডজন অ্যাম্বুলেন্স অংশ নেয়। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রেখেছে।
অগ্নিকাণ্ডের কারণে রিং রোডের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানজট কমাতে দুর্ঘটনাকবলিত সড়ক বন্ধ করে বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করে ট্রাফিক বিভাগ।
এ ঘটনায় মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। অন্যদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে জরুরি তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি।




