ভারতীয় দলকে ‘অহংকারী’ বললেন মোহাম্মদ ইউসুফ

নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও এসিসি সভাপতি মোহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ করেনি ভারত। এই ঘটনায় দুই দেশের ক্রিকেটাঙ্গনেই চলছে বিতর্ক। তারই ধারাবাহিকতায় এবার সরব হলেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ। তিনি ভারতকে ‘অহংকারী’ বলে পিসিবি প্রধান মহসিন নাকভিকে সমর্থন দিয়েছেন।
রবিবার দুবাইয়ে অনুষ্ঠিত নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো শিরোপা ঘরে তোলে হারমানপ্রীত কৌরের দল। তবে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা ট্রফি গ্রহণ করেননি। ম্যাচের আগেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভিকে ভারত জানিয়ে দিয়েছিল, তারা একজন পাকিস্তানের হাত থেকে ট্রফি গ্রহণ করবে না। পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রায় ৪৫ থেকে ৫০ মিনিট দেরিতে শুরু হয়। শেষ পর্যন্ত রানার্সআপ দল হিসেবে শ্রীলঙ্কা নিজেদের পদক ও প্রাইজমানি গ্রহণ করলেও ট্রফি প্রদান ছাড়াই অনুষ্ঠান শেষ হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ট্রফি ছিল না। মহসিন নাকভিকে সমর্থন জানিয়ে এক্স-এ মোহাম্মদ ইউসুফ লিখেছেন, ‘যখন জাতীয় অহংকার দাম্ভিকতায় রূপ নেয়, তখন বিজয় কোনো পুরষ্কার বয়ে আনে না। একটি দল জিততে পারে, কিন্তু বিনয়হীন একটি জাতি শুধু হেরেই যায়।’
গত বছর পুরুষদের এশিয়া কাপের ফাইনালেও একই ধরনের ঘটনা ঘটেছিল। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল ভারতীয় পুরুষ দল। এবারের নারী টুর্নামেন্টেও তার ব্যতিক্রম হয়নি। এ প্রসঙ্গে বিসিসিআই জানিয়েছে, তারা আগেই সিদ্ধান্ত নিয়েছিল নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করা হবে না।




